বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার প্রেক্ষাপট ও দশ বছরের যাত্রা নিয়ে লিখেছেন উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাকের সম্পাদকবাংলাদেশের প্রকৃতিই এমন, সম্ভাবনার সবটুকু বিকশিত করার জন্য খুব ভালো প্রশাসন দরকার। দেশের মধ্য দিয়ে বয়ে চলা অজস্র নদীর গতিপথ পাল্টানোর সঙ্গে তাল মিলিয়ে প্রকৃতি বাংলাদেশের ভূ-প্রাকৃতিক চেহারা নিয়ত পাল্টে চলেছে। উঁচু মানের প্রশাসন তাই খুব জরুরি। দেশটির ক্রিকেটের বেলায়ও একই কথা প্রযোজ্য।দুর্ভাগ্যজনক হলো, প্রশাসকেরা—এ ক্ষেত্রে বলতে হয় দেশের বাইরের প্রশাসকেরা, আরও নির্দিষ্ট করে বললে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল—অবিচক্ষণের মতো হুট করে ২০০০ সালের বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দিয়ে দিল। কার্যত ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি মাত্র ওয়ানডে ম্যাচের ওপর ভর করে—১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেই জয়। পরের রাউন্ড আগেই নিশ্চিত হয়েছিল বলে যে ম্যাচ হারলে কিছুই আসে-যায় না—পাকিস্তানের সামনে ছিল এমন সরল অঙ্ক। এবং ম্যাচটা তারা হেরেও গিয়েছিল। এটা ছিল টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়—এর বেশি কিছু নয়।বাংলাদেশের আবেদন বিবেচনা করার সময় আইসিসির উচিত ছিল প্রথম শ্রেণীর ক্রিকেটকে বেশি গুরুত্ব দেওয়া। কিন্তু সেটা করা হয়নি। বরং দেশটির ক্রিকেট পর্যবেক্ষণ করার জন্য তিন সদস্যের দলটিকে যখন বাংলাদেশে পাঠানো হয়েছিল, সেরা খেলোয়াড়েরা তখন ছিল ধর্মঘটে। ওই প্রতিনিধি দলের দেওয়া প্রতিবেদনটা আমি পড়েছি। তাতে টেস্ট ক্রিকেট খেলার আগে বাংলাদেশকে দেশে-বাইরে টানা প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার সুপারিশই করা হয়েছিল। কিন্তু দেখে এমনটাই মনে হওয়া স্বাভাবিক, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ওই প্রতিবেদন আমলেই নেওয়া হয়নি। ওই সময় আইসিসির প্রধান ছিলেন জগমোহন ডালমিয়া, বাংলাদেশ সীমান্তের ওপাশেই, কলকাতায় যাঁর বাস।টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে বাংলাদেশের অভিজ্ঞতা বলতে ছিল ব্যাটিংবান্ধব উইকেটে এমসিসির বিপক্ষে দু-একটি ড্র। নিউজিল্যান্ডের ঘরোয়া একটা টুর্নামেন্টেও খেলেছিল বাংলাদেশ, যেখানে জয়হীন বাংলাদেশ ছিল সবার নিচে থাকা দল। এতে আইসিসির বোঝা উচিত ছিল, বাংলাদেশের আরও বেশ কয়েক বছর অন্যান্য দেশে সফর করে চার দিনের ম্যাচ খেলা দরকার, যেখানে তাদের তিনটি প্রাথমিক লক্ষ্য থাকবে: ব্যাটসম্যানদের সময়ের কথা মাথায় রেখে ব্যাটিংয়ে অভ্যস্ত করে বড় ইনিংস খেলার অভ্যাস গড়ে তোলা, প্রতিপক্ষকে দুবার আউট করা এবং দীর্ঘ সময় ফিল্ডিং করা।অভিষেক টেস্টের আগে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সংক্ষিপ্ত ফার্স্ট ক্লাস সফরটা শেষ হয়েছিল লজ্জা ও শোচনীয় পরাজয়ে। এর পরই তাদের নামিয়ে দেওয়া হলো টেস্ট ক্রিকেটের অথৈ সাগরে। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে জাতীয়তাবোধে উজ্জীবিত হয়ে ক্রিকেটাররা প্রথম দুই-তিন দিন নিজেদের ছাপিয়ে গিয়েছিল। কিন্তু এর পরই নেমে আসতে হলো বাস্তবতার মাটিতে। মোটামুটি গত বছরের আগ পর্যন্ত এটাই ছিল নিয়মিত একটা ছবি। গত এক বছরে অবশেষে বাংলাদেশের পারফরম্যান্সে উন্নতির ছোঁয়া লেগেছে।