সমস্যা সমাধানের উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে চলমান রাজনৈতিক সহিংসতা, হরতাল আর জ্বালাও-পোড়াও কর্মসূচির সমাধান রাজনৈতিকভাবে করতে হবে। দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর এসব কর্মসূচি বাদ দিয়ে মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়টি পুরোপুরি আদালতের ওপর ছেড়ে দিতে হবে।সমস্যা হলো, এ বিষয়ে আমাদের কথা বা পরামর্শ মাঠের খেলোয়াড়েরা শুনবেন না। যাঁরা মাঠে খেলছেন, তাঁরা সবকিছু বুঝেও না বোঝার ভান করছেন। এঁরা জেগে থেকে ঘুমান। এমন লোককে বুঝিয়ে কোনো লাভ নেই। সুতরাং আমি কিছু বললেও লাভ হবে না। কারণ, আমাদের কথা রাজনীতিবিদেরা আমলে নেবেন না। এখন এক আল্লাহর কাছে ফরিয়াদ করা ছাড়া কোনো উপায় নেই। বসে বসে মহাত্মা গান্ধীর গান গাইতে হবে, ‘সবকো সুমতি দে ভগবান’। আল্লাহ যদি সুমতি দেন, তবেই হয়তো সব দলের নেতারা সংলাপজাতীয় কিছু একটার আয়োজন করবেন।১৯৫৮ সালের অক্টোবরে আইয়ুব খানের সামরিক শাসন জারির পর একটি ইংরেজি জাতীয় দৈনিকে তাৎপর্যপূর্ণ একটি কার্টুন ছাপা হয়েছিল। কার্টুনটি ছিল এমন—দুটি শেয়াল কামড়াকামড়ি করতে করতে খাদের ভেতর তলিয়ে যাচ্ছে। পাশে উর্দি পরা গোঁফওয়ালা একটি লোক বসে বসে গোঁফে তা দিচ্ছে। আমি এ থেকে কী বোঝাতে চাইছি, সেটা নিশ্চয় সবাই বুঝবেন। জামায়াত বলছে, সব যুদ্ধাপরাধীকে ছেড়ে দাও। আরেক পক্ষ বলছে, যুদ্ধাপরাধীদের ফাঁসি দিয়ে দাও। তাদের কথামতোই যদি সবকিছু হবে, তাহলে দেশে আদালত আছে কেন? গায়ের জোরে, হত্যা, রক্তপাত আর অগ্নিসংযোগ করে সবকিছু আদায় করতে গেলে তো দেশে আইনের শাসন থাকবে না।বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে দেশের অর্থনীতির। এক সপ্তাহের মধ্যে চার দিন হরতালে চলে গেল। রোববার কী হবে জানি না। যারা হরতাল দিচ্ছে, তারা কি একবারও ভাবতে পারে না, দেশের অর্থনীতি কোথায় গিয়ে ঠেকছে? শাহবাগে আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে দুর্ভোগটা পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তিদের পক্ষে-বিপক্ষের কর্মসূচির কাছে পুরো জাতি এখন জিম্মি।ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। দিনটি বাঙালির জন্য গর্বের। অথচ বিএনপি-জামায়াত হরতাল দিয়ে দিল। খামোখা হরতাল। আসলে ৭ মার্চের দিনটির প্রতি তাদের সমর্থন বা শ্রদ্ধা কোনোটিই নেই। এসবের কোনো কিছুই কাম্য নয়। আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসতে হবে। তারা সিদ্ধান্ত নিতে পারে, দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর কোনো কর্মসূচি তারা নেবে না। সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে হরতাল, মানুষ খুন, অগ্নিসংযোগ বন্ধ করে পুরো বিষয়টি আদালতের ওপর ছেড়ে দিতে পারে। বিরোধী দলের উচিত, হরতাল আর জ্বালাও-পোড়াও কর্মসূচি বাদ দেওয়া। যাচ্ছেতাইভাবে গুলি করা বন্ধ করতে হবে পুলিশকে।দুঃখজনক হলো, সমস্যা সমাধানের কোনো উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না। মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত একজনের সাজা হওয়ার পর তাঁর আইনজীবী বললেন, তাঁরা আপিল করবেন। অথচ দেখা গেল, আপিলের আগেই দেশজুড়ে দাঙ্গা-হাঙ্গামা শুরু হয়ে গেল। অর্থাৎ আইনের শাসনের প্রতি কারও কোনো শ্রদ্ধা নেই।ড. এম জহির: বিশিষ্ট আইনজীবী