সমর্থকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন গাদ্দাফি
যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, বিরোধীদের মোকাবিলা করতে লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি তাঁর সমর্থকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।সামরিক কর্মকর্তা ভাইস অ্যাডমিরাল উইলিয়াম গোর্টনি গতকাল শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমরা আজ খবর পেয়েছি বিরোধীদের মোকাবিলা করতে গাদ্দাফি তাঁর সমর্থকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন। গাদ্দাফির এদেরকে বলছেন স্বেচ্ছাসেনা। তবে আমি নিশ্চিত নই...তারা সত্যিকার অর্থে স্বেচ্ছাসেনা কি না এবং এ রকম কতজনকে তিনি (গাদ্দাফি) নিয়োগ দিতে যাচ্ছেন।’ উইলিয়াম গোর্টনি আরও জানান, আন্তর্জাতিক সামরিক পদক্ষেপের ফলে গাদ্দাফি বাহিনী অনেক দুর্বল হয়ে পড়ছে। তিনি বলেন, ‘গাদ্দাফির বিমানবাহিনীর এখন আর ওড়ার শক্তি নেই, যুদ্ধজাহাজগুলো বন্দরে অবস্থান করছে। আর তাঁর অস্ত্র ভান্ডার ধ্বংস হচ্ছে, যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ছে।’ এরই মধ্যে প্রথম আরব দেশ কাতার লিবিয়ায় নো ফ্লাই জোন প্রতিষ্ঠায় যোগ দিয়েছে।