ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) পুনর্মূল্যায়িত ফলাফল বাতিল নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের বিশেষজ্ঞ মতামত জানতে চেয়েছেন হাইকোর্ট। ২৮ নভেম্বর তাঁকে আদালতে উপস্থিত হয়ে মতামত দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গতকাল বুধবার আদালত ১২ শিক্ষার্থীর করা রিটের ওপর দুই দিন শুনানি নিয়ে আগামী সোমবার শুনানির পরবর্তী দিন ধার্য করেছিলেন। আদালত সূত্র জানায়, আজ সকালে এ সমস্যা নিরসনে কোনো সুপারিশ রয়েছে কি না, তা ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান আদালত। জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বলেন, মুহম্মদ জাফর ইকবাল একজন প্রথিতযশা তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। তিনি আইসিটির উদ্ভাবকও বটে। সমস্যা সমাধানে তাঁর মতামত নেওয়া যেতে পারে। এ বি এম আলতাফ হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে বিশেষজ্ঞ মতামত দিতে অধ্যাপক জাফর ইকবালকে ২৮ নভেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন। ওই দিন বিষয়টি নিয়ে করা রিট আবেদনের শুনানির দিনও ধার্য রয়েছে। সমস্যার সমাধানে প্রযুক্তিগত ব্যবহারিক কোনো উপাদান তাঁর কাছে থাকলে তা-ও নিয়ে আসতে বলা হয়েছে। প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আওতায় ‘গ’ ইউনিটের পরীক্ষা হয়। ৩১ অক্টোবর ফল প্রকাশ হয়। প্রত্যাশিত ফল না পেয়ে ১ নভেম্বর অনেক শিক্ষার্থী উত্তরপত্র মূল্যায়নে ভুল আছে বলে অভিযোগ করেন। বিষয়টি সাংবাদিকেরা কর্তৃপক্ষের কাছে তুলে ধরলে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে ২ নভেম্বর পুনরায় ফল প্রকাশ করা হয়। এরপর কয়েক শ শিক্ষার্থী আবারও ফল পুনর্মূল্যায়নের দাবি জানালে ১৯ নভেম্বর ডিনস কমিটির জরুরি সভায় ফল বাতিল করা হয়। সর্বশেষ ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৯ ডিসেম্বর ফের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।