বাস্তবায়নকারী সরকারি সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত না করা গেলে সদিচ্ছা সত্ত্বেও বিফলে যেতে পারে ঢাকার যানজট নিরসনে নেওয়া বড় বড় উদ্যোগ। বিশেষজ্ঞরা বলছেন, পৃথক বাস্তবায়নকারী সংস্থার গৃহীত এসব প্রকল্প কিছু কিছু স্থানে একটি আরেকটির কাজে বাধা সৃষ্টি (ওভারল্যাপিং) করবে। যোগাযোগসচিব এ বিষয়ে সমস্যার কথা স্বীকার করে বলেছেন, সমন্বয়হীনতার সমস্যা কাটিয়ে উঠতে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডকে শক্তিশালী করার ‘চেষ্টা চলছে’।সরকারের ছয়টি সংস্থা বা কর্তৃপক্ষ ওভারপাস, বাসের বিশেষ লেন, পাতালরেল, আন্ডারপাসসহ মোট ১৬টি প্রকল্প নিয়েছে বা বিবেচনা করছে। সংস্থাগুলো হচ্ছে: সেতু বিভাগ, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি), স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড (ডিটিসিবি), সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ও সেনাবাহিনী।১৬টি প্রকল্পের মধ্যে হাতিরঝিল প্রকল্প ও র্যাংগস ভবনের পাশ দিয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প ইতিমধ্যে রাজউক বাস্তবায়ন করেছে।অনুসন্ধানে দেখা গেছে, বাকি ১৪টি প্রকল্পের প্রায় সবগুলোই অন্তত ছয়টি স্থানে গিয়ে এক জায়গায় মিলবে। বিচ্ছিন্নভাবে প্রকল্প নেওয়ার কারণে সেগুলো বাস্তবায়নকালে বা বাস্তবায়নের পর একটা অন্যটার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হকের এক গবেষণায় সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় না হলে কীভাবে তা এসব প্রকল্পের কাজে বাধা সৃষ্টি করতে পারে, সেটা উঠে এসেছে।শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে সায়েদাবাদ রেলগেট পর্যন্ত জায়গার মধ্যে উড়াল সড়ক, বাসের বিশেষ লেন (বিআরটি), পাতালরেল, রেলক্রসিংয়ে ওভারপাসসহ একাধিক প্রকল্প করার প্রক্রিয়া চলছে। সেটা আসলে সম্ভব নয়; বিশেষ করে উড়াল সড়ক করার পর এর গভীর পাইলিংয়ের কারণে সেই পথের নিচে পাতালরেল করা যাবে না।’এ ছাড়া রাজধানীর কুড়িল-বিশ্বরোড, জিয়া কলোনি, ফুলবাড়িয়া, রামপুরা, অতীশ দীপঙ্কর সড়কসহ বেশ কিছু স্থানে এক প্রকল্প অন্য প্রকল্পের কাজে বাধা সৃষ্টি করবে বলে শামসুল হকের ধারণা।২০১০ সালের মধ্যেই যাত্রাবাড়ী থেকে গুলিস্তান হয়ে পলাশী পর্যন্ত উড়াল সড়ক তৈরির কাজ শুরুর ঘোষণা দিয়েছে ডিসিসি। সেতু বিভাগ যাত্রাবাড়ী-সায়েদাবাদ থেকে উত্তরা পর্যন্ত তিনটি ভাগে ৩২ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে দরপত্র আহ্বান করেছে গত ডিসেম্বরেই। ঢাকার কৌশলগত পরিবহন পরিকল্পনা (এসটিপি) অনুযায়ী ডিটিসিবি ইতিমধ্যে বিআরটির জন্য পরামর্শক নিয়োগ করেছে। প্রস্তাবিত এসব বিআরটির উত্পত্তিস্থল উত্তরা-মিরপুর-গাবতলী এবং গন্তব্য সায়েদাবাদ-যাত্রাবাড়ী। সওজ সায়েদাবাদসহ ছয়টি রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব জমা দিয়েছে পরিকল্পনা কমিশনে। কুড়িল বিশ্বরোডে রাজউক ওভারপাস নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যে সমীক্ষা যাচাই করে দরপত্র আহ্বানের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত তিনটি বিশেষ বাসের লেনের (বিআরটি) দুটিই এই ওভারপাসের নিচ দিয়ে যাবে। আবার উত্তরা থেকে সায়েদাবাদ পর্যন্ত প্রস্তাবিত পাতালরেল বিআরটির নিচ দিয়ে হওয়ার কথা।রানওয়ে থেকে ওই পথে বিমান ওড়ে বলে কুড়িল এলাকায় ৪৮ ফুটের বেশি উচ্চতার স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে। সম্প্র্রতি রাজউকের ওভারপাস নির্মাণের সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলে দিয়েছে, লাইটপোস্টসহ ওই উচ্চতার বেশি উঁচু স্থাপনা করা যাবে না।পরিবহন বিশেষজ্ঞ আলমগীর মুজিবুল হক বলেন, ২০ বছর পর বাসের মানোন্নয়ন এবং উড়াল সড়ক করেও ক্রমবর্ধমান মানুষের চাহিদা মেটানো যাবে না। পাতালরেলের দরকার হবে। কিন্তু উড়াল সড়ক তৈরি করার পর এর নিচ দিয়ে পাতালরেল করা সম্ভব হবে না। কারণ উড়াল সড়কের পাইলিং বাধা হয়ে দাঁড়াবে।প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে থাকা অন্য প্রকল্পগুলো হচ্ছে ডিটিসিবির তেজগাঁও সাত রাস্তা থেকে মগবাজার হয়ে রমনা পর্যন্ত এক কিলোমিটার ওভারপাস, তেজগাঁও থেকে মগবাজার হয়ে শান্তিনগর পর্যন্ত এলজিইডির ফ্লাইওভার, ডিসিসির সোনারগাঁও মোড়সহ ছয়টি আন্ডারপাস এবং বিমানবন্দর সড়ক ও জিয়া কলোনি সড়কের মধ্যে সেনাবাহিনীর ‘ট্রাম্পেট ইন্টারচেঞ্জ’ নামে একটি ফ্লাইওভার। প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে সাবেক যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অব.) গোলাম কাদেরও সমন্বয়ের সমস্যার বিষয়টি উল্লেখ করেন। যানজট নিরসনসংক্রান্ত সব প্রকল্প একটি স্বাধীন ও শক্তিশালী কর্তৃপক্ষের অধীনে করার পরামর্শ দেন তিনি।যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হক খান প্রথম আলোর সঙ্গে আলাপকালে সম্প্রতি প্রকল্পগুলোর মধ্যে ‘সংঘর্ষ’ এড়ানোর জন্য কিছু সমন্বয়ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘সায়েদাবাদ এলাকায় গুলিস্তান-পলাশী ফ্লাইওভারের সঙ্গে উড়াল সড়ক প্রকল্পের সমস্যা হয়। সেখানে উড়াল সড়ক বাদ দিয়ে ডিসিসিকেই ফ্লাইওভার নির্মাণ করতে বলা হয়েছে। এফডিসি গেটের সামনে হাতিরঝিল প্রকল্প থাকায় সেখানে রেলক্রসিং নির্মাণ করা হবে না। এভাবে যেখানে সাংঘর্ষিক মনে হচ্ছে, সেখানে এক প্রকল্পের সঙ্গে অন্য প্রকল্পের সমন্বয়ের চেষ্টা করা হচ্ছে।’প্রকল্পগুলো নিয়ে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা নিয়ে উদ্বেগ সম্পর্কে মোজাম্মেল হক বলেন, সমন্বয়ের জন্য ডিটিসিবিকে শক্তিশালী করার চেষ্টা চলছে।