সময়ের সীমা অতিক্রম করে বেঁচে থাকবেন হুমায়ূন
সময়ই বলে দেবে বাংলা সাহিত্যের নন্দিত লেখক হুমায়ূন আহমেদ কীভাবে মূল্যায়িত হবেন। সাহিত্যের জন্য না হলেও ব্যক্তি হিসেবে সময়ের সীমা অতিক্রম করে বেঁচে থাকবেন তিনি। ‘হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। গতকাল শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন। নিউইয়র্কপ্রবাসী বিশ্বজিত্ সাহা ‘হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো’ বইটির গ্রন্থনা করেছেন। চিকিত্সার জন্য জীবনের শেষ ১০টি মাস নিউইয়র্কে অবস্থান করেছিলেন হুমায়ূন আহমেদ। চিকিত্সা চলাকালীন নানা বিষয় এবং লেখকের অন্তিম যাত্রার বিভিন্ন ঘটনা স্থান পেয়েছে বইটিতে। বাংলা প্রকাশ থেকে প্রকাশিত গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক মোমতাজ উদ্দিন আহমেদ, জিয়া উদ্দিন আহমেদ, জয়ন্ত নাগ, দ্বিজেন ভট্টচার্য, মিনাক্ষী দত্ত, মতলুব আলী, রোকেয়া হায়দার, মনজুর আহমেদ প্রমুখ।