সমঝোতার মনোভাব নিয়ে কাজ করতে হবে দুই দলকেই
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু হয়েছিল একটা রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে। ওই পদ্ধতি সেই সংকটের অবসান ঘটাতে কার্যকর হয়েছিল।এখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি রাখা না-রাখা নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে, তারও নিরসন করতে হবে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে। দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যেই এই সমঝোতার মনোভাব থাকতে হবে। সেই মনোভাব নিয়ে দুই দলকেই কাজ করতে হবে।রাজনৈতিক সমঝোতার মাধ্যমে যেকোনো রাজনৈতিক সমস্যার সমাধান করা যে সম্ভব, সেটা আমরা অতীতে অনেকবার দেখেছি। কিন্তু দেশের রাজনৈতিক সংস্কৃতিতে সেই সমঝোতার মনোভাব স্থায়ী হচ্ছে না। কিন্তু এই রাজনৈতিক সংস্কৃতি গণতন্ত্রের জন্য অপরিহার্য।সুপ্রিম কোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে অবৈধ ঘোষণা করা হলেও সেখানে এমন ইঙ্গিত আছে যে এখনো এ ব্যবস্থা বাতিল করে দেওয়ার মতো পরিস্থিতি দেশে সৃষ্টি হয়নি। এ বিষয়টি দুই প্রধান দলকেই বিবেচনায় নিয়ে যা করার করতে হবে।রাজনীতিতে সমঝোতার কোনো বিকল্প নেই। বিশেষ করে, গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে হলে রাজনৈতিক সংস্কৃতি অবশ্যই সমঝোতামূলক হতে হবে। কাজেই সংকট যে বিষয় নিয়েই হোক, দুই দলকে তা নিয়ে আলোচনায় বসতে হবে। জাতীয় সংসদে, সংসদের বাইরে সর্বত্র আলোচনার সুযোগ আছে। আলোচনা ও সমঝোতা ছাড়া কোনো সংকট নিরসন সম্ভব হবে না। বরং তা উত্তরোত্তর প্রকট হবে এবং বারবার সংকটময় পরিস্থিতি ফিরে আসবে, যা দেশের আগ্রযাত্রায় সহায়ক হবে না।অধ্যাপক মোজাফ্ফর আহমদ: সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি