সমবায়ের মাধ্যমে উৎপাদন বাড়ানো ও দারিদ্র্য বিমোচন সম্ভব: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমবায়ের মাধ্যমে উৎপাদন বাড়ানো ও দারিদ্র্য বিমোচন সম্ভব। তাই সমবায়ের ওপর আরও গুরুত্ব আরোপ করতে হবে। জাতীয় সমবায় দিবস উপলক্ষে আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। ৩৯তম জাতীয় সমবায় দিবসের এবারের স্লোগান হচ্ছে, ‘সমবায়ই শক্তি’।সমবায়কে কার্যকর করতে সম্ভাব্য সবকিছু করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সমবায়ের সঙ্গে যুক্ত থেকে যাঁরা টাকা-পয়সা বানাতে চান, তাঁদের এ আন্দোলনের সঙ্গে না থাকাই ভালো। যাঁরা সমষ্টিগত উন্নয়নের কথা চিন্তা করেন, তাঁরাই এ আন্দোলনে থাকবেন।’ বর্তমান সমবায় আন্দোলনকে ‘মৃতপ্রায়’ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আবার সমবায় আন্দোলনকে কার্যকর করে সফলতা নিয়ে আসতে হবে।’ ‘একটি বাড়ি একটি প্রকল্প’ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু গৃহহীনদের জন্যই নয়, যেখানে অনাবাদি জমি পড়ে আছে, তা-ও এ প্রকল্পের আওতায় আসতে পারে। জমির মলিক ও কৃষক সমবায়ের মাধ্যমে ফসল ফলাতে পারেন। এতে করে কৃষিপণ্যের উৎপাদন বাড়বে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশের মাটি উর্বর। সমবায়ের মাধ্যমে আমরা শস্যের উৎপাদন বৃদ্ধি করে বিদেশে রপ্তানি করতে পারি।’ জাতীয় সমবায় নীতিমালা গ্রহণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নীতিমালা প্রণয়নের আহ্বান জানান। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম চারদলীয় জোট সরকারের সমালোচনা করে বলেন, দুর্নীতি ও অদক্ষতাই ছিল বিগত সরকারের মূল চালিকাশক্তি। তিনি বলেন, যুত্তরাষ্ট্রে শিল্প পরিচালনা করে সমবায়। যুক্তরাজ্যে সব কৃষি জমির মালিক সমবায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।