সমস্যার চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, আপনিই হতে পারেন আপনার এলাকার ‘ঢাকায় থাকি’র স্থানীয় প্রতিবেদক। নগরের যে প্রান্তেই থাকুন না কেন, জানান আপনার এলাকার ছোট-বড় নাগরিক সমস্যার কথা। সংক্ষেপে হলেও ‘সমস্যার চিরকুট’ বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা তুলে ধরব আপনাদের দুর্ভোগের কথা। এলাকার সমস্যার কথা বিস্তারিত লিখতে না পারলে ‘চিরকুট’ আকারেও লিখে পাঠাতে পারেন। সমস্যা বা দুর্ভোগের কথা এবং অভিযোগ চিঠিতে জানাতে চাইলে খামের ওপর লিখুন ‘ঢাকায় থাকি, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫’। ই-মেইলেও ([email protected], [email protected]) লেখা পাঠাতে পারেন। সমস্যার কথা ঢাকায় থাকি বিভাগে টেলিফোন করেও জানাতে পারেন। পাঠকের পাঠানো সমস্যার চিরকুটগুলোর ব্যাপারে খোঁজ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন ও ছবি তুলেছেন মিল্লাত হোসেন, কাওছার শাকিল, আজহার হোসেন ও রিমন রাহী উত্তরাফুটপাতে হকারদের উত্পাতরাজধানী ঢাকার খিলক্ষেত, এয়ারপোর্ট, উত্তরা, আজমপুর, আবদুল্লাহপুর ও এর আশপাশের সড়কের ফুটপাতগুলো পুরোপুরি এখন হকারদের দখলে। এসব এলাকা দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারীকে চলতে হয়। ফুটপাতের এক ইঞ্চি জায়গায়ও হকারমুক্ত নেই। হকারদের বেপরোয়া অবস্থানে পথচারীদের বেশ অসুবিধার মধ্যে চলাচল করতে হচ্ছে। আবার নতুন নতুন সিটিং সার্ভিস গাড়ির কাউন্টার বসিয়ে পুরো এলাকাটিই চলাচলের অনুপযোগী করে তোলা হয়েছে। রাজধানীর ব্যস্ততম এ এলাকাকে হকারমুক্ত করে পথচারীদের চলাচল সুগম করার দাবি দীর্ঘদিন ধরে করা হলেও দিনের পর দিন ভোগান্তি শুধু বেড়েই চলেছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনেই বছরের পর বছর চলছে এই দখল-বাণিজ্য। দখলমুক্ত করা তো দূরের কথা, বাড়তি টাকার লোভে নতুন দখলদারেরা আস্তানা গাড়ছেন আইনের রক্ষকদের হাত ধরেই। পুলিশকে মোটা অঙ্কের টাকা দিয়ে তাঁরা পালা করে ব্যবসা করছেন ব্যস্ততম ফুটপাতে। এভাবে আর কত দিন? কর্তৃপক্ষ দৃষ্টি দিলে হয়তো কিছুটা হলেও সমাধান হবে।মাঈনুল হাসানমাটিকাটা বাজারঢাকা ক্যান্টনমেন্ট  ফুটপাত থেকে হকার উচ্ছেদে পুলিশ কাজ করছে বলে দাবি করেন ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (উত্তরা জোন) এস এ নেওয়াজী। তিনি বলেন, ফুটপাত ও রাস্তায় হকারদের চৌকি কিংবা অস্থায়ী ঘর করতে বাধা দেওয়া হচ্ছে। তবে তাদের রোজগার চালু রাখতে এখন রিকশাভ্যানে ব্যবসা করতে উত্সাহিত করা হচ্ছে। হকারমুক্ত পরিবেশ তৈরি করতে পুলিশকে সহায়তার জন্য সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। লক্ষ্মীবাজারফুটপাত দখলের ফলে যাতায়াতে বিড়ম্বনালক্ষ্মীবাজার ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী অনেক শিক্ষাপ্রতিষ্ঠান অবস্থিত। অথচ এখানকার স্কুলগুলোর সামনের ফুটপাতগুলো হকাররা দখল করে রেখেছে। ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুলের সামনের প্রধান গেট থেকে শুরু করে সেন্ট ফ্রান্সিস বালিকা বিদ্যালয়, সেন্ট গ্রেগরি স্কুল হয়ে সেন্ট সিলভেস্টার টিউটরিয়াল স্কুল পর্যন্ত ফুটপাত দখল হয়ে আছে। এতে করে স্কুলগামী হাজার হাজার ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের যেমন যাতায়াতে সমস্যায় পড়তে হয়, তেমনি সাধারণ মানুষকেও দুর্ভোগ পোহাতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুটপাত দখল থাকে। ফুটপাত দখলের ফলে এখানকার শিক্ষার্থীদের রাস্তার মাঝখান দিয়ে চলাচল করতে হয়। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তাই এ সমস্যার সমাধানের ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।সাধন সরকারশিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন খান জানান, হকারদের প্রায়ই উঠিয়ে দেওয়া হয়। তাদের মালামালও নষ্ট করা হয়। তারপর আবার তারা বসে যায়। ফার্মগেট, তেজগাঁওস্কুল প্রাঙ্গণে শৃঙ্খলা চাইঢাকা শহরের প্রাণকেন্দ্র ফার্মগেট এলাকা। এ এলাকায় রয়েছে অনেক সরকারি-আধাসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে স্কুল-কলেজের সঙ্গে আছে অনেক প্রাইমারি ও কিন্ডারগার্টেন স্কুল। ফার্মগেট থেকে তেজকুনীপাড়া ও নাখালপাড়া যাওয়ার যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তায় ওভারব্রিজ থেকে পূর্ব দিকে যেতে প্রথমে পড়ে হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ, বটমলী হোমস স্কুল, গির্জার ক্যাথলিক স্কুল ও সেন্ট লরেটো টিউটরিয়াল। এই চারটি স্কুলের অবস্থান প্রায় ১০ গজের মধ্যে। এরই পাশে অবস্থিত তেজগাঁও পলিটেকনিক্যাল বা বিজ্ঞান স্কুল কলেজ, বয়েজ স্কুল ও তেজগাঁও বালিকা বিদ্যালয়। সকাল থেকে হাজার হাজার ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানগুলোয় আসে। প্রতিনিয়ত শিক্ষার্থীরা এই রাস্তাগুলো ব্যবহার করে এবং তাদের অধিকাংশই যাতায়াতের একমাত্র বাহন হিসেবে ব্যবহার করে রিকশা। দুপুর ১২টায় ছুটি হয় হলিক্রস প্রভাতী শাখা, ক্যাথলিক স্কুল ও বটমলী স্কুলের প্রাইমারি শাখা। এর পরপরই আবার হলিক্রসের ডে শিফটের ক্লাস চালু হয়। দুপুর একটায় ছুটি হয় বটমলী বালিকা বিদ্যালয়, বয়েজ স্কুল, বিজ্ঞান স্কুলসহ অনেক প্রতিষ্ঠান। এই ছুটির সময়ে রাস্তার অবস্থা খুব খারাপ হয়। রিকশা ও মোটরগাড়িতে রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফার্মগেট ওভারব্রিজের নিচে ট্রাফিক আইন রক্ষার দায়িত্বে যাঁরা রয়েছেন স্কুল ছুটির সময় তাঁদের একজনকে এখানে দেখা যায়। মাঝেমধ্যে বড় কর্মকর্তাকে দেখা যায়। কিন্তু সব দিন এখানে নিয়ম অনুযায়ী কর্মকর্তারা থাকেন না। এই রাস্তা পার হয়ে স্কুল প্রাঙ্গণ ত্যাগ করতে শিক্ষার্থীদের অনেক অসুবিধায় পড়তে হয়। শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে স্কুল ত্যাগ করে।