সমতাভিত্তিক বাংলাদেশের রূপকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অধিকতর সমতাভিত্তিক ও ন্যায্য সমাজ গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আমি লিখছি, কথা বলছি বহু বছর ধরে। সেই সমাজ আমাদের রাষ্ট্রের স্থপতির স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে আরও সংগতিপূর্ণ। যদিও স্বাধীনতার পর অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষার বিস্তার, স্বাস্থ্যসূচকের কিছু অগ্রগতি, আর এমনকি দারিদ্র্যও কিছু মাত্রায় কমার ক্ষেত্রে বিলক্ষণ উন্নতি ঘটেছে, তবে বাংলাদেশের সমাজ যে আরও অসম হয়ে উঠেছে, সে ব্যাপারে কোনো বিতর্ক নেই। আমরা দুই অর্থনীতির মধ্যে বন্দী ছিলাম, এখন সেখান থেকে বেরিয়ে দুটি বিভক্ত সমাজের কাছে বন্দী হয়ে পড়েছি: একদিকে বিশেষ সুবিধাভোগী অভিজাতেরা, অন্যদিকে বাদ পড়া সিংহভাগ জনগণ।আমি ছাড়াও রাজনৈতিক ও সিভিল সমাজ থেকে শুরু করে শিক্ষায়তনিক সমাজের অনেকে বাংলাদেশে সামাজিক বৈষম্যের বিস্তৃতির কথা তুলে ধরেছেন। তবে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় এবং যে বাজারি আধিপত্যের অর্থনৈতিক দর্শন বাংলাদেশের সরকারগুলোর নীতি নির্দেশ করছে, তার ফলে সৃষ্ট এসব বৈষম্যকে চ্যালেঞ্জ করার মতো সুস্পষ্ট অ্যাজেন্ডা হাজির করেছেন তাঁদের কম জনই। দারিদ্র্য সমস্যা মোকাবিলার বেশির ভাগ প্রচেষ্টা, তা সে বাংলাদেশেই হোক কিংবা দক্ষিণ এশিয়াজুড়ে, বাজেট বরাদ্দ বাড়ানোতে সচেষ্ট ছিল, যা হয়তো নানাবিধ সামাজিক নিরাপত্তা জাল কর্মসূচির ব্যয় বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য হ্রাসে সহায়ক হতে পারে। এমন সব নীতি প্রশংসার দাবিদার। অধিকতর কার্যকরী নীতির অনুপস্থিতিতে এমনকি এদের আরও বিস্তার ঘটানো যেতে পারে। কিন্তু সামাজিক নিরাপত্তা জাল মূলত দারিদ্র্যের লক্ষণ, যেমন—ক্ষুধা, দুস্থতা, কর্মহীনতা, নিম্নমানের শিক্ষা, দুর্বল স্বাস্থ্যসেবা—লাঘব করতে কাজ করে; সমাজের নানা অবিচারের ভেতর থেকে যে দারিদ্র্যের জন্ম, সেটাকে স্পর্শ করে না।সম্প্রতি প্রকাশিত আমার একটি রচনা চ্যালেঞ্জিং দি ইনজাস্টিস অব পোভার্টি: অ্যাজেন্ডাস ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সাউথ এশিয়ায় আমি দারিদ্র্য ও অবিচারের যে কতগুলো উৎস শনাক্ত করেছি সেগুলো হলো:উৎপাদনশীল সম্পদে অসম অধিকারবাজারে অসম অংশগ্রহণশিক্ষা ও স্বাস্থ্যসেবার অসম অধিকারঅন্যায্য শাসনদক্ষিণ এশিয়ার সিংহভাগ মানুষকে তাদের পূর্ণ সম্ভাবনা বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক—এসব