সমর্থন ও বিরোধিতা দুটোই নীরবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মনিরুল হকের সবকিছুই নীরবে হচ্ছে। দলীয় সমর্থন পাচ্ছেন নীরবে। কুমিল্লা সিটি এলাকার বিএনপির একজন প্রভাবশালীসহ দলের কিছু নেতার নীরব বিরোধিতাও কৌশলে মোকাবিলা করতে হচ্ছে তাঁকে। আওয়ামী লীগের প্রভাবশালী সাংসদ আ ক ম বাহাউদ্দিন সিটি নির্বাচনে প্রকাশ্যে দলীয় সমর্থিত প্রার্থী আফজল খানের পক্ষে নেমেছেন। তবে মনিরুল হক পৌর মেয়র থাকা অবস্থা থেকেই বাহাউদ্দিনের আনুকূল্য পেয়ে আসছিলেন। নির্বাচনেও নীরবে সেই আনুকূল্য আশা করছে মনিরুল হক শিবির। আওয়ামী লীগের বহু ধারায় বিভক্তিকে তারা আশীর্বাদ হিসেবে দেখছে।জটিল ও নীরব সমর্থন-বিরোধিতার মাঝখানে ‘নালা পরিষ্কার ও বাগান করার’ ইমেজ নিয়ে নির্বাচনে বেরিয়ে যাওয়ার ছক কষছেন মনিরুল হক। জীবনের শুরুতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। কিন্তু কুমিল্লা পৌরসভার মেয়র থাকাকালে জলাবদ্ধতা দূর করার জন্য নালা তৈরি ও পরিষ্কার এবং অব্যবহূত স্থানে ফুলের বাগান করে নিজের একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করেছেন তিনি। মনিরুল হক গতকাল শনিবার নগরের ঠাকুরপাড়া এলাকায় সাংবাদিকদের বলেন, ‘৩৩ বছর ধরে আমি দলীয় রাজনীতি করি। ইভিএম পদ্ধতি আমিও বিশ্বাস করি না। তবে জনগণের জন্য আমাকে নির্বাচন করতেই হবে। ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে কথা হয়েছে। উনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আশা করি, দলের স্থানীয় নেতারাও সহযোগিতা করবেন।’ দলীয় লোকদের সমর্থন: কুমিল্লা সিটি এলাকার একাংশ নিয়ে ২০০১ সালে সাংসদ হয়েছিলেন বিএনপির মনিরুল হক চৌধুরী। ২০০৩ সালে কুমিল্লার সদর দক্ষিণ পৌরসভা হয়। চলতি বছরের ১০ জুলাই ওই পৌরসভা কুমিল্লার সঙ্গে সিটি করপোরেশনে উন্নীত হয়। ওই এলাকার মনিরুল হকের সমর্থকেরা মনিরুল হক ওরফে সাক্কুর পক্ষে মাঠে নেমেছেন। তবে এ ব্যাপারে মনিরুল হক কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।নীরব বিরোধিতা: গত সংসদ নির্বাচনে সদরে বিএনপির মনোনয়নে নির্বাচন করে হেরে যান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর-রশিদ। এর পর থেকে এখনকার মেয়র পদপ্রার্থী মনিরুল হকের সঙ্গে তাঁর দ্বন্দ্ব শুরু হয়। ২০০৯ সাল থেকে আমিন-উর-রশিদ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, শহর বিএনপি, যুবদল ও ছাত্রদলের কমিটি তাঁর অনুসারীদের নিয়ে গঠন করেন। মনিরুল হকের অনুসারীরা বঞ্চিত হন। ফলে বিএনপি ও এর অঙ্গসংগঠনে দুটি ধারা রয়ে গেছে। তার ধারাবাহিকতায় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকেরা (ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছাড়া) মাঠে নামেননি। তবে নিচের সারির নেতা-কর্মীরা অনেকেই গোপন-প্রকাশ্যে মনিরুল হকের পক্ষে ভোট চাইছেন। এ ছাড়া এক-এগারোর আগে মনিরুল হকের সঙ্গে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ, জেলা ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা জামান, জেলা যুবদলের সদস্য বিল্লাল হোসেন ও ফেরদৌস পাটওয়ারী, জেলা যুবদলের সাবেক সহসভাপতি মুজিবুর রহমান কামাল, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম উদ্দিন। পৌর এলাকায় মনিরুল হকের আশীর্বাদে দরপত্র-প্রক্রিয়াসহ নানা কিছু নিয়ন্ত্রণ করতেন এসব নেতা-কর্মী। পরবর্তী সময়ে তাঁরা সবাই আমিন-উর-রশিদের সঙ্গে ভিড়ে যান। এঁরা এ নির্বাচনে মনিরুল হকের পক্ষে মাঠে নেই। তাই ধারণা করা হচ্ছে, আমিন-উর-রশিদও নির্বাচনে মনিরুল হকের বিপক্ষে। ভোটারদের কাছে প্রচার আছে, আমিন-উর-রশিদ নীরবে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আফজল খানকে সমর্থন দিচ্ছেন। আমিন-উর-রশিদ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমরা দলীয়ভাবে এ নির্বাচন বর্জন করেছি। নিজেরা ভোটও দেব না। কাউকেই সমর্থনও দেব না। মনিরুল হককে সমর্থন বা তাঁর বিরোধিতা কোনোটাই করব না।’তবে আমিন-উর-রশিদের শ্যালক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন তাঁর ঘনিষ্ঠজন ছাত্রদলের নেতা সালমান সাঈদকে সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী করান। সালমান সাঈদের নগরে কোনো প্রচারণা ও গণসংযোগ নেই। তিনি কুমিল্লা নগর এলাকায় ভারতীয় ভোটার আছে—মর্মে হাইকোর্টে রিট করেন। মনিরুল হক স্বীকার করেন, তাঁর কিছু নেতা-কর্মী এক-এগারোর পর আমিন-উর-রশিদের সঙ্গে দলে ভিড়েছেন। তাঁর দাবি, একটা বড় দলে অনেক ঝগড়াবিবাদ থাকে। তবে যাঁরা আমিন-উর-রশিদের সঙ্গে গেছেন, তাঁদের তিনি নিজের দলে ইচ্ছা করেই ভেড়াননি। এঁরা তাঁর নির্বাচনে বাধা হয়ে দাঁড়াতে পারবেন না। নীরবে বাহার: বিএনপির প্রয়াত মন্ত্রী আকবর হোসেন বলতেন, আফজল খান ও আ ক ম বাহাউদ্দিনের দ্বন্দ্ব যত দিন কুমিল্লায় থাকবে, তত দিন তাঁর নির্বাচনে বিজয়ী হতে কোনো কষ্ট হবে না। আকবর হোসেনের শিষ্য মনিরুল হকও সেই সুবিধা পাচ্ছেন। আফজল খানের জন্য বাহার প্রকাশ্যে ভোট চাইছেন। কিন্তু নীরবে মনিরুল হকও বাহারের আনুকূল্য পাবেন বলে দুই নেতার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। এ ব্যাপারে মনিরুল হক বলেন, ‘জনগণের উন্নয়নের লক্ষ্যে মেয়র থাকাকালে বাহার সাহেবের সাহায্য নিয়েছি। কাজ এনেছি। একসঙ্গে কাজ করেছি। কাজের ব্যাপারে আমরা এক। উনার ভোট আছে এবং আমারও ভোট আছে। তাই সহযোগিতা তো আশা করবই।’ সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘আমি সদর আসনের এমপি থাকায় পৌরসভার উন্নয়নে মেয়র মনিরুল হককে কাজের জন্য সাহায্য করেছি। কিন্তু এ নির্বাচনে দলের প্রার্থী আফজল খানের পক্ষে অনেক আগ থেকেই কাজ করে যাচ্ছি।’ প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারি নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে মনিরুল হক সম্মিলিত নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করছেন। নির্বাচনে বিএনপির সরাসরি সমর্থিত কোনো প্রার্থী না থাকায় মনিরুল হককেই বিএনপির প্রার্থী মনে করা হয়।