সমতলের পথে মুহিত
সমতলের পথে এভারেস্টবিজয়ী দ্বিতীয় বাংলাদেশি এম এ মুহিত। শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল সোমবার তিনি নিরাপদে অ্যাডভান্স বেইস ক্যাম্পে পৌঁছেছেন। পুরোপুরি নেমে আসতে তাঁর আরও কয়েক দিন লাগবে।মুহিত বাংলা মাউন্টেনিয়ারিং ট্র্যাকিং ক্লাবের (বিএমটিসি) সদস্য। বিএমটিসির সভাপতি ইনাম আল হক গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি সোমবার সারা দিন মুহিতের ফোনের অপেক্ষা করেছি। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ও আমাকে ফোন করেছে। এখন ওরা আডভ্যান্স ক্যাম্পে আছে। কাল (আজ) তিংরি নেমে আসবে। এরপর নামবে ঝম্মু। সেখানে বোধ হয় দুই দিন থাকতে হবে। সেখান থেকে কাঠমান্ডু আসতে ২৭ তারিখ হয়ে যাবে।’মুহিতের এভারেস্ট-বিজয়ের খবরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ অভিনন্দন জানিয়েছে। জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল হক এক বিবৃতিতে বলেন, দ্বিতীয়বারের মতো একজন বাংলাদেশির পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট-বিজয়ের খবরে প্রত্যেক বাংলাদেশি আনন্দিত ও গর্বিত। এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি ও ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান এক বিবৃতিতে বলেছেন, ‘শৈশব থেকে আমার চেনা মুহিত একজন অকুতোভয় যোদ্ধা। এভারেস্ট জয় করা ছিল তার আজন্ম লালিত স্বপ্ন। অসীম মনোবল থেকেই সে এভারেস্ট জয় করেছে। আমি তাকে অভিনন্দন জানাই।’ মুহিত ও নেপালি নাগরিক প্রেমবা শেরপা গত শনিবার এভারেস্টের চূড়ায় ওঠেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় নেপাল দূতাবাস বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।গত বছরের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম।