সমবায় সমিতি (সংশোধন) আইনের খসড়ায় নীতিগত অনুমোদন
মন্ত্রিসভা সমবায় সমিতি (সংশোধন) আইন-২০১১-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, বিদ্যমান আইনে রূপকল্প-২০১১ প্রকল্প বাস্তবায়নের জন্য আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন সম্ভব হচ্ছিল না। এ জন্য সংশোধনীর প্রয়োজন দেখা দেয়। সমবায়ের সংজ্ঞাসহ কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। নিবন্ধন প্রক্রিয়া ও বাতিলের ক্ষেত্রে সংশোধন আনার প্রস্তাব করা হয়েছে। তা ছাড়া সমবায়ের সদস্যরা যাতে প্রতারিত না হন, সে জন্য সংশোধনী আনা হয়েছে।সমবায় অধিদপ্তরের সবচেয়ে বড় পদের নাম পরিবর্তন করে এখন ‘মহাপরিচালক’ করা হয়েছে। আগে এ পদের নাম ছিল ‘নিবন্ধক’। এ ছাড়া বৈঠকে মন্ত্রিসভাকে প্রধানমন্ত্রীর সংযুক্ত আবর আমিরাত সফর সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে ইতালিতে অনুষ্ঠিত ‘কমিটি অন ফিসারিজ’-এর ২৯তম সভায় মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর যোগদান বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।