অবিচারকে চ্যালেঞ্জ করতে নিকট ভবিষ্যতে কী করা যেতে পারে, সে ব্যাপারে আমার সুনির্দিষ্ট সুপারিশ আমি বইটিতে তুলে ধরেছি। আমার প্রস্তাবিত সুপারিশমালার বিস্তারিত আলোচনায় না গিয়ে এখানে আমি সংক্ষেপে তুলে ধরব বাংলাদেশকে অধিকতর ন্যায্য সমাজ হিসেবে গড়ে তোলার স্বপ্নটা, যা হয়তো সফল হবে—যদি আমার প্রস্তাবিত কিছু পদক্ষেপ বাস্তবায়ন করা হয়। সেসব বাস্তবায়নের কোনো সময়সীমার কথা আমি বলছি না, তবে অনুভব করি, বাংলাদেশের কোনো গণতান্ত্রিক সরকার, যার অধিকতর ন্যায্য ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার সত্যিকারের অঙ্গীকার আছে, তা ২০২১ সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী নাগাদ বাদ পড়া সিংহভাগ মানুষের জন্য, ক্ষমতাবঞ্চিত মানুষের জন্য, ‘দুঃখী মানুষের’ জন্য একটা ‘দিনবদল’ ঘটাতে পারবে।ক্ষুদ্র কৃষকের ক্ষমতায়নআমাদের গ্রামীণ সমাজে এখনো ৭০ শতাংশ মানুষের বাস। আমি চাই, যাঁরা যে জমি চাষ করেন, তাঁদেরই সেই জমির মালিক কিংবা স্থায়ী বর্গাদার বানানো হবে। দু-তিন একর জমি চাষ করে এসব ক্ষুদ্র কৃষকই অনেকাংশে তাঁদের কঠোর পরিশ্রমের সামর্থ্য, সেচভিত্তিক কৃষি এবং নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহ আর সার ও উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের খাদ্যশস্য উৎপাদন তিন গুণ করেছে।আমাদের কৃষকদের উৎপাদনক্ষমতা বৃদ্ধির ফলে বাংলাদেশ যে বৈদেশিক মুদ্রা বাঁচাতে পেরেছে, তা এ দেশে বৈদেশিক সাহায্য কিংবা বেসরকারি বৈদেশিক বিনিয়োগের অভ্যন্তরীণ প্রবাহকে ছাপিয়ে যায় বিপুল পরিমাণে। কৃষিতে সরকারি ব্যয় কমতে থাকা এবং ভর্তুকি প্রচণ্ড পরিমাণে হ্রাস করার পরও এসব অর্জন সম্ভব হয়েছে। এই তো গত কয়েক বছরে এই অবিচারের প্রতিবিধান করতে কিছু চেষ্টা করা হয়েছে ভর্তুকি বৃদ্ধি এবং বর্গাচাষিসহ আমাদের কৃষকদের বেশি করে ঋণ-সহায়তা প্রদানের মাধ্যমে। তবু এই সহায়তা তাঁদের চাহিদার তুলনায় অনেক অপ্রতুল।কৃষক যে জমি চাষ করেন, সেই জমির মালিকানা তাঁর পাওয়ার সুযোগ করে দেওয়ায় শুধু যথেষ্ট হবে না। গ্রামের লাখ লাখ ভূমিহীন পরিবারের ভূমি-আকাঙ্ক্ষা পূরণের মতো পর্যাপ্ত ভূমি নেই। ভূমিহীন পরিবারগুলোর মধ্যে যারা খাসজমি পাওয়ার যোগ্য, তাদের অনেককে ৩০-৪০ লাখ একর খাসজমির মালিকানা বণ্টন করে দেওয়া যেতে পারে। এমন প্রক্রিয়া সরকার কালই শুরু করতে পারে, যদি তারা সত্যিই বঞ্চিত মানুষের সেবা করতে চায়। সে জন্য শুধু প্রয়োজন বঙ্গবন্ধুর শাসনামলে প্রণীত আইনের বাস্তবায়ন, যেটিতে ভূমিহীনদের মধ্যে সব খাসজমি বিতরণের কথা ঘোষণা করা হয়েছে। বিধিবদ্ধ আইনের বইয়ে এই আইন এখনো আছে, তবে বাস্তবায়ন নেই বললেই চলে। ফলে এসব খাসজমির বেশির ভাগই অবৈধভাবে আত্মসাৎ করেছেন সম্পদশালী ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা।আমাদের কর্মোদ্যমী কৃষকদের বৃহৎ কৃষকের বৈশিষ্ট্যাবলি অর্জনের ব্যবস্থা করা দরকার। আরও দরকার তাঁদের উৎপাদিত পণ্যের বাজারজাত ও প্রক্রিয়াজাতকরণের সময় যে মূল্য সংযোজিত হয়, সেটার ভাগ পাওয়ার সুযোগ দেওয়া। স্বপ্ন দেখি, ক্ষুদ্র কৃষকেরা সমবায়ে এসে যূথবদ্ধ হবে; সমবায়গুলো যৌথভাবে কিনবে তাদের খামারের উপকরণ, নিজস্ব সেচ কিংবা যন্ত্রচালিত লাঙলের মতো খামারের দরকারি যন্ত্রপাতি; যৌথভাবে সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করবে তাদের উৎপাদিত শস্য, যাতে বাজারে তাদের ভালো মূল্য পাওয়া নিশ্চিত হয়। এমন সমবায়, এমনকি কোনো কোম্পানির একচেটিয়া মালিকানা থাকবে এক দল ক্ষুদ্র কৃষকের হাতে; অভিজাতেরা দখল করে নেওয়ার কোনো সুযোগই সেখানে পাবে না, যেমন হয়েছিল অতীতে দক্ষিণ এশিয়ার কিছু সমবায়ে, যাতে করে সমবায় সম্পর্কে অনেকের নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছিল।বর্তমানে খাদ্য অধিদপ্তর কর্তৃক সরকারি ন্যূনতম সহায়তা মূল্যে ধান-চাল সচরাচর রাইস মিল ও ব্যবসায়ীদের কাছ থেকে কেনা হয়, উৎপাদনকারী কৃষকদের কাছ থেকে নয়। রাইস মিলগুলো স্বয়ংক্রিয় ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে এবং এদের কর্মক্ষমতা বেড়েছে বিপুল পরিমাণে; এখানে বিনিয়োগ এখন কেবল অত্যন্ত সম্পদশালী ব্যবসায়ীই করতে পারেন। খাদ্যশস্যের বাজারে এমন সব বৃহৎ রাইস মিলের একচেটিয়া না হতে দেওয়ার জন্য আমি এমন এক কর্মকৌশলের স্বপ্ন দেখি, যার মাধ্যমে ক্ষুদ্র কৃষকদের সমবায়গুলোকে তহবিল সরবরাহ করা হবে, যাতে তারা রাইস মিলের ভাগীদার হতে পারে এবং অবশেষে তারা যাতে রাইস মিল, হিমাগার, কৃষিদ্রব্য প্রক্রিয়াজাত কোম্পানি এবং দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনপ্রতিষ্ঠানের মালিক হতে পারে। এভাবে ক্ষুদ্র কৃষক উৎপাদিত পণ্যের ওপর তার মুনাফার ভাগ বাড়াতে সক্ষম হবে, যার সিংহভাগই এখন স্বাভাবিকভাবেই শুষে নিচ্ছে মধ্যস্বত্বভোগী ও আধুনিক কৃষি-শিল্প খাত।