সমস্যার বেড়াজালে সোহরাওয়ার্দী কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষ, শিক্ষক, পরিবহন-সুবিধা ও ছাত্রাবাসের সংকটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। ঐতিহ্যবাহী এ শিক্ষায়তনটির সমস্যাগুলো দূর করে এতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনায় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা।শিক্ষক-শিক্ষার্থী অনুপাত: ১৪ হাজার ৫৯৯ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন মাত্র ৮৩ জন। কলেজটিতে ১৬টি বিষয়ে সম্মান কোর্স চালু আছে। এ ছাড়া রয়েছে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি কোর্স। প্রতিটি বিভাগে গড়ে মাত্র চার থেকে পাঁচজন শিক্ষক।খোঁজ নিয়ে জানা যায়, কলেজটিতে সরাসরি পদে ৭২ জন শিক্ষক কর্মরত। শূন্য আছে তিনটি পদ। এ ছাড়া মন্ত্রণালয়ের সংযুক্ত শিক্ষক আছেন ১১ জন। শিক্ষক সংকটের কারণে স্নাতক পর্যায়ে দিনে দুটির বেশি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। একই অবস্থা উচ্চমাধ্যমিক পর্যায়েও।সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান রেজাউল করিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পাঠদান স্বাভাবিক রাখতে আমাদের অমানুষিক পরিশ্রম করতে হচ্ছে। কলেজটিতে অনার্স কোর্স চালু হওয়ার পরপরই সরকারের উচিত ছিল পর্যাপ্ত পদ সৃষ্টি করে শিক্ষক নিয়োগ দেওয়া।’ রেজাউল করিম জানান, শিগগিরই কলেজটিতে স্নাতকোত্তর কোর্স চালুর চেষ্টা চলছে। তিনি সতর্ক করে বলেন, প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ না দিয়ে তা করলে সংকট আরও বাড়বে। নেই যথেষ্ট শ্রেণীকক্ষ: সব পর্যায় মিলিয়ে ৭৯টি শ্রেণীর জন্য শ্রেণীকক্ষ আছে মাত্র ২৩টি। অনেক বিভাগের স্বতন্ত্র শ্রেণীকক্ষ নেই। ফলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ সমন্বয়ের মাধ্যমে ভাগাভাগি করে ব্যবহার করতে হয়। পুরোনো জরাজীর্ণ মূল ভবনে শিক্ষার্থীরা আতঙ্ক নিয়ে ক্লাস করে। ভবনটির অনেক জায়গায় ফাটল ধরেছে। অনেক কক্ষের পলেস্তারা খসে পড়েছে। গতকাল মঙ্গলবার কলেজে গিয়ে দেখা যায়, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা নতুন ভবনের দোতলায় সেমিনারকক্ষে ক্লাস করছেন। তৃতীয় তলায় রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের দাপ্তরিক কাজের জন্য আছে দুটি কক্ষ। কিন্তু দুই বিভাগের শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষ কেবল একটি।শিক্ষার্থী মো. জুয়েল পাটোয়ারী বলেন, ‘শ্রেণীকক্ষের সমস্যার কারণে প্রায়ই আমাদের ক্লাস হয় না। শিক্ষকেরা কখনোই নির্দিষ্ট সময়ে কোর্স শেষ করতে পারেন না।’পদার্থবিজ্ঞানের শিক্ষক মো. মহসিন উদ্দিন প্রথম আলোকে বলেন, শ্রেণীকক্ষের সংকট দূর করতে শিগগিরই নতুন ভবন তৈরি করা প্রয়োজন। যেহেতু কলেজের নিজস্ব জায়গা নেই তাই পুরোনো ভবন ভেঙে উঁচু দালান তৈরি করতে হবে। একমাত্র ছাত্রাবাসটি বেদখলে: পুরান ঢাকার চকবাজারে অবস্থিত কলেজের একমাত্র ছাত্রাবাসটি দীর্ঘদিন ধরে বেদখলে। স্থানীয় ভূমিদস্যুরা তা দখল করে আছেন বলে কলেজ কর্তৃপক্ষের অভিযোগ। তারা দীর্ঘদিন চেষ্টা-তদবির করেও আইনি জটিলতার কারণে তা উদ্ধার করতে পারছে না। কলেজ কর্তৃপক্ষ জানায়, ১৯৪৯ সালে নলগোলার ভাওয়ালরাজ এস্টেটের যে ভবনে কলেজটি প্রথম শুরু হয় পরবর্তী সময়ে সেটিকেই ছাত্রাবাস বানানো হয়। স্বাধীনতার পর স্থানীয় ভূমিদস্যুরা তা দখল করে নেন। ১৯৮৪ সালে কলেজ কর্তৃপক্ষ ভবনটি ইজারা নেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে ১৩ লাখ টাকা জমাও দেয়। কিন্তু এখনো মামলা চলার কারণে দখল ফিরে পায়নি কর্তৃপক্ষ।