সমস্যার চিরকুট
ফায়দাবাদ, দক্ষিণখানভবন নির্মাতার অসচেতনতা২৬ এপ্রিল ২০১০ রাত আটটার দিকে দক্ষিণখান থানার ফায়দাবাদ ৪৮২ নম্বর দাগে (হযরত ওমর ফারুক রোড) ছাপরা মসজিদের সামনে রফিকুল ইসলামের ছয়তলা নির্মাণাধীন ভবনের একাংশের পিলার ও দেয়াল ধসে দক্ষিণ পাশে আমার দোতলা বাড়ির ছাদে পড়ে। টিন বা চটের নিরাপত্তা ছাউনি না থাকায় এ ঘটনা ঘটে। এতে আমার ভবনের ছাদে থাকা পিলার ভেঙে গেছে, রুমে ফাটল ধরেছে, ছাদের স্যানিটারি ফিটিংস ধ্বংস হয়েছে আর সানশেড বেঁকে গেছে। এখন বাড়িতে বসবাস করাই ঝুঁকিপূর্ণ। এ নিয়ে রাজউক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা কী করবে বুঝতে পারছি না। তবে নির্মাণাধীন ভবন থেকে আবারও কোনো নির্মাণসামগ্রী আমার বাড়িতে পড়ার ভয় রয়ে গেছে। ঢাকায় নির্মাণসামগ্রী পড়ে প্রাণহানির খবরও পত্রিকায় পাওয়া যায়। তাই এখন প্রাণ হাতে নিয়ে আমি পরিবার নিয়ে বাস করছি। এর প্রতিকারে রাজউককে এগিয়ে আসার অনুরোধ করছি।মো. আবদুল আজিজ খানবাড়ি ৫, হযরত ওমর ফারুক রোড, ফায়দাবাদ, দক্ষিণখান, ঢাকা ভুক্তভোগীকে রক্ষায় রাজউক এগিয়ে এসেছে বলে জানান এর পরিদর্শক মো. খায়রুজ্জামান। তিনি জানান, নির্মাণাধীন ভবনের নির্মাতা কোনো নকশা দেখাতে পারেননি। ইমারত নির্মাণ বিধিমালা অনুসারে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবনের নির্মাণকাজ বন্ধে ও নকশাবহির্ভূত অংশ ভাঙতে রাজউক তাঁকে পর্যায়ক্রমে তিনটি নোটিশ দেবে। এরই মধ্যে তাঁকে প্রথম নোটিশ দেওয়া হয়েছে। এরপর তিনি যদি কাজ বন্ধ না করেন এবং নকশাবহির্ভূত অংশ না ভাঙেন, তাহলে দ্বিতীয় নোটিশের মাধ্যমে তাঁকে কারণ দর্শাতে বলা হবে। এর পরও তিনি যদি যুক্তিযুক্ত ব্যবস্থা নিতে না পারেন, তবে চূড়ান্ত নোটিশ দেওয়া হবে। এরপর রাজউক নিজেই নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলবে। বিন্দুবৃত্ত গলি, পূর্ব শেওড়াপাড়াঘরে নিরাপত্তার অভাবপূর্ব শেওড়াপাড়ার বিন্দুবৃত্ত গলির ১১২৫ নম্বর প্লটে একটি বহুতল ভবন তৈরি হচ্ছে। কিছুদিন আগে সেই বাড়ির তিনতলার ছাদ থেকে শাটারিংয়ের কাঠ পড়ে আমার বাসার টিনের চাল ভেঙে রুমে ঢুকে যায়। নির্মাণাধীন ভবনটি থেকে আমার বাড়ির ছাদে কাঠ, বাঁশ, পানি প্রায়ই পড়ছে। কিন্তু এগুলো পড়া প্রতিরোধে টিন বা চট টানানো হচ্ছে না নির্মাণাধীন ভবনে। সেই ভবনের মালিকদের বলেও কোনো ফল পাচ্ছি না। এ ছাড়া তারা বাড়ির সীমানা দেয়ালের পাশে পর্যাপ্ত জায়গা না রেখেই নিচতলা নির্মাণ করা হয়েছে। আর দ্বিতীয় তলা থেকে ছাদ আরও বাইরের দিকে নিয়ে এসেছে। আমার টিনশেড বাড়ির জায়গায় যদি ভবিষ্যতে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিই, তবে ওই ভবনের সঙ্গে পর্যাপ্ত ফাঁকা রাখার জায়গা বের করা কঠিন হয়ে পড়বে। আমার পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা ও বাড়িতে আলো-বাতাস ঢোকার বিষয়টি বিবেচনা করে রাজউক কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করছি।এম এ গাফ্ফার১১২৬, বিন্দুবৃত্ত গলি (জামতলা মাঠ), পূর্ব শেওড়াপাড়া, কাফরুল এ প্রসঙ্গে রাজউকের পরিদর্শক আওলাদ হোসেন জানান, নির্মাণাধীন বাড়িটি পরিদর্শন করে তাঁরা দেখবেন। নকশাবহির্ভূত কোনো কার্যক্রম দেখতে পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আর নির্মাণাধীন ভবনে চটের মতো নিরাপত্তাসামগ্রী ব্যবহার না হলেও ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য অভিযোগকারীকে তাঁর দুর্ভোগের বর্ণনা দিয়ে রাজউকের (নকশা অনুমোদন শাখা) অথোরাইজড অফিসার-৩-এর কাছে লিখিত আবেদন করতে হবে। গ্রীনরোডকী রকমভাবে বেঁচে আছি...