শ্রমিককে মালিক করে তোলাআমার স্বপ্নের বাংলাদেশে গ্রামাঞ্চল শুধুই কৃষি উন্নয়নের ক্ষেত্র হবে না, বরং ‘দিনবদলের’ নতুন শিল্প কেন্দ্রস্থল হিসেবে আবির্ভূত হবে। গ্রামাঞ্চলে গৃহস্থালি ও ক্ষুদ্র প্রতিষ্ঠানের বিকাশ ঘটবে কেবল বর্ধিত ঋণপ্রবাহের মাধ্যমেই নয়, বরং সামষ্টিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টির মাধ্যমে। ফলে গ্রামীণ জনগোষ্ঠী তাদের প্রযুক্তি হালনাগাদ করতে পারবে এবং বাজারের ওপরতলায় ঢুকতে সক্ষম হবে। এমন একগুচ্ছ ক্ষুদ্র প্রতিষ্ঠানকে সমবায়, এমনকি করপোরেট সংস্থা হিসেবে গড়ে তোলা যেতে পারে, যেগুলো আবার ইকুইটি অংশীদার হতে পারে বৃহৎ করপোরেট ব্যবসায় প্রতিষ্ঠানের যারা রপ্তানির উদ্দেশ্যে জুতা কিংবা তৈরি পোশাক উৎপাদন করে। করপোরেটগুলো এসব সমবায়ের কাছে চুক্তিভিত্তিক উৎপাদনী কাজ দেবে, তাদের প্রযুক্তি হালনাগাদ করতে সহায়তা করবে এবং মান নিয়ন্ত্রণ তদারক করবে। এই ব্যবস্থায় গ্রামীণ উৎপাদন খাত আধুনিক খাতের পুরোদস্তুর অংশীদারে পরিণত হবে; জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে তাদের উৎপাদিত পণ্য সরবরাহ করবে।আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশে বহু তৈরি পোশাকপ্রতিষ্ঠান গ্রামাঞ্চলে স্থানান্তরিত করা যাবে। যেসব কারখানায় গ্রামের বাড়িতে থেকেই নারীকর্মীরা কাজ করতে পারবেন। এমন শিল্পব্যবস্থা সম্ভব হবে, যখন আমরা আমাদের গ্রামগুলোকে শহুরে কেন্দ্রগুলোর সঙ্গে বছরজুড়েই সড়কপথে যুক্ত করব, সব গ্রাম বিদ্যুতায়িত করব এবং সর্বত্র তথ্যপ্রযুক্তির আওতায় নিয়ে আসব। উৎপাদনব্যবস্থার এমন পুনর্বিন্যাস করতে নতুন ব্যবসা ও ব্যবস্থাপনা অনুশীলনের চর্চা হওয়া দরকার। গ্রামভিত্তিক কারখানাশ্রমিকদের কাছ থেকে সেরা কাজ, উন্নত উৎপাদনশীলতা ও গুণগত মান পেতে হলে তাঁরা যেসব তৈরি পোশাকপ্রতিষ্ঠানে কাজ করবেন, তাঁদের সেগুলোর অংশীদার করা দরকার। এই সম্ভাবনার আরও বিকাশ ঘটানো যেতে পারে পুরো গ্রামসমাজকে তাদের গ্রামে অবস্থিত কোনো রপ্তানিমুখী আধুনিক তৈরি পোশাকপ্রতিষ্ঠানের অংশীদার বানাতে পারলে, আর এভাবে প্রতিষ্ঠানটির মুনাফাসক্ষমতার অংশীদার বানাতে পারলে। আমার স্বপ্নের সেই দুনিয়ায় বাংলাদেশের বেশির ভাগ গ্রাম, তা সে কৃষক, কারখানাশ্রমিক কিংবা গ্রামসমাজ—যার মাধ্যমেই হোক, কেবল উপার্জন ও পারিবারিক ভোগের সুযোগ বৃদ্ধিই ঘটাবে না, বরং গ্রামগুলো বিশ্বায়ন-প্রক্রিয়ার শিকারে পরিণত না হয়ে গড়ে উঠবে ক্ষমতায়িত অংশীদার।