পরিবহন বলতে কিছু নেই: ৬০ বছরের পুরোনো এই শিক্ষাপ্রতিষ্ঠানটির ছাত্র-শিক্ষক কেউই পরিবহন-সুবিধা পান না। এমনকি কলেজের দাপ্তরিক কাজ করার জন্য কোনো গাড়ি নেই। কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ঢাকার একটি কলেজে পড়েও আমরা সবদিক থেকেই অবহেলিত। ছাত্রাবাস না থাকায় অধিকাংশ শিক্ষার্থীকে দূর-দূরান্ত থেকে কলেজে আসতে হয়। পুরান ঢাকার যানজট আর গণপরিবহনের অপ্রতুলতার কারণে অনেক সময় নষ্ট হয়।উপাধ্যক্ষ ফারজানা ইয়াসমীন প্রথম আলোকে বলেন, ‘সরকারের সংশ্লিষ্ট দপ্তরে তদবির করেও কোনো কাজ হচ্ছে না। ফলে ঝুঁকি নিয়ে রিকশা কিংবা লোকাল বাসে পরীক্ষার খাতা আনা-নেওয়াসহ অন্যান্য দাপ্তরিক কাজ করতে হচ্ছে।গ্রন্থাগারে নেই পরিবেশ: কলেজ গ্রন্থাগারের সংগ্রহ ভালোই। এতে বই আছে প্রায় ১৬ হাজার। কিন্তু যত্নের অভাবে বহু বই একেবারে নষ্ট হয়ে গেছে। গ্রন্থাগারের কক্ষগুলোও জরাজীর্ণ। শিক্ষার্থীদের পাঠকক্ষে সর্বোচ্চ মাত্র ২০ জন একসঙ্গে বসতে পারে। শিক্ষকদের পাঠকক্ষটি আরও ছোট। অভিযোগ আছে, ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রায়ই পাঠকক্ষ দখল করে সভা করে। এতে শিক্ষার্থীদের পাঠের সুযোগ হয়ে পড়ে আরও সীমিত। বিভাগীয় সেমিনারগুলোতে বইয়ের সংখ্যা খুব কম। সেমিনারের জন্য আলাদা কোনো কর্মচারীও নেই।রাজনীতিতে নাজেহাল: বেশ কয়েকজন সাধারণ ছাত্র অভিযোগ করেন, কলেজে ছাত্রলীগের নেতা-কর্মীরা একচ্ছত্র আধিপত্য দেখান। তাঁরা প্রায়ই সাধারণ ছাত্রদের জোর করে মিছিলে যেতে বাধ্য করেন। সংগঠনটির বিরুদ্ধে ভর্তি-বাণিজ্যের অভিযোগও করেন ছাত্ররা। তবে এসব অভিযোগের সত্যতা অস্বীকার করেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি গোপাল চন্দ্র সরকার। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভর্তি-বাণিজ্যের সঙ্গে আমরা জড়িত নই। তা ছাড়া কলেজ কর্তৃপক্ষের সহযোগিতা ছাড়া তা কখনোই সম্ভব নয়। এই অভিযোগ ভিত্তিহীন।’ গোপাল চন্দ্র সরকার আরও বলেন, ছাত্রলীগের কর্মীরা গ্রন্থাগারের পাঠকক্ষ দখল করে কোনো বিশৃঙ্খলা করে না। শুধু মাঝেমধ্যে গিয়ে বসে।অধ্যক্ষ যা বললেন: কলেজটির অধ্যক্ষ খান হাবিবুর রহমান সমস্যার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, অনেক সমস্যার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানটি স্বাভাবিকভাবে চলছে না। শিক্ষক ও শ্রেণীকক্ষ সংকটের কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে আশানুরূপ ফলও করতে পারছে না তারা।অধ্যক্ষ বলেন, শ্রেণীকক্ষ সমস্যার সমাধানে একটি দশতলা ভবন তৈরির জন্য এক বছর আগে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তবে নতুন ভবন নির্মাণের জন্য পুরোনো ভবন ভাঙতে হবে। কিন্তু অন্তর্বতী সময়ে কোথায় পাঠদান হবে সেই বিষয়টির সুরাহা না হওয়ায় তা ঝুলে আছে।হাবিবুর রহমান বলেন, শিক্ষক সংকট দূর করতে প্রতিটি বিভাগে আরও তিনটি করে পদ সৃষ্টির জন্য চেষ্টা চলছে। এ ছাড়া বেদখল ছাত্রাবাসটির দখল পেলে দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠার পরিকল্পনা আছে। কলেজের এসব সমস্যা শিগগিরই দূর করতে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।