সমস্যার চিরকুট
আমতলী-মহাখালী ওয়্যারলেসফুটপাত দখল করে রাখার দরকার কীঈদের আগে তিতুমীর কলেজ থেকে মহাখালীতে আসার পথে নজরে পড়ল এই দৃশ্য। ব্যাংকের বিল দেওয়ার জন্য সারি ধরেছে কিছু মানুষ। কিন্তু তারা সারি ধরেছে ব্যাংকের বাইরে ফুটপাতে। পথচারীদের চলাচলের ফুটপাত দখল হয়ে গেছে। আর রাস্তার পাশে গাড়ি রাখায় পথচারীদের হাঁটতে হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।জানে আলম, ঢাকা[email protected] ফুটপাত ও রাস্তা পথচারীবান্ধব করতে কী করা হচ্ছে, জানতে চাইলে ডিএমপি ট্রাফিকের ডিসি কমিশনার (উত্তর) বিধান ত্রিপুরা জানান, মূলত রাজউকের নকশা লঙ্ঘন করে সড়কের পাশের ভবনগুলোর গাড়ি রাখার জায়গায় বাণিজ্যিক স্থাপনা তৈরি করা হয়েছে। এ জন্য লোকজন গাড়ি রাস্তায় রাখতে বাধ্য হচ্ছে। রাজউক যদি ভবনগুলোর গাড়ি রাখার জায়গা উদ্ধার করতে পারে, তবে সহজেই ফুটপাত ও রাস্তা থেকে গাড়ি ও মানুষের চাপ কমে যাবে। ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমতলী থেকে মহাখালী পর্যন্ত সড়কের অংশে এখন প্রতিদিনই অবৈধভাবে গাড়ি রাখার দায়ে মামলা করা হচ্ছে। কবি জসীমউদ্দীন হলছারপোকার লীলাভূমিঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছারপোকার কথা কে না জানে। কিন্তু আমার মনে হয়, কবি জসীমউদ্দীন হল হলো ছারপোকাদের লীলাভূমি। কেউ না দেখলে ধারণা করতে পারবেন না, কী পরিমাণ ছারপোকা রয়েছে এ হলে। আমাদের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে ছারপোকার কারণে। রাতে ছারপোকার কামড়ে তো ঘুমানোই মুশকিল। একদিন আমি রাতের খাবার খাওয়ার জন্য হলের ক্যান্টিনে গিয়ে দেখি, আমার সাদা শার্টের ওপর হেঁটে বেড়াচ্ছে একটি অকুতোভয় ছারপোকা। সেদিন আমি যে কী পরিমাণ লজ্জা পেয়েছিলাম, তা কেবল আমিই জানি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কি লজ্জা-শরম নেই? শাহীন ইসলাম[email protected] এ প্রসঙ্গে কবি জসীমউদ্দীন হলের প্রভোস্ট আখতারুজ্জামান বলেন, ‘সব হলেই ছারপোকা আছে। সব সময়ই ছারপোকা থাকে। অতিরিক্ত লোকজন ও অধিক কাঁথা-বালিশ থাকার কারণে ছারপোকা হয়। আমরা এর আগেও একবার ছারপোকা দমনের উদ্যোগ নিয়েছি। কয়েক দিন পর ওষুধ দেব।’ কামরাঙ্গীরচরগ্যাস-সংকটের নিরসন চাইকামরাঙ্গীরচরের দক্ষিণ-পূর্বাঞ্চলে তীব্র গ্যাস-সংকটের কারণে আবাসিক গ্রাহকেরা বছরজুড়েই চরম দুর্ভোগে রয়েছে। প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত পাইপলাইনে গ্যাসের প্রবাহ কম থাকায় দিনে রান্না করা সম্ভব হয় না। বিকল্প ব্যবস্থায় রান্না করতে হয়, নতুবা শুকনো খাবার খেতে হয়। রাত ১০টার পর গ্যাসের প্রবাহ স্বাভাবিক হলে অধিকাংশ পরিবার পরের দিনের জন্য অগ্রিম রান্না করে ফ্রিজে রেখে দেয়; কিন্তু যাদের ফ্রিজ নেই, তাদের পচা-বাসি খাবার খেতে হয়। চরের ৬০ শতাংশ বাসিন্দা ভাড়াটিয়া। অধিকাংশ বাড়িতে পাঁচ থেকে সর্বোচ্চ ৫০টি করে ভাড়াটিয়া পরিবার থাকে। স্বাভাবিক গ্যাস থাকা অবস্থাতেই তাদের সারিতে দাঁড়িয়ে পর্যায়ক্রমে রান্না করতে হয়; পাইপলাইনে গ্যাসের প্রবাহ কম থাকলে তো তাদের কষ্টের সীমা থাকে না।বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সর্বপ্রথম চরে গ্যাস-সংযোগ দেওয়া হয়। চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে দুই থেকে চার ইঞ্চি ব্যাসের ৬৯ কিলোমিটার পাইপলাইন স্থাপন করে। বর্তমানে চর এলাকায় আট হাজার আবাসিক গ্রাহক, ১৬৫ বাণিজ্যিক গ্রাহক ও আটটি শিল্প গ্রাহক রয়েছে। প্রায় এক বছর আগে হাজারীবাগের ডিআরএস থেকে চরের উত্তরাঞ্চলে আট ইঞ্চি ব্যাসের পাইপলাইন সম্প্রসারণ করায় সেখানে গ্যাসের সংকট নেই। কয়েকটি শিল্পকারখানা প্রতিদিন প্রচুর পরিমাণে গ্যাস টানায় চরের দক্ষিণ-পূর্বাঞ্চলে এ সংকট বিরাজ করছে প্রায় তিন বছর ধরে। শিল্পকারখানাগুলো যখন বন্ধ থাকে, তখন পাইপলাইনে গ্যাসের প্রবাহ স্বাভাবিক হয়। একাধিক বিশ্বস্ত সূত্র জানায়, গ্যাস সংকটের কারণে এ অঞ্চলের কোনো নতুন গ্রাহককে সংযোগের অনুমোদন দিচ্ছে না তিতাস গ্যাস-কর্তৃপক্ষ। অভিজ্ঞ মহল মনে করছে, গ্যাস-সংকটকবলিত এ অঞ্চলে আট ইঞ্চি ব্যাসের পাইপলাইন স্থাপন করা হলে গ্যাসের সংকট থাকবে না। উল্লেখ্য, এর আগে এ সংকট নিরসনের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে একাধিক লিখিত অভিযোগ করেও কোনো ফল হয়নি। এ ব্যাপারে অচিরেই যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।ইলিয়াছ আহমদ রহমতবাগ, কামরাঙ্গীরচর, ঢাকা। কামরাঙ্গীরচরের গ্যাস সরবরাহ অবকাঠামো নিয়ে কথা হয় তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (পরিকল্পনা) নিজাম উদ্দিন সরকারের সঙ্গে। তিনি বলেন, সরকারের সিদ্ধান্তে এখন নতুন এলাকায় গ্যাস সরবরাহ নল সম্প্রসারণকাজ বন্ধ আছে। তবে যেখানে সরবরাহ আছে সেখানে সরবরাহ নল সংস্কার বা উন্নয়নের কাজ করা হয়। কামরাঙ্গীরচরে একটি সংযোগ নল উন্নয়নের কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সেখানে প্রধান সরবরাহ নল বদল করে আরও বড় ব্যাসার্ধের নল বসানো হবে। ওই এলাকায় বর্তমানে নতুন কোনো শিল্প-কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। তবে আবাসিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা (বাণিজ্যিক গ্রাহক) নতুন সংযোগ পাচ্ছে বলে তিনি দাবি করেন। দক্ষিণ যাত্রাবাড়ীভিডিও গেমসের দোকান বন্ধ করা হোকদক্ষিণ যাত্রাবাড়ীর খালপাড় এলাকায় বেশ কয়েকটি ভিডিও গেমসের দোকান রয়েছে। স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীরা স্কুল ফাঁকি দিয়ে সেখানে গেমস খেলতে যায়। এতে ছাত্রছাত্রীদের পড়াশোনার ভীষণ ক্ষতি হয়। এ ছাড়া এখানে চলে নানা রকম অবৈধ কাজ। তাই ভিডিও গেমসের দোকান বন্ধের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. মেহেদি হাসানদক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, স্কুলসময়ে যাতে শিক্ষার্থীরা ভিডিও গেমসের দোকানে না যায়, তার জন্য সাদা পোশাকে পুলিশি প্রহরার ব্যবস্থা করা হবে।