সমস্যা মাত্র তিনটাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের এই দলের তিনটিই সমস্যা —ওরা ব্যাটিং করতে পারে না, বোলিং করতে পারে না, ফিল্ডিং করতে পারে না।মার্টিন জনসনের কাছে ঋণটা স্বীকার করে নেওয়া যাক। কথাটা এই ইংলিশ সাংবাদিকের। তবে তিনি বাংলাদেশ সম্পর্কে বলেননি। মার্টিন জনসনের কথাটা হুবহু জানতে চাইলে শুধু ‘বাংলাদেশের’ জায়গায় ‘ইংল্যান্ড’ বসিয়ে নিন। ১৯৮৫-৮৬ মৌসুমে অস্ট্রেলিয়া সফরের শুরুতে ট্যুর ম্যাচে ইংল্যান্ডের যাচ্ছেতাই পারফরম্যান্স দেখে জনসন ওই সিদ্ধান্তে পৌঁছে যান। লন্ডনের দি ইনডিপেনডেন্ট পত্রিকায় লিখেও দেন।চট্টগ্রাম টেস্টের প্রথম দুই দিন বাংলাদেশের এই দল সম্পর্কেও একই সিদ্ধান্তে পৌঁছে দিচ্ছে। ওরা ব্যাটিং যে করতে পারে না, সেটির প্রমাণ তো টেস্টের প্রথম দিনই সবাই পেয়ে গেছেন। বোলিং আর ফিল্ডিংও না পারার প্রমাণ হয়ে এল দ্বিতীয় দিন।সারা দিনে উইকেট পড়েছে চারটি। এর একটিই শুধু বোলারের কৃতিত্বে। বাকি তিনটির একটি আম্পায়ারের ভুলে। অন্য দুটি পচা বলে ব্যাটসম্যানের বোকামিতে। ইলিয়াস সানির লোপ্পা ফুলটসে এলবিডব্লু মিসবাহ-উল-হক। আজহার আলী কট বিহাইন্ড শাহাদাতের অনেক বাইরের বলে চালিয়ে। এটা অবশ্য ক্রিকেটের নিয়মই। বোলারের কৃতিত্বে যত উইকেট পড়ে, ব্যাটসম্যানদের ব্যর্থতায় তার চেয়ে অনেক বেশি। তাহলে এটি এমন ঘটা করে বলা কেন?বাংলাদেশের বোলিং যে সারা দিন সাপুড়ের কাছে সুকুমার রায়ের চাহিদামতো ওই ভদ্র সাপ হয়ে থাকল, এটা বোঝাতে। ‘চোখ নেই, শিং নেই, নখ নেই’...বোলিংয়ের সময় শাহাদাতের গর্জনের কারণে অবশ্য ‘করে না তো ফোঁসফাঁস’ কথাটা বলা যাচ্ছে না। একটা সময় বাংলাদেশের বোলারদের মধ্যে টেস্ট ম্যাচে ফাস্ট বোলিংয়ের মেজাজটা শুধু শাহাদাতের বোলিংয়েই পাওয়া যেত। অনেক দিনই তা হারিয়ে গেছে। লাইন-লেংথের ব্যাপারে মনোযোগী থাকার দুর্নাম কোনো দিনই ছিল না। তবে গতিটা ছিল। সেই গতি হারিয়ে শাহাদাত এখন মিডিয়াম পেসার। তাঁর শর্ট বলে তাই ‘বাউন্ডারি’ লেখাই থাকে। তার পরও শাহাদাতের তা করায় বিপুল আগ্রহ।উইকেটে অবশ্য পেসারদের জন্য বিন্দুমাত্র কিছু ছিল না। শুধু পেসারই বা কেন, পেসার-স্পিনার কারও প্রতিই বিন্দুমাত্র পক্ষপাত না দেখিয়ে এটি বোলারদের বধ্যভূমি হয়ে থাকল। আদর্শ টেস্ট ম্যাচ উইকেটে অবশ্য দ্বিতীয় দিনটা সব সময়ই ব্যাটসম্যানদের মৃগয়াভূমি। কাল প্রথম সেশনে দু-একটা বল তা-ও একটু টার্ন করেছে। পরের দুই সেশনে শুধু রান আটকে রাখার চেষ্টা করা ছাড়া বোলারদের আর কিছু করার থাকল না।৯০ ওভারে ২৮৩ রান সেই চেষ্টায় সাফল্যের কথাই বলছে। দিনের ষোড়শ ওভারে তৌফিক উমর আউট হয়ে না গেলে রানটা নির্ঘাত আরও কম হতো। ক্রিকেটের আদ্যিকালে প্রতি দলেই এমন একজন ব্যাটসম্যান থাকতেন, যাঁর কাজ হতো উইকেটে পড়ে থেকে শুধু ঠেকিয়ে যাওয়া। এই প্রজাতির ব্যাটসম্যানদের বলা হতো ‘স্টোনওয়ালার’। আইসিএল-পরবর্তী ক্যারিয়ারের দ্বিতীয় পর্বে তৌফিক উমর ক্রমশ এর আধুনিক সংস্করণ হয়ে উঠছেন। সকালে মাহমুদউল্লাহকে টানা তিনটি মেডেন উপহার দিলেন। শেষ পর্যন্ত উইকেটটাও তাঁকেই। বোলারের কৃতিত্বে একমাত্র যে উইকেটটির কথা বলা হয়েছিল, সেটি উমরেরই।