অর্থনীতির প্রবৃদ্ধি খাতের, যেমন তৈরি পোশাকশিল্পের, সবচেয়ে গুরুত্বপূর্ণ শরিক তাদের শ্রমশক্তি, যাঁরা প্রধানত নারী, তাঁরা নিম্ন মজুরির সঙ্গে কঠোর ও দক্ষ কাজ মিলিয়ে তৈরি পোশাক খাতকে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে এসেছেন। পোশাকশ্রমিকদের তৈরি করা উদ্বৃত্ত মূল্য থেকে প্রাপ্ত মুনাফাই পোশাক কারখানামালিকদের প্রথম দুনিয়ার কেতাদুরস্ত জীবনযাপনের সুযোগ করে দিচ্ছে। অথচ যেসব নারী এই উদ্বৃত্ত মূল্য তৈরি করলেন, তাঁদের বাস করতে হচ্ছে অসহনীয় অবস্থায়, কাজ করতে হচ্ছে দীর্ঘ সময় আর কর্মক্ষেত্রে মোকাবিলা করতে হচ্ছে অবিরাম নিরাপত্তাহীনতা। এমন সামাজিক বিধান টেকসই নয়। কেননা, এটা যেমন অকার্যক্ষম, তেমনি অন্যায্য। এটা সামাজিক অস্থিরতার জন্ম দিচ্ছে; তৈরি পোশাক অঞ্চলে রাজপথের দৈনন্দিন গোলযোগের ভেতরই যা পরস্ফুিট।আমরা স্বপ্ন দেখতে পারি, এক আলোকিত ও ন্যায্য সমাজে ২০২১ সাল নাগাদ শ্রমজীবী নারীকে, প্রথমে তৈরি পোশাক খাতে ও ক্রমান্বয়ে অন্য সব খাতে, তাঁর কর্মপ্রতিষ্ঠানের অংশীদার বানানো হবে, যেন তাঁরা তাঁদের শ্রমে পাওয়া মুনাফার ভাগ পেতে পারেন। এমন ব্যবস্থার আওতায়, শ্রমজীবী মানুষ আরও নিবিড়ভাবে, সৃষ্টিশীল ও দায়িত্বসহকারে কাজ করতে উদ্বুদ্ধ হবেন উৎপাদনশীলতা বাড়ানোর জন্য, যাতে তাঁরা তাঁদের অংশীদারি কোম্পানির বর্ধিত উৎপাদনশীলতার ভাগ পেতে পারেন।শিক্ষার গণতন্ত্রায়ণযত দিন আমাদের শিক্ষাব্যবস্থা বৈষম্যমূলক থাকবে, যেখানে মুষ্টিমেয় অভিজাতেরা শিক্ষা লাভ করবে ব্যয়বহুল বেসরকারি প্রতিষ্ঠান কিংবা অধিক বরাদ্দের ক্যাডেট কলেজে, অথচ বেশির ভাগ মানুষ পাবে নিম্নমানের শিক্ষা, তত দিন আমাদের সামাজিক বৈষম্য বাড়তে থাকবে। পৃথিবী ক্রমে যতই জ্ঞানভিত্তিক হয়ে উঠছে, ততই শিক্ষার অসম অধিকার সামাজিক ও অর্থনৈতিক অসমতার অন্যতম শক্তিশালী উৎস হিসেবে আবির্ভূত হচ্ছে। এই অবিচারের প্রতিকারে সরকারি শিক্ষা খাতের মান বাড়াতে ভবিষ্যতে বিপুল বিনিয়োগ বৃদ্ধি দেখতে চাই। ফলস্বরূপ, আমি স্বপ্ন দেখি এমন এক দিন আসবে, যখন আমরা পত্রিকায় পড়ব এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বেশির ভাগ এসেছে জেলা, এমনকি গ্রামের বিদ্যালয় থেকে। আর কৃষকের ছেলে কিংবা পোশাকশ্রমিকের মেয়ে পরীক্ষায় শীর্ষ পদ লাভ করছে।শিক্ষার বৈষম্য দূর করার প্রক্রিয়ায় গতি আনতে আমার প্রস্তাব হলো, সরকারি অর্থায়নে চালিত ক্যাডেট কলেজের ৫০ শতাংশ আসন এবং অপেক্ষাকৃত ভালো মানের বেসরকারি বিদ্যালয়ের ২৫ শতাংশ আসন সংরক্ষণ রাখা উচিত বিদ্যালয়ের আশপাশের সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের জন্য। মানসম্পন্ন এসব বিদ্যালয়ে যাওয়ার জন্য তাদের সরকারি বাজেট থেকে বৃত্তি প্রদান করা যেতে পারে।