সমস্যার চিরকুট
খিলক্ষেতলোডশেডিং বৈষম্য!গ্রীষ্মকাল শুরু হতে না-হতেই সারা দেশে শুরু হয় ভয়াবহ লোডশেডিং। রাজধানীর অন্যান্য অঞ্চলের মতো খিলক্ষেতেও প্রচুর লোডশেডিং হয়। খিলক্ষেতে লোডশেডিং হয় দুটি অঞ্চলে। খিলক্ষেত বাজার, মধ্যপাড়া, বটতলা ও এর আশপাশের এলাকা নিয়ে একটি অঞ্চল এবং খাঁ-পাড়া ও এর আশপাশের এলাকা নিয়ে আরেকটি অঞ্চল। খিলক্ষেত বাজার, মধ্যপাড়া ও এর আশপাশের এলাকায় প্রতিদিন পাঁচ-সাতবার লোডশেডিং হয়। অপরদিকে খাঁ-পাড়া ও এর আশপাশের এলাকায় লোডশেডিং হয় দুই-তিনবার। সরকারি ছুটির দিনে অথবা বিদ্যুতের ঘাটতি কম থাকলে খিলক্ষেত বাজারসংলগ্ন এলাকায় দুই-তিনবার লোডশেডিং হয়, কিন্তু খাঁ-পাড়ায় কোনো লোডশেডিং হয় না। নির্ধারিত লোডশেডিংয়ের চেয়ে অতিরিক্ত আরও দুই ঘণ্টা বেশি লোডশেডিংয়ের কারণে খিলক্ষেত বাজার, মধ্যপাড়া ও এর আশপাশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে জানতে চাই, কেন নির্দিষ্ট একটি অঞ্চলের মানুষ অতিরিক্ত লোডশেডিংয়ের ভোগান্তি সহ্য করবে? কর্তৃপক্ষের কাছে আবেদন, লোডশেডিং বণ্টনে সমতা এনে জনসাধারণের লোডশেডিং ভোগান্তির চাপ কমান। আল-আমিন দীপুখিলক্ষেত, ঢাকা। এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো) লিমিটেডের উপমহাব্যবস্থাপক নুর মোহাম্মদ জানান, এক এলাকার সঙ্গে লোডশেডিং বৈষম্য সাধারণত একবারের বেশি হওয়ার কথা না। আর একবার হলেও পরদিন বা ওই সপ্তাহে বঞ্চিত এলাকায় লোডশেডিং একবার কম করা হয়। তার পরও অভিযোগটি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মধুবাগপানির সমাধান কবে পাব?২০১০ সালের ৭ মার্চ প্রথম আলোর ‘ঢাকায় থাকি’ পাতায় ‘ওয়াসার উপহার’ শিরোনামে সমস্যার চিরকুট প্রকাশিত হয়। তাতে বলা হয়, মধুবাগে পানিতে দুর্গন্ধ। চিরকুটের পরিপ্রেক্ষিতে ঢাকা ওয়াসার ৬ নম্বর জোনের প্রধান প্রকৌশলীর জবাবে বলা হয়, বিষয়টি তিনি দেখবেন। অথচ এখনো আমাদের ওই সমস্যার কোনো সমাধান হয়নি। সরকার, স্থানীয় সাংসদ ও ওয়াসা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।বিপ্লব৩৭০/১, মধুবাগ, ঢাকা[email protected] দৃষ্টি আকর্ষণ করা হলে ঢাকা ওয়াসার মডস জোন ৬-এর নির্বাহী প্রকৌশলী জানান, তাঁরা অনেক বড় এলাকা নিয়ে কাজ করেন। নির্দিষ্ট ঠিকানা ছাড়া যদি কোনো অভিযোগ আসে তবে সমস্যা সমাধানে জটিলতায় পড়তে হয়। এ জন্য মধুবাগের সমস্যা সমাধান করা যায়নি। এবার নির্দিষ্ট ঠিকানা পাওয়ায় দুর্গন্ধ পানির সমস্যা সমাধানে নজর দেওয়া হবে। তবে এখন পানিসংকট নিয়ে কাজ করতে গিয়েই তাদের হিমশিম খেতে হচ্ছে। সেখানে পানির দুর্গন্ধ প্রতিরোধে কাজ করার ক্ষেত্রে তাদের নানা রকম সীমাবদ্ধতা আছে। জসীমউদ্দীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়পাঠকক্ষ-সংকট ও গণরুমে চুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি হল কবি জসীমউদ্দীন হল। ঘনবসতিপূর্ণ এ জন্য যে এখানে সিটের সংখ্যা প্রায় ৪০০। কিন্তু হলে থাকছেন এক হাজার শিক্ষার্থী। ফলে হলের যাবতীয় সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে না। এখানে পাঠকক্ষটি অত্যন্ত অপ্রতুল। শিক্ষার্থী অনুপাতে পাঠকক্ষটির পরিসর বাড়ানোর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।