তবে এর আগে কাজের কাজ করে দিয়ে গেছেন উদ্বোধনী জুটিতে ১৬৪ রান তুলে। এই টেস্টের প্রথম দিনের সঙ্গে ২০০১ সালের মুলতান টেস্টের মিল খুঁজে পাওয়া গিয়েছিল। পাকিস্তানের উদ্বোধনী জুটিটাও প্রায় মিলেই গিয়েছিল। সেখানে সাঈদ আনোয়ারের সঙ্গে তৌফিক উমরের ১৬৮ রানের জুটি হয়েছিল। এখানে মোহাম্মদ হাফিজের সঙ্গে ১৬৪।২০০৬ সালে ওভালে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট ম্যাচে যে কেলেঙ্কারিটা হয়ে ছিল, সেটির জন্য বিলি ডকট্রোভের ওপর রাগ আছে পাকিস্তানের। ওই টেস্টে ড্যারেল হেয়ারের সঙ্গে আম্পায়ার ছিলেন এই ডকট্রোভই। বল টেম্পারিংয়ের দায়ে পাকিস্তানকে ৫ রান জরিমানা করায় তাঁরও ভূমিকা ছিল। ডকট্রোভের ওপর পাকিস্তানের সেই রাগটা আরও বাড়ল কাল। সবচেয়ে বেশি বাড়ল মোহাম্মদ হাফিজের। হাফিজের নিখুঁত ইনিংসটা যে ডকট্রোভই ১৪৩ রানে থামিয়ে দিলেন। ইলিয়াস সানির বল ব্যাটের কানা নিয়ে তাঁর প্যাডে লাগল। ডকট্রোভ আঙুল তুলে দিলেন। অথচ বল ব্যাটে না লাগলেও ওটা সম্ভবত এলবিডব্লু হয় না।হাফিজের সেঞ্চুরি হয়েছে। ইউনুসেরটা হতে হতেও হলো না। ৯৬ রানে অপরাজিত ব্যাটসম্যানের জন্য রাতটা বিনিদ্র না কাটলেও একটু যন্ত্রণায় তো কাটবেই। অথচ ইউনুসের এত দূর যাওয়ারই কথা নয়। ১৫ রানে শাহাদাতের বলে ডিপ স্কয়ার লেগে তাঁর ক্যাচ ছেড়েছেন সানি। এর একটু আগেই নিশ্চিত রানআউট থেকে বেঁচে গেছেন শাহরিয়ার নাফীসের ব্যর্থতায়।প্রথম ইনিংসে করেছেন শূন্য। ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করতে স্লিপে মিসবাহর ক্যাচও ফেললেন নাফীস। ক্লোজ ইন পজিশনে ফিল্ডিংয়ের সময় ট্রাউজারের নিচে পড়া প্যাড পরেই কেন স্লিপে দাঁড়ালেন, এই প্রশ্নটা খুব কড়াভাবেই তাঁকে করা উচিত। ইউনুসের মতো মিসবাহ অবশ্য ‘দ্বিতীয় জীবন’টা খুব ফলপ্রসূ করে তুলতে পারেননি। ৫ রানে ‘লাইফ’ পেয়েছিলেন, আউট হয়েছেন ২০ রানে। নাফীসের কারণেই সানির দুই উইকেট হয়ে গেল আর রুবেলের উইকেটের ঘরটা শূন্যই থাকল।ম্যাচের পরিস্থিতিটা বোধহয় ব্যাখ্যা না করলেও চলে। হাতে ৬ উইকেট নিয়ে পাকিস্তান ২৮০ রানে এগিয়ে। অলআউট হয়ে গেলে ভিন্ন কথা, নইলে আজ চা-বিরতির আগে ছাড়ার সম্ভাবনা খুব কম। এরপর বাংলাদেশের শুধু ম্যাচের দৈর্ঘ্য বাড়ানোর চেষ্টাটাই করার থাকবে।সেজন্য পাকিস্তানের ব্যাটিংটা একটা ‘মাস্টার ক্লাস’ হতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য। দলের এমন ভালো অবস্থা, সঙ্গে নির্বিষ বোলিং—তার পরও পাকিস্তানি ব্যাটসম্যানরা কখনোই ভুলে যাননি যে এটা টেস্ট ম্যাচ। শুধু রান নয়, উইকেটে সময় কাটানোটাও এখানে একই রকম গুরুত্বপূর্ণ।মার্টিন জনসনকে দিয়ে শুরু করেছিলাম। তাঁকে দিয়েই শেষ হোক। ইংল্যান্ডের যে দল নিয়ে তাঁর ওই বিখ্যাত ‘ক্যান্ট ব্যাট, ক্যান্ট বোওল, ক্যান্ট ফিল্ড’ মন্তব্য, মাইক গ্যাটিংয়ের সেই দল কিন্তু অ্যাশেজ জিতে ফিরেছিল। মার্টিন জনসন তাতে বিন্দুমাত্র বিব্রত না হয়ে বলেছিলেন, ‘রাইট লাইন, রং টিম।’ অর্থাৎ কথাটা ঠিকই ছিল, শুধু দলটা ইংল্যান্ডের বদলে অস্ট্রেলিয়া হবে।বাংলাদেশও কি পারবে এমন কিছু বলতে বাধ্য করতে!দ্বিতীয় দিনের শেষেবাংলাদেশ ১ম ইনিংস: ১৩৫পাকিস্তান ১ম ইনিংস: ৪১৫/৪