ক্ষমতাহীনের ক্ষমতায়নযে সামাজিক ব্যবস্থায় শ্রমিক ও কৃষক অর্থনীতির গতিশীল সব খাতে অংশীদার হিসেবে আবির্ভূত হয়, সেখানে আমরা এমন অনেক প্রতিষ্ঠানের, তা সে কৃষকের কিংবা শ্রমিকের কিংবা বঞ্চিত মানুষের সমবায়ই হোক, স্বপ্ন দেখতে পারি, যা শেষ পর্যন্ত বঞ্চিত শ্রেণীর পূর্ণ মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হবে। সেই অধিকতর ন্যায্য সমাজের প্রতিটি শহরে রিকশাচালকেরা একত্র হয়ে বৃহৎ পরিবহন কোম্পানি গড়ে তুলবেন, যেখানে চালকই হবেন তাঁর রিকশার মালিক; তাঁদের মালিকানায় থাকবে রিকশা তৈরি ও মেরামতের ওয়ার্কশপ; তাঁরা আইনজীবী ও হিসাবরক্ষক নিয়োগ দেবেন, যাঁরা প্রয়োজনে পুলিশ, পৌর কর্তৃপক্ষ ও ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখবেন। পাশাপাশি তাঁদের থাকবে স্বাস্থ্যের জন্য বিমা-ব্যবস্থা।সামষ্টিক কর্মকাণ্ডের আরেক উৎস আমাদের লাখ লাখ অভিবাসী শ্রমিক। বিদেশে কাজ নিশ্চিত করতে তাঁদের বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। প্রায়ই তাঁরা প্রতারিত হন। কঠিন পরিস্থিতিতে কাজ করতে হয়, এমনকি জীবনও হারাতে হয়। আমাদের অর্থনীতিতে তাঁদের বিশাল অবদান সত্ত্বেও তাঁদের অবদানের স্বীকৃতি নেই বললেই চলে। আর তাঁদের যা সামাজিক ও অর্থনৈতিক অবস্থান, তাতে তাঁদের প্রকৃত অবদানের তেমন কোনো প্রতিফলন নেই। আগামী দিনের অধিকতর ন্যায্য দুনিয়ায় স্বপ্ন দেখি, আমাদের অভিবাসীদের জন্য নতুন ব্যবস্থা হবে, যেখানে অভিবাসীদের মধ্যে অনেকে একত্র হয়ে তাঁদের মালিকানায় গড়ে তুলবেন পেশাদারির সঙ্গে পরিচালিত বহু শ্রম রপ্তানি কোম্পানি। এসব পেশাদারি প্রতিষ্ঠান বিদেশি সেবাগ্রহীতার সঙ্গে সেবা প্রদান নিয়ে দর-কষাকষির পাশাপাশি বিদেশি চাকরিদাতাদের সঙ্গে কাজের চুক্তি নিয়েও দেনদরবার করবে। অভিবাসী প্রতিষ্ঠানগুলো শ্রমিকের বিদেশযাত্রার আয়োজন ও অর্থায়ন করবে, তাদের দক্ষতাবৃদ্ধির ব্যবস্থা করবে এবং যে দেশে সে শ্রমিক কাজ করবেন, সেখানে তাঁর কল্যাণের দেখভাল করবে। কালক্রমে সেই প্রতিষ্ঠান অভিবাসী মালিকদের সম্মতি নিয়ে তাদের রেমিট্যান্সের একাংশ বিনিয়োগ করবে আরও লাভজনক শিল্প খাতের শেয়ারে এবং এমনকি নিজেদের বৃহৎ প্রতিষ্ঠানে কিংবা তারা আবাসন প্রকল্প গড়ে তুলবে। এ রকম এক দুনিয়ায়, এমন কয়েক ডজন অভিবাসী মালিকানাধীন শ্রম রপ্তানি কোম্পানি বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানিশিল্প হিসেবে আবির্ভূত হবে, যেখানে আমাদের অভিবাসী শ্রমিকেরা ‘আদম বেপারি’দের দয়ার পাত্র অসহায় ব্যক্তি হিসেবে না থেকে নিজেদের বাংলাদেশের নতুন করপোরেট অভিজাত হিসেবে প্রতিষ্ঠা করতে সামষ্টিকভাবে ক্ষমতায়িত হয়ে উঠবে। এদের আগমন ঘটবে একেবারে নতুন সামাজিক শ্রেণী থেকে। অভিবাসী বিনিয়োগকারীদের এসব গোষ্ঠী দেশের স্বল্প আয়ের লাখ লাখ পরিবারের সঙ্গে হাতে হাত মিলিয়ে পদ্মা সেতু, ঢাকার অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে এবং গভীর সমুদ্রবন্দরের মতো বৃহৎ অবকাঠামো প্রকল্পের অংশীদার হতে পারে।