ট্রাফিকের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেল, একজন ট্রাফিক দিয়ে এই নির্দিষ্ট সময়গুলোয় দায়িত্ব পালন করা সম্ভব নয়। ফার্মগেট ওভারব্রিজের কাছেই রয়েছে পুলিশ বক্স এবং তেজগাঁও থানা। এই পুলিশ বক্সের আশপাশেই রয়েছে দায়িত্বে থাকা অনেক ট্রাফিক। আমাদের স্কুলগুলোর ছুটির সময়ে এখানে দায়িত্ব পালন করার জন্য আমরা তাঁদের প্রতি অনুরোধ জানাচ্ছি। সামান্য সচেতনতার অভাবে যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। তাই বিদ্যালয়গুলো ছুটির সময় যেন ট্রাফিকের সহায়তা আমরা পেতে পারি।রহিমা আক্তারতেজগাঁও, ঢাকা। ১০ মার্চ যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘বিষয়টি আমি দেখব।’ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়পাসপোর্ট হাতে পেতে বিড়ম্বনাঢাকা জেলা প্রশাসকের অফিস থেকে সময়মতো পাসপোর্ট হাতে পেতে কী যে দুর্ভোগ, তা ভুক্তভোগীই জানেন। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্দিষ্ট তারিখে পাসপোর্ট এ পর্যন্ত কাউকে দেওয়া হয়েছে কি না তা আমার জানা নেই। তবে পাসপোর্ট সরবরাহের নির্দিষ্ট তারিখ বা এর পরে গেলে সবাইকে একই কথা বলা হয়, পাসপোর্টের বই রেডি হয়নি, ১১৭ নম্বর কক্ষে খোঁজ করুন।এখানে উল্লেখ্য, আমার আম্মার পাসপোর্ট ডেলিভারি নেওয়ার জন্য আমি গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের পাসপোর্ট বিভাগে গেলে প্রথমে তাঁরা বলেন, পুলিশ প্রতিবেদন এসেছে কি না ১১৭ নম্বর কক্ষ থেকে লিখে আনুন। তারপর বলেন, ১২৪ নম্বর কক্ষে গিয়ে দেখুন, রিপোর্ট কোথায় এবং কোন অবস্থায় আছে। পাসপোর্ট বইটি কোথায় আছে জানতে ১২৪ নম্বর কক্ষে যেতে বলেন তারা। সেখান থেকে বলা হয়, ৩০৯-এ (তৃতীয় তলায়) খোঁজ নিন। এর মধ্যে একবার ৩০১ নম্বর কক্ষে খোঁজ নিতে পাঠান। এসব খোঁজ নিতে গিয়ে দেখি, নির্দিষ্ট সিটে প্রায় সময়ই লোক থাকে না। এ বিড়ম্বনায় মনে হয়েছে যে ঢাকা জেলা প্রশাসকের অধীন পাসপোর্ট অফিসটি চলে সেখানকার কর্মচারীদের মেজাজ-মর্জির ওপর। এসব কাজ করতে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত সময় পেরিয়ে যায়। শেষ পর্যন্ত খোঁজ মেলে, পাসপোর্ট ৩০৯ নম্বর কক্ষে রয়েছে। লেখা হয়নি, তবে লেখা হবে। পাসপোর্ট নিতে আমাকে পরবর্তী রবি বা সোমবার আসার জন্য বলা হয়। অনেকে বলে, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপরি টাকার জন্য পাসপোর্ট সময়মতো সরবরাহ করা হয় না। এর চাক্ষুষ প্রমাণ ও সাক্ষী আমি নিজেই।আমার প্রশ্ন, পুলিশ প্রতিবেদন আসা সত্ত্বেও আমাকে নির্দিষ্ট তারিখে পাসপোর্ট কেন দেওয়া হলো না। তারপর পাসপোর্ট কোথায় আছে, কক্ষে কক্ষে গিয়ে আমাকে কেন খোঁজ করতে হবে? এ দুর্ভোগের জন্য কে দায়ী? পাসপোর্ট ফি দিয়েছি। সময়মতো আমাকে পাসপোর্ট সরবরাহ করার দায়িত্ব কার? সচেতন ব্যক্তি হওয়া সত্ত্বেও পাসপোর্ট হাতে পেতে আমাকে এত দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে। অন্য সাধারণ লোকদের বেলায় যে বিড়ম্বনা দেখেছি, সেখানে উপরি টাকা ছাড়া বিকল্প আর কিছু নেই। এমতাবস্থায় জরুরি ভিত্তিতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে কোনো রকম হয়রানি ছাড়াই নির্দিষ্ট তারিখে পাসপোর্ট দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।মাহবুব উদ্দিন চৌধুরী১৭, হরিচরণ রায় রোডফরিদাবাদ, ঢাকা-১২০৪। এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক (ডিসি) জিল্লার রহমান বলেন, একসময় পাসপোর্টের জন্য অনেক আবেদন পড়ত। তখন অনেককে দুর্ভোগের মধ্যে পড়তে হতো। বর্তমানে আবেদনকারীর সংখ্যা কমেছে। এখন অনেকটা সহজে পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে, তবে এখানকার সব কর্মচারীর কাছ থেকে হয়তো আবেদনকারীরা ভালো ব্যবহার পাচ্ছে না। এ বিষয়ে নজর দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। আশুলিয়াহিজড়া সমাচারঢাকার চিরাচরিত কোলাহল থেকে বাঁচতে আশুলিয়া যাব বলে ঠিক করলাম। দিনটি বিশ্ব ভালোবাসা দিবস। টঙ্গীর আবদুল্লাহপুর থেকে ভ্যানে করে গিয়ে নামলাম আশুলিয়ায় ল্যান্ডিং স্টেশনের একটু আগে। সহযাত্রী আমার খুব কাছের একজন বান্ধবী। তখন পড়ন্ত বিকেল। সামনে একটু এগোতেই হঠাত্ কোথা থেকে সাত-আটজন হিজড়া এসে আমাদের ঘিরে ধরল। প্রথমে আমি পাত্তা দিইনি। একজন বলল, ‘২০০ টাকা দে।’ আমি বললাম, ‘এত টাকা আমার কাছে নেই।’ অন্য একজন বলল, ‘ভালোবাসাবাসি করতে আসছস, আমাদের জন্য বেশি করে টাকা আনস নাই কেন?’ এরই মধ্যে একজন আমার হাত ধরে টানছে আর বলছে, ‘যা আছে বাইর কর, নইলে ইজ্জত নিয়া নিমু।’ আর একজন বলছে, ‘এত কথার দরকার কী, যা আছে নিয়া নে।’ এ কথা বলেই দুজন নিজেদের কাপড় খুলবে বলে টানতে লাগল। আমি ভীষণ ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি ২০০ টাকা দিয়ে দিলাম। পেছনে তাকিয়ে দেখি, আমার বান্ধবী ভয় পেয়ে ফ্যাল-ফ্যাল করে তাকিয়ে আছে। লজ্জায়, ভয়ে সে কথা বলতে ভুলে গেছে। আমার প্রশ্ন, এই অভিনব পন্থায় টাকা নেওয়াটা কি ছিনতাই নয়? একটু দূরেই টহল পুলিশের গাড়ি দাঁড়িয়ে ছিল। তাদের ভূমিকাটাই বা কী ছিল? তাদের কাছে গিয়ে অভিযোগ করতেই দেখলাম, দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে তারা। হিজড়াদের নিয়ে লেখালেখি, নাটক, সভা-সেমিনার হচ্ছে। বলা হচ্ছে তাদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এ ঘটনায় আমরা কোন দৃষ্টিতে দেখব তাদের? তাদের সঙ্গে ছিনতাইকারীর কী পার্থক্য?তুষার কাব্য ধানমন্ডি। এ বিষয়ে ১০ মার্চ যোগাযোগ করা হলে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মো. আনসার উদ্দিন বলেন, ‘গত ডিসেম্বরে এই থানায় যোগ দেওয়ার পর একবার এ ধরনের অভিযোগ পেয়েছিলাম। তখন আমি নিজে ঘটনাস্থলে গিয়ে হিজড়াদের দৌরাত্ম্য দমন করেছি। আজ আবার অভিযোগ পেলাম। সাধারণ মানুষকে যাতে তারা হয়রানি করতে না পারে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেব।’ মাটিকাটাগাঁজার জমজমাট ব্যবসাক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় প্রকাশ্যে গাঁজা বিক্রি করা হচ্ছে। সন্ধ্যা হতে না হতেই গাঁজা বিক্রি শুরু হয়। এতে ছোট-বড় সবাই গাঁজার মতো ভয়াবহ নেশায় আসক্ত হয়ে পড়ছে। ফলে মাদকাসক্তের হার দিনের পর দিন ছড়িয়ে পড়ছে এলাকায়। মাদকসেবীরা এলাকার মধ্যে নানা ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। ফলে অভিভাবকেরা তাঁদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় জীবনযাপন করছেন। