সমঝোতায় বিরোধ নিষ্পত্তি হলে মামলাজট কমবে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, মধ্যস্থতা ও সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলে আদালতে মামলাজট কমে যাবে। একই সঙ্গে বিরোধী পক্ষগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।আজ শনিবার রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সম্মেলন কক্ষে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) আয়োজিত ‘সালিসে আদালতের ভূমিকা: সহায়তা নাকি অন্তরায়’ শীর্ষক এক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।শফিক আহমেদ বলেন, ব্রিটিশ কমন ল’ ব্যবস্থার মাধ্যমে প্রাপ্ত এ দেশের প্রচলিত বিচারব্যবস্থায় মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা ঘটছে। মামলার সংখ্যা বাড়ার কারণেই বর্তমান পরিস্থিতিতে প্রচলিত বিচারব্যবস্থায় জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব নয়। বিচারব্যবস্থার ওপর জনগণের আস্থা বাড়াতে প্রচলিত বিচারব্যবস্থা সংস্কার করা প্রয়োজন।বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান, সৈয়দ জে আর মোদাচ্ছের হোসেন ও তাফাজ্জাল ইসলাম, আইন কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আবদুর রশিদ, সাবেক বিচারপতি আওলাদ আলী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফ, সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল হক, আইনজীবী এম জহির প্রমুখ আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আজমালুল হোসেন কিউসি। বাসস।