হলের গণরুমে চুরি একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিছু দিন ধরে গণরুম থেকে টাকা, মুঠোফোন, পোশাক, বই প্রভৃতি চুরি যাচ্ছে। ঢাবিতে পড়তে আসা সাধারণ ছাত্ররা মধ্যবিত্ত পরিবারের। আমাদের কাছ থেকে ১০০ টাকা চুরি যাওয়া মানে একদিন না খেয়ে থাকা। সাধারণ ছাত্রদের জন্য হলরুম কেন নিরাপদ নয়? এ ব্যাপারে হলের প্রভোস্টের হস্তক্ষেপ চাইছি।মো. শাহিনুল ইসলামসমাজকল্যাণ বিভাগ, দ্বিতীয় সেমিস্টারকবি জসীমউদ্দীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।[email protected] এ বিষয়ে হলের প্রভোস্ট আখতারুজ্জামান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলে ৪০০ জনের জায়গায় এক হাজারের বেশি শিক্ষার্থী থাকার ফলে হলের পাঠকক্ষে তীব্র সংকটের মধ্যে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। পাঠকক্ষ সম্প্রসারণের জন্য আমরা নিজেরাও ভাবছি। আসন্ন বাজেটে হলের পাঠকক্ষ সম্প্রসারণের জন্য আমরা ইতিমধ্যে একটা প্রস্তাবনাও পাঠিয়েছি।’ যদি বাজেট পাওয়া যায় তাহলে অতিদ্রুত এই সমস্যার সমাধান করা সম্ভব হবে বলেও জানান তিনি।চুরির প্রসঙ্গে আখতারুজ্জামান বলেন, গণরুমে একই সঙ্গে অনেক ছেলে রাতে থাকে। এ জন্য মাঝেমধ্যে এ ধরনের দু-একটি চুরির ঘটনা ঘটছে। গণরুমের বাসিন্দা যারা তাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিলেন তিনি। যদি কারও আচরণ সন্দেহজনক মনে হয় সে ক্ষেত্রে হল কর্তৃপক্ষকে জানানোর কথাও বললেন তিনি। কালীবাড়ি থেকে বৌদ্ধমন্দিররাস্তা সংস্কার প্রসঙ্গে সবুজবাগ থানার অন্তর্গত এ রাস্তাটি প্রসঙ্গে এর আগেও লেখালেখি হয়েছে। আমি নিজেও গত বছর রাস্তাটির সংস্কার সম্পর্কে লিখেছিলাম। কিন্তু সবই নিষ্ফল হয়েছে। বর্তমানে রাস্তাটির যে অবস্থা তাতে ভালো মানুষেরই মাথা ধরে যায়। ভাত খেয়ে রিকশায় উঠলে বৌদ্ধমন্দির পর্যন্ত যেতে পেটের ভাত হজম হয়ে যায়। তবু কারও কোনো নজর নেই এদিকে। চার-পাঁচ বছর ধরে রাস্তাটির কোনো সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গেছে। রাস্তাটিতে সড়কবাতির খুঁটি আছে কিন্তু তাতে বাতি নেই। এ ছাড়া রয়েছে যানবাহন-সমস্যা। দেড় কিলোমিটার রাস্তায় রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন না থাকায় রিকশাওয়ালাদের পোয়াবারো। এ রাস্তাটুকু তারা ১০-১৫ টাকার কমে যেতে চায় না। শিক্ষার্থী, অফিসযাত্রী বা যারা দূরের যাত্রী তাদের কথা বাদই দিলাম। একটু দূরের যাত্রী হলেই কম করে হলেও ৩০-৩৫ টাকা গুনতে হয়। কয়েক লাখ লোক অধ্যুষিত এ এলাকার জন্য এটা একরকম বিড়ম্বনা। তাই এ লাইনে যদি কোনো ম্যাক্সি বা টেম্পোর মতো যানবাহনের ব্যবস্থা করা যেত, তাহলে এলাকাবাসী এ বিড়ম্বনা থেকে রেহাই পেত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় সাংসদ ও ওয়ার্ড কমিশনারের কাছে অনুরোধ থাকবে, এলাকাবাসীর এসব দুর্ভোগ থেকে আশু মুক্তির ব্যবস্থা করার জন্য। এলাকাবাসীর পক্ষে—খন্দকার সিরাজুল হক কালীবাড়ি থেকে বৌদ্ধমন্দির পর্যন্ত রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডিসিসির অঞ্চল ৪-এর নির্বাহী প্রকৌশলী এস এম মাইনুদ্দীন। তিনি জানান, সড়ক সংস্কারের দরপত্র-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কার্যাদেশ হলেই রাস্তার সংস্কারকাজ শুরু হবে।