গ্রীনরোডের একটি অভিজাত ফ্ল্যাটে বাস করছি। এখানে আকাশচুম্বী আধুনিক আবাসিক ভবন আছে ঠিকই, কিন্তু এলাকাটিকে ঠিক আবাসিক এলাকা বলা যায় না। এখানে আছে হাসপাতাল, স্কুল, কলেজ, ব্যবসাপ্রতিষ্ঠান, আরও কত কী? পুরো এলাকাটা বাজারের মতো লোকে লোকারণ্য সারা দিন। ডাস্টবিন দখল করে আছে রাস্তা। দুর্গন্ধ চলে আসছে বাসাবাড়িতে। সঙ্গে আছে ধুলোবালু, যানবাহনের বিকট শব্দ, যানজট। রাতে আবার ট্রাকের বাড়িঘর কাঁপানো শব্দ। এমন একটা এলাকায় রাজউক কীভাবে আবাসিক ভবন নির্মাণের অনুমতি দিল? নানা অসংগতি মেনে নিয়ে ঠিকই এখানে বাস করছি। কিন্তু এখন আর পানির যন্ত্রণা সহ্য করতে পারছি না। ঢাকা ওয়াসার নলে যে পানি পাই তাতে দুর্গন্ধ। পানির রং ড্রেনের পানির মতোই। পানিতে লালচে পোকা ও কৃমির মতো আরেক রকম পোকা আসে। এ কারণে কলের মুখে ছাঁকনি বেঁধে দিয়ে পানি সংগ্রহ করতে হয়। এই পানিতে গোসল করলে শরীর চুলকায়। ছেঁকে ও সিদ্ধ করে সেই পানি রান্নার কাজে ব্যবহার করতে হয়। প্লাস্টিক জারের পানি কিনে এনে খাওয়া, হাতমুখ ধোওয়া ও দাঁত ব্রাশের কাজ করতে হচ্ছে। ঢাকা ওয়াসা কি আমাদের পানির দুর্গন্ধ দূর করতে উদ্যোগ নেবে না?নাম প্রকাশে অনিচ্ছুক৩৩/১, গ্রীনরোড এ বিষয়ে ঢাকা ওয়াসার মড্স জোন-৩-এর উপসহকারী প্রকৌশলী আবুল কাশেম বলেন, ‘অভিযোগকারীর বাসায় গিয়ে আমরা দেখব পানিতে সমস্যা আছে কি না। যদি ওয়াসার মূল নলে সমস্যা থাকে, তবে সমাধানের ব্যবস্থা নেব। আর যদি ওই বাসার ওপরের বা নিচের ট্যাংকিতে সমস্যা থাকায় পানিতে দুর্গন্ধ হয় এবং পোকা আসে, তবে বাড়িওয়ালাকেই সমস্যার সমাধান করতে হবে।’ দক্ষিণ কাফরুলনীলক্ষেত-নিউমার্কেটগামী বিআরটিসি বাস চাইআমরা ঢাকা সেনানিবাসের ১৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাফরুল এলাকার বাসিন্দা। এখান থেকে এবং আশপাশে উত্তর কাফরুল, পশ্চিম কাফরুল, মানিকদী, জিয়া কলোনি, মাটিকাটা, এয়ার হেডকোয়ার্টার থেকে ফার্মগেটে যাওয়ার পরিবহন হলো ছোট ছোট ম্যাক্সি বা লেগুনা এবং কয়েকটি ৪ নম্বর বাস, যেগুলোয় আসনসংখ্যা সীমিত। প্রথম স্টপেজ এয়ার হেডকোয়ার্টার থেকে সম্পূর্ণ ম্যাক্সি বা বাস ভর্তি হয়ে আসে। এ কারণে পরের স্টপেজগুলো থেকে গাড়িতে ওঠা যে কী দুঃসাধ্য কাজ, তা আমার মতো ভুক্তভোগীরাই জানে।আগে এখানে বিআরটিসি বাস সার্ভিস চালু ছিল। চাহিদা ও জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কোন মহলের স্বার্থে বিআরটিসি বাস বন্ধ করে দেওয়া হলো, তা আমাদের মতো স্বল্পবুদ্ধিসম্পন্ন মানুষের বোধগম্য নয়। এখান থেকে ফার্মগেট-নিউমার্কেটগামী সরাসরি বিআরটিসি বাস সার্ভিস চালু করা হলে সরকার যেমন লাভবান হবে, তেমনি এই এলাকার মানুষের দুর্ভোগও কমবে। কর্তৃপক্ষ কি তাদের দৃষ্টি প্রসারিত করে আমাদের দিকে তাকাবে?এলাকাবাসীর পক্ষেআঁখিদক্ষিণ কাফরুল, ঢাকা। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) উপমহাব্যবস্থাপক (অপারেশন) মেজর কাজী শফিক উদ্দিন জানান, ঢাকার কয়েকটি রুটে বিআরটিসি বাসু চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন-চার মাসের মধ্যে পর্যায়ক্রমে এসব রুটে বাস ছাড়া হবে। এর আওতায় ঢাকা সেনানিবাসের বালুঘাট থেকে ফার্মগেট হয়ে সায়েদাবাদ রুটে বিআরটিসি বাস চলবে। তখন ঢাকা সেনানিবাসের আশপাশের এলাকার মানুষের যাতায়াতের সমস্যা দূর হবে বলে তিনি আশা করছেন।