সমলিঙ্গে বিয়ের বিরুদ্ধে ক্যাথলিক চার্চের কঠোর অবস্থান ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমান ক্যাথলিক চার্চ ২৬ আগস্টকে জাতীয় বিবাহ দিবস হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে চার্চ কর্তৃপক্ষ রাজনীতিকদের ‘কলুষিত বিয়ের বদলে স্থায়ী বিয়ের’ পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক খবরে বলা হয়, আজ রোববার চার্চ কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়েছে। বিয়েকে ‘পুনঃসংজ্ঞায়িত’ করার সব ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্যও অনুসারীদের প্রতি নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ। বিবৃতিটি বিশ্বের সব ক্যাথলিক চার্চে পড়ার কথা রয়েছে। বিবৃতির প্রতিক্রিয়ায় স্কটল্যান্ডের সরকার বলেছে, সমলিঙ্গে বিয়েকে অধিকার হিসেবে চালুর সিদ্ধান্ত জারি থাকবে। তবে কোনো যাজক যেন এ ধরনের বিয়ে পড়াতে বাধ্য না হন, তা নিশ্চিত করা হবে।স্কটল্যান্ডে চার্চটির প্রধান কার্ডিনাল কিথ ও’ব্রায়েন গত সপ্তাহে এ বিষয়ে দেশটির প্রথম মন্ত্রী অ্যালেক্স স্যালমন্ডের সঙ্গে চলমান আলোচনা ভেঙে দেন।ওই বিবৃতিতে সরকারের পদক্ষেপকে তীব্র সমালোচনা করা হয়েছে। কর্তৃপক্ষ বিয়ে ও পরিবার বিষয়ে একটি জাতীয় কমিশন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। সমলিঙ্গের বিয়ের বিরুদ্ধে প্রচারাভিযানের ঘোষণাও দেওয়া হয়েছে। সমলিঙ্গে বিয়েকে ‘মানবাধিকারের কিম্ভূতকিমাকার বিকৃতি’ হিসেবে চিহ্নিত করে কার্ডিনাল ও’ব্রায়েন বলেন, ‘বিয়ে বিষয়ে চার্চের অবস্থান খুব পরিষ্কার। বিয়ে হলো নারী ও পুরুষের মিলন। সরকার, রাজনীতিবিদ বা পার্লামেন্ট বিয়ের সংজ্ঞা পাল্টে দেওয়ার বা একে বিকৃত করার যে চেষ্টা চালাচ্ছে, তা খুবই অন্যায়।’এ বছরের মধ্যেই সমলিঙ্গে বিয়ের বিষয়ে স্কটল্যান্ডের পার্লামেন্টে একটি বিল অনুমোদিত হওয়ার কথা।