সমস্যার জটাজালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস ছিল গতকাল ২৮ মে, শনিবার। ২০০৭ সালের এই দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল।কিন্তু চার বছরেও বিশ্ববিদ্যালয়ের মৌলিক কিছু সমস্যার সমাধান হয়নি। রয়েছে শিক্ষার্থীদের আবাসন, শ্রেণীকক্ষ ও গবেষণাগারের সংকট। শিক্ষার্থী ও শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ থাকলেও অনানুষ্ঠানিকভাবে তা বেশ তীব্রভাবে বিরাজমান।কুমিল্লা শহর থেকে প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সালমানপুর গ্রামে লালমাই পাহাড়ের ৫০ একর জায়গা নিয়ে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত। সাতটি বিভাগে ৩০০ জন শিক্ষার্থী ও ১৫ জন শিক্ষক নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা দুই হাজার ১৪৬ আর শিক্ষক ৮৫ জন। কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা শতাধিক। বিশ্ববিদ্যালয়ে বিভাগের সংখ্যা ১৪টি।আবাসনসংকট: বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য দুটি এবং ছাত্রীদের জন্য একটি আবাসিক হল রয়েছে। তিনটি হলে ৪৩২ জন শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্য এক হাজার ৭১৪ জন শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে থাকতে হচ্ছে। ছাত্রদের জন্য আরও একটি হলের নির্মাণকাজ চলছে। নির্মাণাধীন হলের আসনসংখ্যা ১৬০।ক্যাম্পাসের বাইরে থাকা আমেনা বেগম, ফারহানা আক্তার ও হাবিবুর রহমান বলেন, হলে আসন না পাওয়ায় তাঁদের কষ্ট করে মেসে থাকতে হচ্ছে।হলে আসন পাওয়া শিক্ষার্থীদের অভিযোগও অনেক। তাঁরা বলেন, হলে খাবারের মান ভালো নয়।শ্রেণীকক্ষের সংকট: বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষের সংকট প্রকট। বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের ক্লাস করতে হয় কলা ভবন ও ব্যবসায় শিক্ষা ভবনে। অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. জাকির ছায়াদউল্লাহ বলেন, শ্রেণীকক্ষের অভাব থাকায় দুই পালায় ক্লাস নেওয়া হয়।নতুন একটি একাডেমিক ভবনের নির্মাণকাজ চলছে। ভবনের কাজ চলতি বছরের মধ্যেই শেষ হওয়ার কথা।বাড়েনি ক্যাম্পাসের আয়তন: প্রকল্পের শুরুতে বিশ্ববিদ্যালয়ের জন্য ১০০ একর জায়গা অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু চার বছরেও নতুন করে ভূমি অধিগ্রহণ করা হয়নি। এ অবস্থায় নতুন ভবন, গবেষণাগার ও হল নির্মাণে সমস্যা দেখা দিয়েছে।শুরু হয়নি গবেষণা কার্যক্রম: বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগে কোনো অধ্যাপক নেই। জ্যেষ্ঠ শিক্ষক না থাকায় গবেষণা কার্যক্রম চালু হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এ ছাড়া গত চার বছরেও উন্নতমানের কোনো গবেষণাগার স্থাপন করা হয়নি। গবেষণার জন্য অর্থ বরাদ্দও করা হয়নি। বিশ্ববিদ্যালয় থেকে বের হয়নি কোনো জার্নাল।ছাত্ররাজনীতি: বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলেও মহাজোট ক্ষমতায় আসার পর ছাত্রলীগের নাম ব্যবহার করে প্রায় ৩০ জন শিক্ষার্থী রাজনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুটি পক্ষ রয়েছে। একপক্ষের নেতৃত্বে রয়েছেন লোকপ্রশাসন তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মাহমুদুর রহমান ও অর্থনীতি তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র আল আমিন। তাঁরা যথাক্রমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচয়ে ছাত্রলীগের কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। কুমিল্লার তিনজন সাংসদ এই পক্ষটিকে সমর্থন দিয়ে থাকেন।অন্যদিকে মার্কেটিং তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মঈন উদ্দিন শফিকুর রহমান সভাপতি ও হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী এমদাদুল বারী সাধারণ সম্পাদক পরিচয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের আরেকটি পক্ষ দাঁড় করিয়েছেন। এই পক্ষটি পৃষ্ঠপোষকতা পায় একজন সাংসদের কাছ থেকে।শিক্ষকরাজনীতি: ২০১০ সালে একদল শিক্ষক বঙ্গবন্ধু পরিষদ গঠন করে দলীয় কার্যক্রম চালু করেন। ২০০৯ সালের ৭ অক্টোবর তৎকালীন উপাচার্য জেহাদুল করিমের পক্ষ-বিপক্ষের দুই দল শিক্ষকের মধ্যে হাতাহাতি হয়।আরও সমস্যা: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এখনো পর্যন্ত একটি পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার গড়ে ওঠেনি।