সমস্যার চিরকুট
উত্তরপাড়া, খিলক্ষেতআসছে না ওয়াসার পানিখিলক্ষেত উত্তরপাড়ায় প্রায় ২০ দিন হলো, ঢাকা ওয়াসার পানি সরবরাহ বন্ধ আছে। প্রচণ্ড গরমে পানিসংকটে পড়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীর জীবন। মানুষ পানি কিনে এনে পান করছে। কেনা পানি দিয়েই চলছে সব ধরনের কাজ। দিন কয়েক ধরে ওয়াসার গাড়ি পানি নিয়ে আসে, কিন্তু একেকটি পরিবার ভাগে সামান্য পানি পাচ্ছে। এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ঢাকা ওয়াসার দৃষ্টি আকর্ষণ করছি।মো. মোসলেম মিয়াউত্তরপাড়া, খিলক্ষেত এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) মডস জোন ৯-এর নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রকৌশলী বলেন, গভীর নলকূপের উত্তোলন ক্ষমতা কমে যাওয়ায় সংশ্লিষ্ট নলকূপ থেকে সব এলাকায় পানি সরবরাহ করা যাচ্ছে না। ওই গভীর নলকূপ আগে প্রতি মিনিটে তিন হাজার লিটার পানি উত্তোলন করত, এখন করছে ১২০০ লিটার। নলকূপটির নল আরও গভীরে নেওয়ার দরকার। এই কাজের জন্য ওয়াসার ঊর্ধ্বতন মহলে প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব গৃহীত হয়েছে। গভীর নলকূপ সংস্কারের কাজ শুরু হলে মাসখানেকের মধ্যে পানিসংকট কেটে যাবে বলে তিনি জানান। রসুলপুর, কামরাঙ্গীরচরআমরা আইন প্রতিমন্ত্রীর এলাকায় থাকিকামরাঙ্গীরচর-রসুলপুর এলাকাটির সাংসদ আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। আওয়ামী লীগ সরকার গঠনের পর এক বছর পার হলেও আমাদের এলাকাটিতে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বেড়িবাঁধ হয়ে সেতু ধরে যেতে চোখে পড়ে নদীর ওপর অবৈধ স্থাপনা। ‘নদী বাঁচাও’ স্লোগানে যখন বাংলার সাধারণ মানুষ ও সরকার সজাগ, ঠিক তখন খোদ আইন প্রতিমন্ত্রীর এলাকায় নদী ভরাট করে চলছে দখল ও অবৈধ স্থাপনার প্রতিযোগিতা। সেতু থেকেই নদীতে ময়লা ফেলা হচ্ছে এবং বাঁশ ও পাকা পিলার গেঁথে তৈরি করা হচ্ছে দোকানঘর। রসুলপুর এলাকায় প্রবেশ করার জন্য তিনটি সেতু থাকলেও একটি সাধারণত ব্যবহার হয় বেশি। কারণ, একটি চলাচলের জন্য অনুপযোগী, আরেকটি খারাপ রাস্তার জন্য ব্যবহার করতে চায় না সাধারণ মানুষ। শুধু একটি রাস্তা নয়, রসুলপুর এলাকায় প্রতিটি রাস্তার হাল খারাপ। নিষ্কাশনের তেমন ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলে জমে থাকে পানি। ফলে বর্ষায় চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। গ্রীষ্ম শুরু না হতেই লোডশেডিং হচ্ছে। গ্যাসের অবস্থা লোডশেডিংয়ের চেয়েও ভয়াবহ। কোনো রকম নিয়মনীতির পরোয়া না করেই তোলা হচ্ছে ভবন। মাদকের রমরমা ব্যবসা চলছে এই এলাকায়।মাদক, গ্যাস, লোডশেডিং, রাস্তা খারাপ, যানজট, অবৈধ স্থাপনা—এ সবই রসুলপুর এলাকাবাসীর সমস্যা। যদি প্রতিবেদনটি প্রতিমন্ত্রীর চোখে পড়ে, আমাদের প্রতি কিছুটা মায়া হয় তবে রসুলপুর এলাকাটির উন্নয়ন ও সাধারণ জনগণের কঠিন জীবনযাত্রা কিছুটা সহজ হতে পারে।নাম প্রকাশে অনিচ্ছুকরসুলপুর, কামরাঙ্গীরচর এ বিষয়ে যোগাযোগ করা হলে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, কামরাঙ্গীরচর উন্নয়নের দিক দিয়ে দীর্ঘদিন অবহেলিত ছিল। বর্তমানে ওই এলাকার জনদুর্ভোগ কমাতে নানামুখী পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় হবে রাস্তাঘাট, বেড়িবাঁধ, পয়োনিষ্কাশন প্রভৃতি। বেদখল হয়ে যাওয়া জায়গা উদ্ধারে কাজ করা হচ্ছে। কামরাঙ্গীরচরের সার্বিক উন্নয়নে কিছুটা সময় লাগবে বলে তিনি জানান। ব্যাংক কলোনি, দক্ষিণ মুগদাপাড়াচার বছর ধরে গ্যাস-সংকটমুগদাপাড়া ব্যাংক কলোনিতে হাজার সাতেক মানুষের বাস। চার বছর ধরে গ্যাস-সংকটে আছে এলাকাবাসী। সকাল ছয়টায় গ্যাস চলে যায়, রাত ১১টার দিকে আসে। সকাল ও দুপুরের রান্নার জন্য অনেকে কেরোসিন ও লাকড়ির চুলার ওপর নির্ভর করছে। অনেকে খড়ির চুলায় ছাদে রান্না করছে। রাত জেগে গ্যাসের চুলায় রান্না করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আগে বলেছে, শীত চলে গেলে গ্যাস-সংকট কেটে যাবে। কিন্তু সংকট না কমে দিন দিন বাড়ছে। দক্ষিণ মুগদাপাড়ার ব্যাংক কলোনি ছাড়াও ওয়াপদা গলি, কমিউনিটি সেন্টার গলি, ওয়াসা রোড, জান্নাতবাগ, জিরো পয়েন্ট, মদিনাবাগ, মান্ডাসহ বিভিন্ন এলাকায় চার বছর ধরে গ্যাসের তীব্র সংকটের কথা শোনা যাচ্ছে। তিতাস গ্যাসকে সাত-আট মাস আগেই জানানো হয়েছে, এক ইঞ্চি গ্যাস পাইপ বদল করে চার ইঞ্চি গ্যাস পাইপ বসালে সমস্যা সমাধান হবে। এর সঙ্গে একমত হলেও তারা এ বিষয়ে কিছুই করছে না।আহমেদুল কবির জাকিরব্যাংক কলোনিদক্ষিণ মুগদাপাড়া যোগাযোগ করা হলে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (পরিকল্পনা) নিজাম উদ্দিন সরকার জানান, নগরের বেশ কিছু এলাকায় পাইপ সরু থাকায় গ্যাস-সংকট তৈরি হচ্ছে। সমস্যা সমাধানে প্রশস্ত পাইপ বসানোর জন্য একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে যদি দক্ষিণ মুগদাপাড়ার প্রকল্প থাকে, তবে এ বছরই আগের পাইপ বদল করে নতুন পাইপ বসানো হবে।