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ প্রতি সপ্তাহে গাঁজা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয় বলে তারা প্রকাশ্যে তা বিক্রি করছে। তাই কর্তৃপক্ষের কাছে আবেদন, এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে যুবসমাজকে প্রাণঘাতী মাদকাসক্তির হাত থেকে রক্ষা করা হোক।মাঈনুল হাসানমাটিকাটা বাজার, ঢাকা ক্যান্টনমেন্ট। মাদক প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসনে আরা। তিনি জানান, প্রকাশ্যে গাঁজা বা মাদক বিক্রির কোনো অভিযোগ মাটিকাটা থেকে তাঁদের কাছে আসেনি। ওই ধরনের কোনো তথ্য পেলে তাঁরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে থাকেন। মাদক প্রতিরোধে থানার পুলিশ সব সময় সচেষ্ট বলে হোসনে আরা দাবি করেন। কমলাপুর ওভারব্রিজচাঁদার টাকা কোথায় যায়?কমলাপুরের ওভারব্রিজের ওপর রীতিমতো টেবিল-চেয়ার নিয়ে বসে ব্যানার টানিয়ে প্রতিদিন সকাল-সন্ধ্যা দান করার আহ্বান করে যাচ্ছেন এক ব্যক্তি। কয়েক বছর ধরে এ অবস্থা দেখে আসছি। দান-খয়রাত করা সব ধর্মেই সওয়াবের কাজ। এখানে দান করায়ও কোনো বাধা নেই। কিন্তু আমার কথা হচ্ছে, যে মসজিদের নির্মাণকাজের জন্য এই চাঁদা তোলা হচ্ছে, সেটি সম্পূর্ণ রেলওয়ের জায়গার ওপর নির্মিত এবং সেটি রেলওয়েরই মসজিদ। এটি তৈরি ও রক্ষণাবেক্ষণ করা সম্পূর্ণ রেলওয়ে কর্তৃপক্ষের দায়িত্ব। অথচ রেলওয়ে কর্তৃপক্ষের নাকের ডগা বসে এভাবে চাঁদা আদায় করা হচ্ছে আর রেলওয়ে কর্তৃপক্ষ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে—এটা হতে পারে না। আরও আশ্চর্যের ব্যাপার হচ্ছে, মসজিদটির দোতলা অংশের সংস্কারের জন্য চাঁদা তোলা হচ্ছে; ওই অংশের দিকে তাকালে মনে হয়, তিন-চার বছরে সংস্কার তো দূরের কথা, নতুন একটি ইটও লাগানো হয়েছে কি না সন্দেহ। তাহলে এত বছর ধরে যে টাকাগুলো দান হিসেবে পাওয়া গেছে, তা কোথায় গেল? হাজার হাজার লোক প্রতিদিন ওই ব্রিজের ওপর দিয়ে চলাচল করে। ফলে দানের অংশও তো কম নয়। আর রেলওয়ে কর্তৃপক্ষ কি এতই অর্থ-সংকটে রয়েছে যে চাঁদা তুলে মসজিদ নির্মাণ করতে হবে? ব্যাপারটি নিয়ে তদন্তের প্রয়োজন আছে বলে মনে করি। একজন সচেতন নাগরিককমলাপুর, ঢাকা। মসজিদের নামে চাঁদা তোলার বিষয়টি নিয়ে তদন্ত করা হবে বলে আশ্বাস দেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-৩ (ঢাকা বিভাগ) শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ ফার্মগেটফুটপাতে ডিসিসির মার্কেটের সিঁড়িফার্মগেটের সাউদিয়া মার্কেটের পাশে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ফুটপাত একটি ব্যস্ততম জায়গা। এখানে পথচারীদের ভিড় লেগেই থাকে। বিশেষ করে ফুটওভার ব্রিজের সিঁড়ির কাছে ইন্দিরা রোডের প্রান্ত ও কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ফুটপাত