সমঝোতার পথ দুই দলকেই বের করতে হবে
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল সরকার ও বিরোধী দলের উদ্দেশে বলেছেন, আওয়ামী লীগ-বিএনপি দুই দলই নির্বাচন চায়। তাঁরা নির্বাচনকে ক্ষমতার সিঁড়ি হিসেবে দেখে। তাই জনগণকে অনিশ্চয়তার মধ্যে না রেখে তাঁদের উচিত সমঝোতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানের পথ বের করা।আজ শুক্রবার সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল এসব কথা বলেন। শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনটি উদ্বোধন করেন পৌর মেয়র আয়ূব বখত জগলুল। সংগঠনের জেলা আহ্বায়ক নৃপেশ তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, সাংগঠনিক সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার, আন্তর্জাতিক রাধারমণ পরিষদের আহ্বায়ক ডি চৌধুরী অসিত, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনিমোহন দাস, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক পীর ফজলুর রহমান মিসবাহ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, পৌর কাউন্সিলার মনীষ কান্তি দে মিন্টু প্রমুখ।