এমন এক অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে আমাদের অভিবাসী, কৃষক, শ্রমিক, ক্ষুদ্র উদ্যোক্তা ও বঞ্চিত মানুষেরা অর্থনীতির বৃহৎ খাতগুলোর মালিক হতে পারেন, আর এভাবে উন্নয়ন-প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণের সক্ষমতা অর্জন করতে পারেন। সেই ব্যবস্থা অসমতা ও দারিদ্র্য হ্রাস করতে পারে, পাশাপাশি বৃদ্ধি করতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধি। তেমন সমাজে ক্ষমতাহীন শ্রেণীগুলো আমাদের অভিজাতদের সঙ্গে মেলামেশা করতে পারবে, চাকরিপ্রার্থী, ভালো মজুরি কিংবা বাজেট থেকে পৃষ্ঠপোষকতা পাওয়ার দাবিদার হিসেবে নয়, বরং তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সমসত্তা হিসেবে। সেটাই বাংলাদেশের সত্যিকারের ‘দিনবদল’কে রূপায়িত করবে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার শিকড় দৃঢ় করবে। আমাদের নির্বাচনী গণতন্ত্র আজ অনেকটাই ধনী লোকের খেলা, সাধারণ মানুষ নিজেকে এর বাইরের বলে মনে করে। এর বিপরীতে বাংলাদেশে গণতন্ত্র নিয়ে আমার স্বপ্ন, আমাদের জাতীয় ও স্থানীয় নির্বাচনী প্রতিষ্ঠানগুলোতে নারী, কর্মজীবী মানুষ ও সংখ্যালঘুদের অধিকসংখ্যক প্রতিনিধিত্ব থাকবে, যা হবে জনসংখ্যায় তাদের শতকরা হারের সঙ্গে অনেক বেশি সংগতিপূর্ণ।২০২১ সালের বাংলাদেশ নিয়ে আমার স্বপ্ন হয়তো আজকের বাংলাদেশের বাস্তবতায় কেবলই স্বপ্ন মনে হতে পারে, কিন্তু আমার বিশ্বাস, এই স্বপ্নের অংশীদার কোটি কোটি বাংলাদেশি। মজার ব্যাপার হলো, এই স্বপ্নের কিছু উপাদান বিশ্বের কাছে তুলে ধরেছেন স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রী, সম্প্রতি জাতিসংঘে তাঁর ভাষণে। সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তিনি অঙ্গীকার করেছেন অধিকতর সমতাভিত্তিক ও ন্যায্য সমাজ গড়ে তোলার, যে সমাজ তাঁর দেশে এবং দুনিয়ায় শান্তি বয়ে আনবে। আশা করা যায়, বাংলাদেশের ক্ষমতাহীন মানুষের ‘দিনবদল’ ঘটানোর লক্ষ্যে বাস্তব পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে তিনি আমাদের মিলিত স্বপ্নের সারবত্তা এনে দেবেন।রেহমান সোবহান: অর্থনীতিবিদ। চেয়ারম্যান, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।