সমস্যার অন্ত নেই সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সরকারি শিশু (বালিকা) পরিবারটি কর্মকর্তা-কর্মচারীসংকট, গ্যাস-সংযোগ না থাকাসহ নানা সমস্যার ভেতর দিয়ে চলছে। ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আছেন মাত্র পাঁচজন। চারজনের স্থলে মাত্র একজন ‘খালাম্মা’ দায়িত্ব পালন করছেন। অথচ এই খালাম্মাই শিশুদের দেখাশোনার মূল কাজটি করে থাকেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয় সুনামগঞ্জ শহরের হাছন নগর এলাকায় ২০০৩ সালে ‘সুনামগঞ্জ সরকারি শিশু পরিবার’ গড়ে তোলার উদ্যোগ নেয়। এরপর ২০০৯ সালের ১৭ ফেব্রুয়ারি ১০০ জন শিশু নিয়ে এটি চালু হয়। শুরুতে ১০০ জন শিশু থাকলেও এখন জেলার বিভিন্ন উপজেলার ৮৫ জন শিশু আছে এখানে। এদের সবার বয়স ১৪ বছরের নিচে। একটি পাঁচতলা ভবনে তাদের থাকার ব্যবস্থা আছে।জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রতিটি শিশুর জন্য সরকার থেকে মাসিক বরাদ্দ আছে এক হাজার ৫০০ টাকা। এর ভেতরেই তাদের শিক্ষা-চিকিৎসা ও খাওয়া-পরার সব খরচ ধরা রয়েছে। এখানে সব মিলিয়ে ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর পদ থাকলেও দায়িত্ব পালন করছেন মাত্র সাতজন। ১৬ জনের মধ্যে শুরু থেকেই সুপার, সহকারী সুপার ও অফিস সহকারীর পদ শূন্য আছে। শিশুদের দেখাশোনা করার মূল দায়িত্ব পালন করে থাকেন ‘খালাম্মারা’। এই খালাম্মা আছেন মাত্র একজন। অথচ এখানে চারজন খারাম্মার পদ আছে। এর মধ্যে দুজন সুনামগঞ্জ থেকে বেতন নিলেও তাঁরা কাজ করেন অন্যত্র। শুরু থেকেই তাঁরা প্রেষণে আছেন অন্য শিশু পরিবারে। আলফাতুন নাহার নামের একজন খালাম্মা আছেন সিলেটে আর নুশরাত জাহান নামের আরেকজন আছেন কিশোরগঞ্জে। এখান থেকে তাঁদের বেতন হলেও তাঁরা এখানে দায়িত্ব পালন করেন না। একইভাবে আরও দুজন এমএলএস মনিরা সুলতানা কিশোরগঞ্জে এবং রফিকুল ইসলাম ময়মনসিংহে প্রেষণে আছেন। তাঁরাও বেতন নেন সুনামগঞ্জ শিশু পরিবার থেকে। এ ছাড়া মাসুমা পারভীন নামের আরেক খালাম্মা এক বছর ধরে ছুটিতে আছেন। তাঁকে বারবার নোটিশ দেওয়ার পরও তিনি কাজে যোগদান করছেন না।বর্তমানে সুনামগঞ্জ শিশু পরিবারে কারিগরি প্রশিক্ষক দুজন—কম্পাউন্ডার একজন, খালাম্মা একজন এবং এমএলএস একজন দায়িত্ব পালন করছেন। একজন খণ্ডকালীন চিকিৎসকের পদ থাকলেও এ পদে কোনো চিকিৎসক নিয়োগ হয়নি। তাই কম্পাউন্ডারই শিশুদের চিকিৎসা দিয়ে থাকেন।শিশু পরিবারে গিয়ে দেখা গেছে, একটি ভবনের পাশে খোলা জায়গায় এই কম বয়সী শিশুরাই রান্নাবান্নার কাজ করছে। এ জন্য আলাদা কোনো পাচক নেই। তারা নিজেরাই তিন বেলা ৮৫ জনের রান্নার কাজটি করে। শিশু পরিবারে গ্যাস-সংযোগ না থাকায় সমস্যা হচ্ছে আরও বেশি। প্রতি মাসে ১১০ থেকে ১২০ মণ লাকড়ি লাগে। এতে প্রতি মাসে প্রায় ২০ হাজার টাকা লাগে। এই টাকা আবার কাটা যায় শিশুদের বরাদ্দ থেকে। পাশাপাশি গ্যাস থাকলেও এখনো গ্যাস-সংযোগ দেওয়া হয়নি শিশু পরিবারে। রয়েছে বিদ্যুতের সমস্যাও।খালাম্মার দায়িত্বে থাকা তাহেরা আক্তার জানান, তিনি একাই শিশুদের দেখাশোনার কাজটি করেন। তাদের লেখাপড়া, খাওয়া-দাওয়া সব কিছুই। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিশুদের স্কুল থাকে। সেখানে তাদের নানা বিষয়ে পড়ানো হয়। এখানেই তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠ নেয় পরিবারের শিশুরা। এরপর বাইরের স্কুলে তাদের ভর্তি করে দেওয়া হয়। শিশুদের বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নেই। তাহেরা আক্তার বলেন, ‘যখন শিশুরা রান্না করে, তখন টেনশনে থাকি। কখন কী হয়, বলা তো যায় না। বৃষ্টির দিনে সমস্যা হয় বেশি। আরও খালাম্মা থাকলে সবাই মিলে কাজ করতে পারতাম। তখন চাপ কম হতো।’সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু জানান, সম্প্রতি সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তাফা শহীদ সুনামগঞ্জে এসেছিলেন। সে সময় মন্ত্রীকে শিশু পরিবারের সব সমস্যার কথা বলা হয়েছে। তিনি বিষয়গুলো দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।’ এ ব্যাপারে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. তোরণ মিয়া জানান, গ্যাসের জন্য একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন হলে গ্যাসের সংযোগ দেওয়া হবে। এ ছাড়া মাসিক প্রতিবেদনে পদ শূন্য থাকার বিষয়টি নিয়মিত জানানো হয়। প্রেষণে থাকা কর্মচারীদের প্রসঙ্গে তিনি জানান, এ ব্যাপারে স্থানীয়ভাবে কোনো কিছু করার নেই। এ সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিয়ে থাকেন, তবে একজন খালাম্মা দীর্ঘদিন থেকে অনুপস্থিত থাকায় তাঁকে শোকজ করা হয়েছে।