সমস্যার পর সমস্যা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসংখ্যা সহস্রাধিক। ৯৫ ভাগ মানুষ গরিব। শিক্ষিতের হার পাঁচ শতাংশ। স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নেই। নেই বিদ্যুৎ, নেই স্কুল। বর্ষা হলে গ্রামের লোকজন পানিবন্দী থাকে। রাস্তাঘাটের অবস্থা একবারেই নাজুক। এমনি এক অবহেলিত গ্রামের নাম ওসমানপুর খিয়ারপাড়া। রংপুরের বদরগঞ্জ উপজেলা থেকে পাঁচ কিলোমিটার দূরে বিষ্ণুপুর ইউনিয়নে ওই গ্রামটি অবস্থিত। গ্রামের আছাগ্গর আলী (৮৫) বলেন, ‘বাহে, দ্যাশ স্বাধীন করনো। এতো মানুষের কাম হয়। হামার গ্রামটার পাকে ক্যাঁয়ো দ্যাখে না। বাইস্যার (বর্ষায়) সমায় বাড়ি থাকি বাইর হওয়া যায় না। হামার গ্রামের পাশ দিয়া কারেন গেইলেও হামারা পাই নাই।’ব্যবসায়ী আবদুর রহিম বাদশা (৩৬) বলেন, ‘গ্রামে ঢুকার আস্তাটা কাঁচা। পানি হইলে ইশকা-ভ্যানতো দূরের কতা, হাটি যাওয়াও কষ্ট।’ ওই গ্রামের রিকশা-ভ্যানচালক আবু তাহের (৪০) বলেন, ‘শুকনা মৌসুমোত ইশকা-ভ্যানের চাকা ধুলাত আর বাইস্যার সমায় কাদোত আটকি যায়। মানুষ নিয়া যাওয়া তো দূরের কতা, খালি ভ্যান নিয়া গ্রাটটাত যাওয়া কষ্ট। বাইস্যার সমায় ইশকা-ভ্যান শহরের গ্যারেজোত থুইয়া বাড়ি যাবার নাগে।’গ্রামের স্কুলছাত্র আবদুর রহমান (১৩), ছাত্রী মনিরা খাতুন (১১) ও কলেজছাত্রী রুমী খাতুন (১৮) জানান, গ্রামে বিদ্যুৎ না থাকায় রাতে লেখাপড়ায় ব্যাঘাত হয়। রাস্তা খারাপ হওয়ায় গ্রাম দিয়ে রিকশা-ভ্যানও চলে না। হেঁটে স্কুল-কলেজে যাতায়াত করতে হয়। বর্ষার সময় রাস্তায় কাদা জমে থাকায় স্কুল-কলেজে যাওয়া অসম্ভব হয়ে পড়ে।শিক্ষক শহিদুল ইসলাম (৪৬) বলেন, ‘বর্ষার সময় আমরা ঘর থেকে বাইরে বের হতে পারি না। গ্রামের লোকজন পানিবন্দী হয়ে পড়ে। কারণ পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। আমি স্কুলে যাই লুঙ্গি পরে, জুতা-স্যান্ডেল হাতে নিয়ে। এ সময় এক কঠিন আজাবে থাকি।’বিষ্ণুপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মহুব আলী বলেন, ‘গ্রামটি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত। এখানকার উন্নয়নে আমার আন্তরিক চেষ্টা থাকলেও অর্থাভাবে তা পারিনি। তবে সরকারিভাবে কয়েক বছর আগে ওই গ্রামে কিছু স্যানিটারি ল্যাট্রিন দরিদ্রদের মধ্যে বিতরণ করা হলেও তা ভেঙেচুরে নষ্ট হয়েছে।’বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান সাবলু চৌধুরী বলেন, ‘গ্রামটি আসলেই অবহেলিত। অর্থবরাদ্দ পেলে এর উন্নয়নে কাজ করা হবে। এর মধ্যে সবার আগে বিদ্যুৎ সংযোগ দেওয়া প্রয়োজন। শিক্ষা ও রাস্তাঘাটের উন্নয়নেও পরিকল্পনামাফিক ব্যবস্থা নেওয়া হবে।’