আমার অভিজ্ঞতা থেকে বুঝেছি, টেস্ট ক্রিকেটে যা শেখা সবচেয়ে কঠিন, তা হলো সারা দিন কীভাবে ব্যাটিং করতে হয়; বড় সেঞ্চুরি কীভাবে করতে হয়; ঝুঁকি কখন নিতে হয় এবং কখন কোন শটটি খেলতে হয়। বাংলাদেশ দলে এমন কেউ কখনোই ছিল না, যে কিনা ওপাশ থেকে তাদের এসব শেখাবে। বেদনাদায়ক ধীরগতিতে তরুণ খেলোয়াড়েরা অবশেষে জেমি সিডন্সের কথা শুনছে, শিখছে উইকেট ছুড়ে দিয়ে না আসাটাও। মাত্রই এ বছর বাংলাদেশ তাই নিয়মিত ৪০০-র মতো স্কোর করতে পেরেছে।খেলার জগতে টেস্ট ক্রিকেট হলো সবচেয়ে কঠিন খেলা। তামিম ইকবালের নেতৃত্বে টেস্টের মতো ৫০ ওভারের ক্রিকেটেও ব্যাটিংয়ে উন্নতি হচ্ছে। ফিল্ডিংয়েও উন্নতি হয়েছে। কিন্তু প্রতিপক্ষকে অলআউট করাটা এক দশক আগের মতোই কঠিন হয়ে রয়েছে। এখানেও সেই ভালো প্রশাসকদের প্রসঙ্গটি চলে আসছে। উদীয়মান ক্রিকেটারদের বোলার হতে তো আপনাকে উৎসাহিত করতে হবে। যেটির শুরুটা হওয়া উচিত ভালো বাউন্স আছে এমন উইকেটে বল করার সুযোগ দিয়ে। কিন্তু এখন পর্যন্ত এর কিছুই করা হয়নি এবং বাংলাদেশও সত্যিকার অর্থের কোনো টেস্ট দলকে এখনো দুবার অলআউট করতে পারেনি। জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের অতিরিক্ত দলকে হিসাবের বাইরে রাখাই ভালো।মোগল সাম্রাজ্যের সময় ভালো প্রশাসনই বাংলাকে পৃথিবীর সবচেয়ে সুফলা উৎপাদনশীল রাজ্য বানিয়েছিল। ভাবতে ইচ্ছা করে, ভালো প্রশাসনও একই ভাবে ক্রিকেটকে বদলে দিতে পারে। মাত্র দুবার বাংলাদেশ সফরে গেছি বলে মন্তব্য করার মতো বিশেষজ্ঞ আমি নই। কিন্তু বাইরে থেকে দেখার অভিজ্ঞতা থেকে পরিবর্তন ও উন্নতি করার মতো অনেক জায়গা দেখতে পাই আমি।এর মধ্যে একটি হলো পিচ। প্রথম শ্রেণীর নিচের পর্যায়ের খেলাগুলোতে চিরায়ত পাটের ম্যাট ব্যবহার করলে কী সমস্যা, যে ম্যাট উইকেটে গতি আর বাউন্স দুটোই আছে? অস্ট্রেলিয়ার কাছ থেকে বাংলাদেশ বেশ সাহায্য পেয়েছে বটে, কিন্তু নিজেদের মতো করেও সমাধান খোঁজা উচিত। এর সঙ্গে বলি, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে কোকাবুরার চেয়ে ভারতীয় এসজি বলই বেশি ভালো হবে।হয়তো অস্ট্রেলিয়াকে অনুকরণ করেই বাংলাদেশ ফার্স্ট ক্লাস ক্রিকেটে ছয়টি দল করেছে। কিন্তু অন্তত বাইরে থেকে দেখে মনে হয়, এই ছয় দল তাদের নিজ নিজ অঞ্চলের প্রতিনিধিত্ব করছে না মোটেও। সিলেট যেমন সিলেটে খেলে না, তাদের দলও সিলেটকেন্দ্রিক কোনো নির্বাচক কমিটি নির্বাচন করে না। স্থানীয়দের পুরোপুরি সম্পৃক্ত না করে সিলেটে ক্রিকেট তা হলে কীভাবে বিকশিত হবে?বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়া, কানাডা, বিশেষ করে লন্ডনপ্রবাসী জনগোষ্ঠীর দিকেও নজর দিতে পারে। এই জায়গাগুলোর আবহাওয়া-পরিবেশ ফাস্ট বোলিংয়ের উপযুক্ত। বোর্ড যোগাযোগ করলে এই প্রবাসীরা বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে অবদান রাখতে পারবে। আর তথ্যপ্রযুক্তির এই যুগে এটা কঠিন কিছুও নয়, যেখানে লন্ডনের একজন তরুণ ফাস্ট বোলারের ভিডিও মিনিটের মধ্যেই বাংলাদেশের একাডেমিতে পাঠানো সম্ভব।তামিম যখন ব্যাটিং করে অথবা সাকিব বোলিং করে, মুশফিক যখন উইকেটকিপিং করে কিংবা উইকেটকে মহামূল্য জ্ঞান করে ব্যাটিং করে যায়, বাংলাদেশকে মনে হয় সত্যিকারের টেস্ট দল। কিন্তু প্রশাসন এখনো এমন কোনো অবকাঠামো গড়ে তোলেনি, যা এমন বিচ্ছিন্ন দু’একজন খেলোয়াড়ের বেশি তৈরি করতে পারবে।ইংরেজি থেকে অনুবাদ রাজীব হাসান