যেখানে মিলিত হয়েছে সেখানে প্রায় সময়ই পথচারীদের জটলা লেগে থাকে। সেখানেই ডিসিসির ৪০ নম্বর ওয়ার্ড মার্কেটে ঢোকার সিঁড়ি করা হয়েছে ঠিক ফুটপাতের ওপর। এর ফলে পথচারীদের চলাচলে ভোগান্তি আরও বেড়েছে। ডিসিসি যেখানে ফুটপাত দখলমুক্ত করতে কাজ করে, সেখানে তারা ফুটপাত দখল করে স্থায়ী সিঁড়ি করেছে কেন? এভাবে পথচারীদের দুর্ভোগ বাড়ানো হচ্ছে কেন? ডিসিসির সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এর জবাব চাই।নাম প্রকাশে অনিচ্ছুকইন্দিরা রোড, ফার্মগেট। ফুটপাতে সিঁড়ি করায় পথচারীদের দুর্ভোগ বেড়েছে বলে স্বীকার করেন ডিসিসির ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারুজ্জামান। তিনি বলেন, ‘সিঁড়িটা ব্যবসায়ীরা তাঁদের স্বার্থে ডিসিসিকে দিয়ে করিয়েছেন। ওয়ার্ডে ডিসিসি কোনো কাজ করার সময় কাউন্সিলরকে জানিয়ে করার কথা। কিন্তু সিঁড়ি তৈরির আগে আমাকে কিছু জানানো হয়নি। আবার এখন পথচারীদের দুর্ভোগ সৃষ্টি হলেও কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। তাই আমি নীরব আছি।’ উত্তরাডিসিসির ধোঁয়ার অত্যাচারআমরা উত্তরা মডেল টাউনের ৬ নম্বর সেক্টরের ঈসা খান এভিনিউয়ের বাসিন্দা। গত বছরের নভেম্বরে এই এভিনিউয়ে বসেছিল গরুর হাট। হাট শেষ হওয়ার পর সব আবর্জনা জমা করা হয় রাজউক কোয়ার্টারের পাশে সড়কের একাংশে। ময়লার গন্ধে আমাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। পরে সেসব আবর্জনা আগুনে পোড়ানো হয়। এর পর থেকে নিয়মিতই সেক্টরের সব ময়লা এনে জড়ো করা হচ্ছে সেখানে। ডিসিসির ময়লাবাহী কনটেইনার এসে কিছু ময়লা নেয়, আর বাকি ময়লা রেখে যায়। মাঝেমধ্যেই তা পোড়ানো হয়। তা থেকে উত্পন্ন বিষাক্ত ধোঁয়া চলে আসে আশপাশের বাসায়। ময়লার গন্ধে আর কালো ধোঁয়ায় আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এটা বন্ধ করার জন্য স্থানীয় কল্যাণ সমিতি ও ডিসিসির অঞ্চল-১০-এর কার্যালয়ে যোগাযোগ করেও কোনো ফল পাচ্ছি না। আমি আবারও ‘ঢাকায় থাকি’ পাতার মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দুর্ভোগে ঠেলে না দিয়ে তা থেকে রক্ষা করুন।নাম প্রকাশে অনিচ্ছুকঈসা খান এভিনিউসেক্টর ৬, উত্তরা মডেল টাউন। এ বিষয়ে যোগাযোগ করা হয় ডিসিসির ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী হজরত আলীর সঙ্গে। তিনি এ বিষয়ে ডিসিসির অঞ্চল-১০-এর নির্বাহী কর্মকর্তা এম এ সালামের সঙ্গে যোগাযোগ করতে বলেন। ডিসিসির অঞ্চল-১০-এর নির্বাহী কর্মকর্তা এম এ সালাম, পরিচ্ছন্নতা কর্মকর্তা আবদুল বারী ও পরিচ্ছন্নতা পরিদর্শক হাতেম আলী দাবি করেন, ডিসিসির কেউ আবর্জনা পোড়ায় না। তাঁরা খোঁজখবর নিয়ে দেখেছেন, টোকাইরা আবর্জনায় আগুন দেয়। হাতেম আলী জানান, তিনি আবর্জনা রাখার স্থানের আশপাশের দোকানিদের বলেছেন, কেউ আবর্জনায় আগুন দিতে এলে তাকে যেন ধরা হয়। যারা আগুন দেয়, তাদের ধরতে পারলে ডিসিসির পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আবর্জনা দ্রুত সরিয়ে ফেলতে বলবেন বলে জানান।