সমর্থন প্রত্যাহার করবে না সমাজবাদী দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) থেকে সমর্থন প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে অন্যতম শরিক সমাজবাদী দল (এসপি)। এসপির প্রধান মুলায়ম সিং যাদব আজ শুক্রবার এ কথা জানান।‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানায়, সমাজবাদী দল ইউপিএ ছাড়তে পারে—প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এমন বক্তব্যের এক দিন পরই মুলায়মের কাছ থেকে এমন ঘোষণা এল।মুলায়ম বলেন, ‘আমাদের সম্পর্ক তিক্ত হয়ে ওঠেনি। আমি জানি না কিসের ভিত্তিতে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেছেন। সমর্থন প্রত্যাহারের বিষয়ে এখন পর্যন্ত দলের ভেতরেও কোনো আলোচনা হয়নি। তাই ইউপিএ সরকার থেকে সমর্থন প্রত্যাহারের কোনো প্রশ্নই ওঠে না। মাত্র আট-নয় মাস বাকি থাকতে সমর্থন প্রত্যাহার করে কেন সরকারের পতন ঘটাব।’এদিকে সমাজবাদী দলের অবস্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মন্তব্যের কয়েক ঘণ্টা পর উত্তর প্রদেশের রাজধানী লক্ষেৗতে যান অর্থমন্ত্রী পি চিদাম্বরম। সেখানে মুলায়ম সিং যাদবের ছেলে ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের নেতৃত্বের প্রশংসা করে তাঁকে দিল্লি সফরের আমন্ত্রণ জানান তিনি। একই সঙ্গে উত্তর প্রদেশের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি দেন অর্থমন্ত্রী।চিদাম্বরমের এই ঘোষণাকে ‘ললিপপ’ বলে আখ্যায়িত করেছে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।কয়েক দিন আগে মুলায়ম সিং অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার বিহারের জন্য অর্থনৈতিক প্যাকেজের ব্যবস্থা করেছে। উত্তর প্রদেশের জন্য কিছুই করছে না। কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে অখিলেশ যাদব বলেছিলেন, ‘সরকার খুব বেশি ধূর্ত এবং জনগণের সঙ্গে প্রতারণা করছে।’কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের জন্য সমাজবাদী দলের সমর্থন পাওয়াটা অপরিহার্য। কারণ, ইতিমধ্যে ইউপিএ জোট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও ডিএমকে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে সংকটে পড়েছে সরকার।