সমন্বিত নীতিমালার প্রস্তাব সাংসদদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা এলাকার সাংসদেরা চিংড়ি চাষে সমন্বিত নীতিমালা করার প্রস্তাব দিয়েছেন। তাঁরা বলেছেন, অপরিকল্পিত চিংড়ি চাষের কারণে এলাকায় সমস্যা ও সংকট ক্রমান্বয়ে বাড়ছে।সম্প্রতি পানিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় সাংসদেরা অপরিকল্পিত চিংড়ি চাষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, চিংড়ি চাষের কারণে আইলায় বিধ্বস্ত এলাকার বাঁধসহ অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষতি হচ্ছে। সাংসদদের দেওয়া বক্তব্যের ভিত্তিতে পানিসম্পদ মন্ত্রণালয় এ-সংক্রান্ত কার্যবিবরণী তৈরি করেছে।কার্যবিবরণীতে বলা হয়েছে, গত শতকের আশির দশকে চিংড়ির চাষ শুরু হয়। প্রথম দিকে চিংড়ি চাষের কোনো আইন ছিল না। একশ্রেণীর লোক শহর থেকে এসে জোর করে অথবা প্রলোভন দেখিয়ে এলাকার মানুষকে চিংড়ি চাষে বাধ্য করে।এতে আরও বলা হয়, চিংড়ির চাষ আপাতদৃষ্টিতে লাভজনক হলেও এর সঙ্গে একশ্রেণীর মুনাফালোভী যুক্ত হয়েছে। সাধারণ চিংড়িচাষি ও ছোট ছোট জমির মালিকদের স্বার্থ বাধাগ্রস্ত হচ্ছে। সার্বিক পরিস্থিতি কোনো কোনো ক্ষেত্রে মানুষের মানবাধিকার তথা সাংবিধানিক ও মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত করছে।ওই সভায় সাংসদেরা বলেন, ষাটের দশকে তৈরি পানি উন্নয়ন বোর্ডের বাঁধগুলো জরাজীর্ণ হয়ে গেছে। নদীভাঙন, বাঁধের ওপর দিয়ে চলাচলের রাস্তা নির্মাণ করাসহ যত্রতত্র বাঁধ কাটা হয়েছে। এসব কারণে বাঁধগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া লবণাক্ত পানি দিয়ে চিংড়ি চাষের কারণে পানীয় জলের তীব্র সংকট হচ্ছে। এতে কৃষি ফসল উৎপাদনসহ সবুজ বেষ্টনী তৈরির জন্য বৃক্ষ রোপণ করা সম্ভব হচ্ছে না।খুলনা-১ আসনের সাংসদ ননী গোপাল মণ্ডল বলেন, লবণাক্তের কারণে গাছপালা মরে যাচ্ছে, এলাকায় কৃষিপণ্য উৎপাদন হচ্ছে না এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। তিনি মনে করেন, চিংড়ি চাষের কুফল হিসেবে সাতক্ষীরা এলাকায় নদী ভরাট ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। নিজের নির্বাচনী এলাকার সাতটি পোল্ডারে যেকোনো সময় বিপর্যয় ঘটতে পারে বলে মনে করেন ওই সাংসদ। তাঁর মতে, সবার স্বার্থ রক্ষা করে চিংড়ির চাষকে বাধ্যতামূলক নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।মন্ত্রণালয়ের কার্যবিবরণীতে বলা হয়, রামপালে নদীতে স্থাপিত অবৈধ বাঁধ কেটে দেওয়া হয়েছিল, কিন্তু তাতে লাভ হয়নি। ১৫ দিনের মধ্যে চিংড়িচাষিরা পুনরায় তা বন্ধ করে দিয়েছেন। এতে আরও বলা হয়, বড় বড় পোল্ডার না করে যতটুকু অংশে জলাবদ্ধতা দূর করা এবং লবণাক্ততা ঠেকানো যাবে, ততটুকু এলাকায় বেড়িবাঁধ তৈরি করতে হবে। তা না হলে এই বাঁধ দুর্ভোগ বাড়াবে। চিংড়ি চাষের জন্য ব্যবহূত লোনা পানির কারণে কৃষিসহ নারিকেল, সুপারিও ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করেন সাংসদেরা।