সমস্যা সমাধানের চেষ্টা নেই কর্তৃপক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর পৌরসভা গঠিত হয় ১৯৯৭ সালের ১০ নভেম্বর। ২০০৬ সালে এটি ‘খ’ শ্রেণীতে উন্নীত হয়। মোট ১৬ দশমিক ৫৫ বর্গকিলোমিটার আয়তনের ১২টি গ্রাম নিয়ে এই পৌরসভার কার্যক্রম চলছে। সর্বশেষ হিসাব অনুযায়ী এখানে চার হাজার ৪৪৩টি পরিবারে ৩২ হাজার ২৫০ জন মানুষ বসবাস করছে।পৌরসভার বয়স এক যুগ পেরিয়ে গেলেও আজো সব এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। জানা গেছে, পৌর এলাকায় পাকা নর্দমা আছে প্রায় চার কিলোমিটার আর কাঁচা নর্দমা আছে ২৫ কিলোমিটারের বেশি। শহরে কোনো যানবাহনের স্ট্যান্ড বা টার্মিনাল না থাকায় যানজট লেগেই থাকে।পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে এলাকার নাগরিকেরা সব ধরনের সুযোগসুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ভাঙাচোরা রাস্তাগুলোয় চলাচল করা যায় না। রাতে পৌর এলাকার পাড়াগুলো অন্ধকারে থাকে। রাস্তায় বাতি নেই, থাকলেও জ্বলে না। পৌর এলাকার জয়নগর, মহাদেবপুর ও গাংড়া এলাকা নিয়ে ২ নম্বর ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডের জয়নগর গ্রামের বাসিন্দা বাচ্চু জানান, তাঁদের এলাকার রাস্তা দিয়ে শুষ্ক মৌসুমে চলাচল করা গেলেও বর্ষায় সামান্য বৃষ্টি হলে চলাচল করা যায় না। এ ওয়ার্ডের অধিকাংশ রাস্তা ভাঙাচোরা। বেহাল সড়ক, ভোগান্তি মানুষের : পৌর এলাকার ১১৫ কিলোমিটার সড়কের মধ্যে ৪ দশমিক ৭৮৬ কিলোমিটার পাকা, আধাপাকা ৫৩ দশমিক ৩৯২ কিলোমিটার, কাঁচা ৩৭ কিলোমিটার এবং সম্পূর্ণ বেহাল অবস্থা ১৬ দশমিক ৬০ কিলোমিটার। তাহেরপুরের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, এ পৌর শহরে শুধু নেই আর নেই। পৌরসভার উন্নয়ন ও সাফল্য বলতে কুকুর নিধন। সড়ক নির্মাণ, বিদ্যুতায়ন করা, যানজট নিরসন, অবৈধ নসিমন-করিমন, ইজিবাইক চলাচল বন্ধ করা, ফুটপাত নির্মাণ ইত্যাদি বিষয়ে পৌর কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই।এক যুগের বেশি সময় পার হলেও এ পৌরসভায় পানি সরবরাহের ব্যবস্থা নেই। বিগত কয়েকটি বছর শুধু পরিকল্পনায় সময় পার হয়ে গেছে। পৌর শহরের অমল কান্তি চ্যাটার্জি বলেন, সুপেয় পানির অভাবে পৌরবাসী প্রায়ই রোগে আক্রান্ত হয়। নেই পর্যাপ্ত আর্সেনিকমুক্ত নলকূপ। মাত্র ১০১টি আর্সেনিকমুক্ত নলকূপ দিয়ে চলছে সুপেয় পানির ব্যবস্থা।সব ওয়ার্ডে মশার সমস্যা: শহরের মনিরামপুর মহল্লার বাসিন্দা অধ্যাপক উত্তম চন্দ্র বলেন, ‘রাতে মশা, দিনে মাছি, এই নিয়ে মনিরামপুরে আছি।’ শহরের ময়লা-আর্বজনা, ঝোপ-ঝাড়, অপরিষ্কার নর্দমা এবং পয়োপ্রণালী ব্যবস্থা না থাকায় মূলত মশা, মাছি বৃদ্ধি পায়। এ ছাড়া নামকাওয়াস্তে লোক দেখানো কিছু মশার ওষুধ ছিটানো হলেও কাজের কাজ কিছু হয় না। বিশেষ করে মশার প্রজনন সময়ে একবারেই ওষুধ ছিটানো হয় না।নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্ন হয় না : পৌরসভা গঠিত হওয়ার পর যেটুকু কাঁচা-পাকা নর্দমা নির্মাণ করা হয়েছে, তা আজ পর্যন্ত তেমন পরিষ্কার করা হয়নি বলে অভিযোগ করেন কামালপুর মহল্লার বাসিন্দা আলমগীর হোসেন ওরফে ইয়ার আলী। তিনি বলেন, নাগরিক সুবিধার জন্য যে উদ্দেশ্যে পৌরসভা গঠিত হয়েছে, তা থেকে পৌরবাসী বঞ্চিত হচ্ছে। শহরে যানজট ও চলাচলে ভোগান্তি: যত্রতত্র ব্যাটারিচালিত ইজিবাইকের চলাচল ও ফুটপাত না থাকায় শহরে চরম যানজটের সৃষ্টি হচ্ছে। পৌর শহরের মুদি ব্যবসায়ী শক্তিপদ বসু বলেন, বিশেষ করে কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে উত্তর মাথা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। এ ছাড়া মনিরামপুর-সাতক্ষীরা সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা এবং নির্দিষ্ট স্থানে বাস না দাঁড়ানোর জন্য যানজট লেগে থাকে। পৌরশহরের ফল বিক্রেতা তাপস সাহা বলেন, যেই ক্ষমতায় আসে, সেই যানজট নিরসনের জন্য বাইপাস সড়কের কথা বলে। অথচ এক যুগের মধ্যে বাইপাস সড়কের কোনো আলামত পৌরবাসী দেখতে পায়নি।বিনোদনের সুযোগ নেই : কলেজ শিক্ষক নিরঞ্জন দাসের সাত বছর বয়সী শিশুপুত্র রাতুল টিভিতে শিশুপার্ক দেখে প্রায়ই বাবা-মার কাছে বায়না ধরে শিশুপার্কে যাবে বলে। ছেলের এই আবদার তার বাবা-মা আজ পর্যন্ত পূরণ করতে পারেনি। শুধু নিরঞ্জন নয়, অনেক বাসিন্দা তাঁদের স্ত্রী-সন্তানদের নিয়ে খোলা জায়গায় বা পার্কে কিছুটা সময় কাটানোর জন্য স্থান খোঁজেন। কিন্তু মনিরামপুর পৌরশহরে এ সুযোগ নেই। এ পৌর শহরে শিশুপার্ক তো দূরের কথা, সামান্য বিনোদনের জন্য কোনো ব্যবস্থা নেই। কয়েকটি বাজার স্থানান্তর প্রয়োজন : পৌর শহরের পশুসম্পদ অধিদপ্তরের সামনে পাইকারী কাঁচা বাজার, পাবলিক লাইব্রেরির জায়গায় অবৈধ মাংসের বাজার, প্রভাতী বিদ্যালয়ের সামনে চারার হাটসহ গরু-ছাগলের হাট স্থানান্তরের দাবি পৌরবাসীর দীর্ঘ দিনের। কাউন্সিলর গৌর ঘোষ বলেন, ‘এসব হাটবাজার শহরের মধ্য থেকে সরিয়ে নেওয়ার জন্য আমরাও পরিষদে পৌরবাসীর পক্ষে দাবি জানিয়েছি।’গণশৌচাগার অপর্যাপ্ত : শহরের দোলখোলা এলাকার বাসিন্দা তুষার কান্তি বলেন, পৌরসভা গঠনের পর আজ পর্যন্ত মাত্র একটি গণশৌচাগার নির্মাণ করা হয়েছে। ফলে অপর্যাপ্ত শৌচাগারের জন্য দূর-দূরান্তের মানুষের ভোগান্তি শেষ নেই। কর্তৃপক্ষের ভাষ্য, মডেল পৌরসভা গঠনে আরও গণশৌচাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে।অবিদ্যুতায়িত মহল্লা : পৌর শহরের জয়নগর, মহাদেবপুর ও গাংড়া নিয়ে ২ নম্বর ওয়ার্ড গঠিত। আধুনিক সভ্যতার ক্রমবিকাশে পৌরসভার কোনো মহল্লা বিদ্যুতের অভাবে অন্ধকারে নিমজ্জিত থাকে, এটা ভাবা যায় না, বললেন ওই ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘বিগত সাত বছরে নির্বাচনী ওয়াদা পূরণ করতে পারিনি।’ মহাদেবপুরের বাসিন্দা বিরাম সরকার বলেন, ‘আগামী নির্বাচনের আগে আমাদের গ্রামে বিদ্যুৎসংযোগ না দিলে এখানকার বাসিন্দারা ভোটাধিকার প্রয়োগ করবে না। শুধু মহাদেবপুর নয়, পৌর শহরের অনেক মহল্লায় এখনো বিদ্যুতের আলো পৌঁছায়নি।একমাত্র কবরস্থান বেদখল : পৌরবাসীর সবচেয়ে বড় সমস্যা এখন কবরস্থান বেদখল হয়ে যাওয়া। ফলে মানুষের মৃত্যুর পর অনেক ভূমিহীন পরিবার দিশেহারা হয়ে পড়ে। জানা গেছে, কয়েক বিঘা খাস জমির ওপর পৌর কর্তৃপক্ষ প্রাচীর দিয়ে একটি কবরস্থান স্থাপন করে। কিন্তু দুর্গাপুর গ্রামের আবু বকর গাজী নিজের বাবার নামে ওই সম্পত্তির মালিকানা দাবি করে মামলা করেন। মামলায় নিজেদের পক্ষে রায় হওয়ায় পুরো কবরখানা তাঁরা জবর-দখল করে নেন বলে পৌরবাসীর অভিযোগ।বাস-ট্রাক রাখার নির্দিষ্ট জায়গা না থাকা: তাহেরপুরের বাসিন্দা শাহিনুর রহমান বলেন, প্রায় ২০০ বাস-ট্রাক রাখার নির্দিষ্ট স্থান না থাকায় শহরের যত্রতত্র গাড়ি রাখা হয়। যানজটের এটাও একটি অন্যতম কারণ। শহরে টার্মিনাল না থাকায় অনেকেই জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে বাস-ট্রাক রাখে। কর্তৃপক্ষের ভাষ্য, শহরের কাছে ভালো জায়গা পেলে বাস-ট্রাক রাখার টার্মিনাল করা হবে।