সমবায়ের কোটি টাকা নিয়ে লাপাত্তা সোনালী ব্যাংকের কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এক কর্মকর্তার বিরুদ্ধে একটি সমবায় সমিতির নামে তোলা প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। ফরিদ উদ্দিন মোল্লা নামের ওই কর্মকর্তাকে আমানতকারীরা এখন খুঁজে পাচ্ছেন না। ফরিদ উদ্দিন ও তাঁর স্ত্রী মিলে রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ওই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ফরিদ উদ্দিন মোল্লা গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার মতিঝিল শাখায় কর্মরত ছিলেন। ঢাকায় থাকতে ২০০৬ সালের ৭ ফেব্রুয়ারি তিনি ব্যাংক কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মুক্তি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি (নিবন্ধন নং-১০৯; ৭.২.২০০৬) নামে সমবায় সমিতি গড়ে তোলেন। গত বছরের মে মাস পর্যন্ত প্রতিষ্ঠানটি আমানতকারীদের নিয়মিত মুনাফা দিত। ফরিদ উদ্দিন গত ৩০ জানুয়ারি এক মাসের ছুটির আবেদন করে কর্মস্থল থেকে চলে যান। ছুটি অনুমোদন না হলেও তিনি তখন থেকে অনুপস্থিত রয়েছেন।আমানতকারী মোহসীনা বেগম প্রথম আলোকে জানান, মুক্তি মাল্টিপারপাসে তিনি পাঁচ লাখ টাকা জমা দিয়েছেন। আরেক আমানতকারী বেলালউদ্দিন প্রায় দেড় লাখ টাকা জমা দিয়েছেন বলে জানিয়েছেন। তাঁদের জানামতে ফরিদ উদ্দিনের কাছে আমানতের প্রায় কোটি টাকা ছিল। এ ঘটনায় বেলালউদ্দিনসহ ১০ জন আমানতকারী খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, আমানতকারীদের পরবর্তী সময়ে মামলা করার কথা থাকলেও তাঁরা আর আসেননি। ওসি বলেন, মামলা না হওয়ায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। রাজধানীর দক্ষিণ বনশ্রীর ইস্টার্ন পণ্যবীথির দ্বিতীয় তলায় মুক্তি মাল্টিপারপাসের প্রধান কার্যালয়। ফরিদ উদ্দিন এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও তাঁর স্ত্রী হাছিনা জাহান হাজারী চেয়ারম্যান।জানা গেছে, গত বছরের ৬ অক্টোবর ফরিদ উদ্দিনকে ব্যাংকের সুনামগঞ্জ শাখায় বদলি করার পর থেকে আমানতকারীরা তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। তাঁরা গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের কাছে বিচার চেয়ে আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ঘটনা তদন্তের জন্য সোনালী ব্যাংককে নির্দেশ দেয়। সোনালী ব্যাংকের দুই দফা তদন্তে ফরিদ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়।প্রথম দফা তদন্তকারী সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক নুরুল হক প্রথম আলোকে জানান, ফরিদ উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।দ্বিতীয় দফায় তদন্ত করা জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা প্রিয়তোষ দাস প্রথম আলোকে বলেন, ফরিদ উদ্দিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে। কারণ, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মকর্তা আরেকটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হতে পারেন না। অভিযোগ প্রসঙ্গে ফরিদ উদ্দিন মোল্লা বা তাঁর স্ত্রীর সঙ্গে মুঠোফোনে বিভিন্ন নম্বর থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ সাড়া দেননি।