বাগেরহাট-৩ আসনের সাংসদ বেগম হাবিবুন নাহার ওই সভায় বলেন, কিছু মানুষ ধানের চাষ করতে চায়। কিন্তু পাশের জমিতে চিংড়ি চাষের কারণে ধানের চাষ করা যাচ্ছে না। কেউ কেউ ‘জমি যার ঘের তার’ স্লোগান দিয়ে চিংড়ির চাষকে উৎসাহিত করে এই বিপর্যয় সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, তাঁর নির্বাচনী এলাকায় পানির প্রবাহ না থাকায় পলি পড়ে নদী শুকিয়ে যাচ্ছে। নদী খনন না করে চিংড়ির চাষই করা হচ্ছে। আর নদীতে পাটা বা বাঁধ দেওয়ার কারণে নদী ভরাট ত্বরান্বিত হচ্ছে। এ ছাড়া পোল্ডারের ভেতরের পানি বের না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।মন্ত্রণালয়ের কার্যবিবরণীতে বলা হয়, চিংড়ি চাষে বৈদেশিক মুদ্রা এলেও ধানসহ অন্যান্য ফসলের ক্ষতি হচ্ছে। এ অঞ্চলের সমস্যা সমাধানের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে ১০-১৫ বছরের একটি দীর্ঘমেয়াদি প্রকল্প নেওয়া দরকার।সাতক্ষীরার দুজন সাংসদ শেখ মুজিবুর রহমান এবং এম এ জব্বার বলেন, যাঁরা মাছ চাষ করেন তাঁরা ব্যবসায়ী। আর অধিকাংশ জমির মালিকই গরিব। ব্যবসায়ীরা জমির মালিককে টাকা দেন, আবার কেউ কেউ ঠকানোর ফন্দিফিকির করেন। জমির মালিককে রক্ষায় কঠোর আইন দরকার বলে মনে করেন তাঁরা।খুলনা-৬ আসনের সাংসদ সোহরাব আলী সানা বলেন, বর্ষাকালে যদি পাইকগাছায় লোনা পানি নিয়ন্ত্রণ করা হয়, তাহলে ধানের চাষ সহজ হবে। ৯০ শতাংশ এলাকায় ধানের চাষ হবে। ‘ছোটবেলায় পুকুরের পানি খেয়েছি। এখন চিংড়ি চাষের কারণে লবণ পানিতে পুকুর ভর্তি। পানীয় জলের অভাব। বেকারত্ব বাড়ছে। মাছ চাষের কারণে জনস্বাস্থ্য ভেঙে পড়েছে। তাই চিংড়ি ও ফসলের জন্য আলাদা জোনিং করতে হবে।’ সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এইচ এম গোলাম রেজা এ কথা বলেন। তিনি আরও বলেন, প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ছোট চাষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন পড়বে না।মন্ত্রণালয়ের কার্যবিবরণীতে বলা হয়েছে, গলদা চিংড়িতে ভাইরাস নেই। বাগদা চিংড়ি জুয়া খেলার মতো, এটি ভাইরাসপ্রবণ। ভাইরাস থেকে রক্ষা না পেলে মূলধনসহ সবই চলে যায়। এ প্রসঙ্গে খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ বলেন, মিঠা পানির মাছ চাষ করলে তা কৃষিসহ ধানের ক্ষতি করে না। তবে যেখানে মিঠা পানির সুবিধা নেই, সেখানে লোনা পানির মাছ চাষ করা যেতে পারে। বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী বাদশা বলেন, বাঁধও রক্ষা করতে হবে, চিংড়ির চাষও করতে হবে। জানতে চাইলে পানিসম্পদসচিব শেখ আলতাফ আলী প্রথম আলোকে বলেন, সাংসদদের আলোচনায় এলাকার সমস্যাগুলো সুস্পষ্টভাবে বেরিয়ে এসেছে। অপরিকল্পিত চিংড়ি চাষের কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যার সমাধানে সমন্বিত চিংড়ি নীতিমালাসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া চিংড়ি চাষের জন্য জোনিং করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে বলেও জানান পানিসম্পদসচিব।