সমর্থক নম্বর ওয়ান
তাঁর সঙ্গে দেখা ক্রিকেট শ্রীলঙ্কার স্যুভেনির শপে। গলায় অ্যাক্রিডিটেশন কার্ড দেখেই বুঝতে পারলেন সাংবাদিক, জিজ্ঞাসা করলেন, ‘আমাকে চেনো?’ ‘অবশ্যই, তোমাকে কে না চেনে, পার্সি!’ শুনে গর্বিত ভঙ্গিতে সেলসম্যানের দিকে তাকালেন, যেন বলতে চাইলেন, ‘দেখলে তো, আমি কত বিখ্যাত!’তা পার্সি অভয়াসেকেরা বিখ্যাত বটে। দেশের মাটিতে শ্রীলঙ্কার প্রতিটি ম্যাচে তো বটেই, বিদেশের মাটিতেও অনেক ম্যাচে থাকে তাঁর সরব উপস্থিতি। বাউন্ডারি লাইনের বাইরে শ্রীলঙ্কার বিশাল এক পতাকা নিয়ে সারাক্ষণ দলকে উৎসাহ দিয়ে যান। কখনো আবার মাতিয়ে রাখেন গ্যালারি। শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠ ছাড়ার সময় বাড়িয়ে দেন পতাকার ছায়া। ম্যাচ শেষে তাঁকে দেখা যায় পুরস্কার বিতরণী মঞ্চের আশপাশে। পাঁচ দশকের পথচলায় তিনি এখন শ্রীলঙ্কার ক্রিকেটের অন্যতম প্রতীক। কারও কাছে তিনি ‘সমর্থক নম্বর ওয়ান’, কারও কাছে ‘শ্রীলঙ্কার ওয়ান ম্যান চিয়ারলিডার’, কারও কাছে বা ‘ভয়েস অব শ্রীলঙ্কা ক্রিকেট’। বর্তমান-সাবেক প্রায় সব ক্রিকেট-তারকাই তাঁকে এক নামে চেনেন। পাকিস্তানের ‘চাচা’র মতো তিনিও তারকা দর্শক। ‘দর্শক-ক্যারিয়ারের’ সময়কাল, ব্যাপ্তি, ক্রিকেট-জ্ঞান সবকিছু বিবেচনায় নিলে বরং চাচাকে অনেক ব্যবধানে হারাবেন পার্সি!জন্ম ১৯৩৬ সালে। বড় বোন পদ্মিনী অমরাসিংহে ইংল্যান্ড থেকে ক্রিকেটের একটা বই কিনে এনেছিলেন পার্সির জন্য। ওই বইটা পড়েই ক্রিকেট ভালো লাগতে শুরু করল, মাঠে গিয়ে খেলাও দেখা শুরু। ভালোলাগা রূপ নিল ভালোবাসায়। আস্তে আস্তে ক্রিকেটই হয়ে ওঠে সবকিছু। ১৯৪৮ সালে সেই ‘ইনভিন্সিবল’ সফরে জাহাজে করে ইংল্যান্ডে যাওয়ার সময় এখানে থেমে ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া। ডন ব্র্যাডম্যানকে দেখতে বাবার সঙ্গে পি সারা ওভালে গিয়েছিলেন ১২ বছরের পার্সি। গ্যালারিতে ঠাঁই না পেয়ে উঠেছিলেন গাছে, উত্তেজনায় একবার চিতপটাংও হয়েছেন। শ্রীলঙ্কার ম্যাচ মাঠে গিয়ে দেখা শুরু ১৯৫৮ সাল থেকে। চলছে এখনো। কাজটা সহজ হয়েছে স্পনসর হিসেবে এসিএল কেব্লসকে পাওয়ায়, যাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই তাঁর।শুধু পতাকা হাতে গলা ফাটানোর জন্যই নয়, পার্সি বিখ্যাত ছড়া-কবিতা-গান আর রসবোধের জন্যও। যেকোনো ঘটনা নিয়ে যেকোনো সময় গান-কবিতা বেঁধে ফেলেন। তাঁকে নিয়ে এমন অনেক গল্প-কাহিনি প্রচলিত আছে। একটা ঘটনা স্বয়ং রাসেল আরনল্ডের মুখ থেকে শোনা। একবার খুব খারাপ ফর্ম যাচ্ছিল আরনল্ডের, পার্সি এসব নিয়ে তাঁকে খুব খোঁচাচ্ছিলেন। কপট রাগ করে আরনল্ড বললেন, ‘পার্সি আঙ্কেল, ইউ আর সো বোরিং।’ সঙ্গে সঙ্গে আঙ্কেলের জবাব, ‘আই অ্যাম বোরিং, বিকজ ইউ আর নট স্কোরিং!’ব্যাটিং করতে নামছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। মাঠে পা দেওয়ার সময় পাশ থেকে পার্সি বললেন, ‘যাচ্ছে তো হে, টিকবে তো বড়জোর তিন বল।’ কাকতালীয়ভাবে তিন বল খেলেই আউট আজহার! এ ঘটনার পর থেকে মাঠে নামার সময় কখনো পার্সির দিকে তাকাতেন না সাবেক ভারতীয় অধিনায়ক। ক্যান্ডিতে একবার ইংল্যান্ডের উইকেট পড়ছে না অনেকক্ষণ। আক্রমণে আনা হলো ভাসকে। পার্সির চিৎকার, ‘হে ভাসি, ইউ আর ক্লাসি, নাউ গেট এ উইকেট ফর আঙ্কেল পার্সি।’ আঙ্কেলকে হতাশ করেননি ভাস! পার্সির সবচেয়ে বিখ্যাত ‘কীর্তি’ মনে হয় ডেভিড বুনের সঙ্গে লড়াই। লাঞ্চের ঠিক আগে আগে উইকেট পড়েছে অস্ট্রেলিয়ার, উইকেটে যাচ্ছেন ‘তাসমানিয়ার টাইগার’। পাশ থেকে পার্সি, ‘হেই ডেভিড বুন, ইউ তাসমানিয়ান গুণ, কাম ব্যাক সুন, বিফোর নুন।’ প্রথম বলেই আউট বুন, ফিরছিলেন রাগে গজরাতে গজরাতে। পার্সি গিয়ে শুধু বলেছেন, ‘ব্যাড লাক’, আর যাবি কোথায়, রীতিমতো ব্যাট হাতে তাড়া পার্সিকে! সর্বশেষ কীর্তি, মুরালির বিদায় নিয়ে গান বাঁধা।ইদানীং অবশ্য তাঁকে নিয়ে নেতিবাচক কিছু কথাও বাতাসে ভেসে বেড়াচ্ছে। ক্রিকেটারদের নিয়ে মজা করাটা নাকি মাঝেমধ্যেই সীমা ছাড়িয়ে যাচ্ছে। পার্সি স্বীকার করলেন না, কিন্তু স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে কিছুটা সত্যতা পাওয়া গেল। সবাই অবশ্য এ জন্য তাঁর বয়সের কথাই বললেন, পঁচাত্তর হয়ে গেছে, আর কত। ক্রিকেটারদের মতো এখন হয়তো তাঁরও সময় হয়েছে অবসর নেওয়ার!