সমরজিৎ রায়ের ‘এক চিলতে রোদ’ প্রকাশিত
সমরজিৎ রায়ের প্রথম অ্যালবাম ‘এক চিলতে রোদ’-এর মোড়ক উন্মোচন হয়ে গেল গতকাল শনিবার। অ্যালবাম প্রকাশনা উপলক্ষে রাজধানীর একটি রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী ফাহমিদা নবী, শুভ্র দেব, সন্দীপন দাস, পৃথ্বিরাজ, কুনাল, গীতিকার ও গায়ক শফিক তুহিন, প্রথম আলোর বার্তা সম্পাদক সেলিম খান, সাংবাদিক কাজী রওনক হোসেন ও জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তব্য শেষে সবাই মিলে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন। অ্যালবামটি বাজারে এনেছে জি-সিরিজ ও অগ্নিবীণা প্রোডাকশন্স।উচ্চাঙ্গসংগীতে সমরজিতের বিশেষ পারদর্শিতার ছোঁয়া রয়েছে অ্যালবামের গানগুলোতে। গানগুলো গজলনির্ভর, বেশির ভাগ গানই মেলোডিপ্রধান। ধ্রুপদির ছোঁয়াও আছে কয়েকটি গানে।অ্যালবামের ১০টি গানের সাতটিরই সুর করেছেন সমরজিৎ। দুটি গানের সুর করেছেন প্রবেশ মল্লিক। আর একটির সুর করেছেন বিখ্যাত শিল্পী প্রয়াত মৃণাল চক্রবর্তী। ‘এক চিলতে রোদ’ অ্যালবামটি উত্সর্গও করা হয়েছে তাঁকে। গানগুলো লিখেছেন অনিরুদ্ধ সোম, শর্মিলা রায়, উত্পল দাস, জিকে দত্ত, পঙ্কজ দেব অপু, ভাস্কর বসু, ভাগ্যধন বড়ুয়া ও সমরজিৎ রায়।ছোটবেলা থেকেই গানের পরিবেশে বড় হয়েছেন সমরজিৎ। নিজেই গান করতেন ছোটবেলায়। ’৯৬ সালে শিল্পী নির্মলেন্দু চৌধুরীর কাছে প্রাতিষ্ঠানিকভাবে প্রথম ধ্রুপদী গান শেখার শুরু। সংগীতের ওপর উচ্চতর শিক্ষা নিতে এইচএসসি শেষ করে সমরজিৎ রায় এরপর ভারত সরকারের বৃত্তি নিয়ে দিল্লির গন্ধর্ব মহাবিদ্যালয়ে চলে যান। কোর্স শেষে এখন সেখানেই উচ্চাঙ্গসংগীতে শিক্ষকতা করছেন তিনি। সেখানে তাঁর গুরুজনদের অন্যতম হলেন পদ্মশ্রী পণ্ডিত মধুপ মুদ্গল ও পদ্মশ্রী পণ্ডিত অজয় চক্রবর্তী।উল্লেখ্য, সমরজিৎ রায় পণ্ডিত ডি বি পলুস্কর অ্যাওয়ার্ড, হরি ওম ট্রাস্ট অ্যাওয়ার্ড, বাসুদেব চিন্তামন্ অ্যাওয়ার্ড, সংগীতা বসন্ত বেন্দ্রে অ্যাওয়ার্ড ও নলিনী প্রতাপ কানবিন্দে অ্যাওয়ার্ড পেয়েছেন।২০১০ সালে প্রকাশিত হয় সমরজিৎ রায়ের প্রথম হিন্দি অ্যালবাম ‘তেরা তসব্বুর’। গত বছর এই অ্যালবাম ভারতের জিমা অ্যাওয়ার্ড ২০১১-এ (গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ড) সেরা জনপ্রিয় অ্যালবামের মনোনয়ন পায়। তাঁর প্রথম দ্বৈত বাংলা অ্যালবাম ‘অচেনা একটা দিন’ প্রকাশিত হয় বাংলাদেশে। অনুপ জালোটার সঙ্গে করা সেই অ্যালবামের সব গানের সুর করেছিলেন সমরজিৎ রায়। এ ছাড়া ২০১১ সালে কলকাতা থেকে প্রকাশিত হয় তাঁর দ্বৈত রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘রবি রঞ্জনী’।