সমর্থনকে শক্তি মানছেন আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারটা বিতর্ক সবকিছু এলোমেলো করে দিতে পারে। কিন্তু এসব ঝড়-ঝঞ্ঝার পরও ক্রিকেট-পাগল পাকিস্তানের মানুষ সব সময় দলের পাশেই থাকে। দেশবাসীর এই সমর্থনকেই অধিনায়ক শহীদ আফ্রিদি মানছেন দলের বড় শক্তি। মনে করছেন দেশবাসীর এই সমর্থনই তাঁদের শিরোপা জয়ের পথে নিয়ে যাবে।পরশু হাম্বানটোটায় কেনিয়ার বিপক্ষে দিবা-রাত্রির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পাকিস্তানের বিশ্বকাপ মিশন। আর এটি তাঁরা শুরু করতে পারছেন অনেকটাই নির্ভার থেকে। ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার পাশে কোনো ক্রিকেট-বোদ্ধার চোখেই পাকিস্তান ফেবারিট নয়। আফ্রিদি এটাকেই পাকিস্তানের জন্য ভালো দেখছেন, ‘আমি মনে করি, এটা আমাদের জন্য ভালো যে, আমরা ফেবারিট হিসেবে বিশ্বকাপ খেলতে যাচ্ছি না। কারণ তাতে আমাদের কাঁধে বিশাল চাপ থাকত।’বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতিপর্বে পাকিস্তানি ক্রিকেটাররা এককাট্টা। এই সংঘবদ্ধ হওয়াটাকেও বড় শক্তি মনে করছেন আফ্রিদি, ‘আমাদের ঐক্যই আমাদের প্রধান শক্তি। ব্যক্তিগত অসাধারণ পারফরম্যান্স ভালো ফল এনে দিতে পারে। কিন্তু বিশ্বকাপ জিততে তা কখনো যথেষ্ট নয়। দল হিসেবে খেললেই শুধু বিশ্বকাপ জয়ের কথা ভাবা যায়। আমি সত্যিই আনন্দিত, পাকিস্তান শেষ পর্যন্ত দল হিসেবেই খেলছে।’পাকিস্তান অধিনায়কের মন বলছে এই বিশ্বকাপ তাদের হতে পারে, ‘ভবিষ্যদ্বাণী করতে আমি স্বস্তি বোধ করি না। কিন্তু আমার হূদয় বলছে এই বিশ্বকাপ হতে যাচ্ছে আমাদের।’ আফ্রিদির ব্যাখ্যা, ‘দল ভালো ক্রিকেট খেলছে। তার চেয়েও বড় কথা, ছেলেরা উদ্বুদ্ধ এবং বিশ্বকাপ সাফল্যের জন্য ক্ষুধার্ত।’মাথার ওপর অনেক বিতর্কের বোঝা। পাকিস্তানের মানুষ তাই চাইবেন দল বিশ্বকাপ জিতে সব বিতর্ক মাটিচাপা দিয়ে দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনুক। আফ্রিদি বলছেন, ‘আমি এ থেকে অনেক শক্তি খুঁজে পাই, দেশের মানুষ আমাদের প্রকৃত সমর্থন দেয়। ক্রীড়াঙ্গনে পাকিস্তানের সব সাফল্যের পেছনেই আছে দেশবাসীর অকুণ্ঠ সমর্থন। আমার মনে আছে, ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের মানুষ প্রার্থনায় বসেছিল। পিছিয়ে পড়া পাকিস্তানের ঘুরে দাঁড়িয়ে শিরোপা জয়ের পেছনে এটা ছিল বড় প্রভাবক।’ ওয়েবসাইট।