সমস্যার মডেল কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিদ্যালয়ে ৫৫০ শিক্ষার্থী। অথচ শ্রেণীকক্ষ, শিক্ষক, চেয়ার ও বেঞ্চস্বল্পতাসহ নানা সমস্যা রয়েছে এ বিদ্যালয়ে। আর টয়লেটের কারণে অতি সত্বর আমরা কিডনি রোগী হয়ে যাব, এতে কোনো সন্দেহ নেই।’ কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নানা সমস্যার কথা এভাবেই বর্ণনা করলেন শিক্ষিকা রাবেয়া খাতুন।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে এ বিদ্যালয়ের দুটি ভবনের চারটি শ্রেণীকক্ষ ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়। পাঁচটি শ্রেণীকক্ষে এখন শিক্ষার্থীদের পাঠদান চলে। সন্ধ্যা নামলেই পরিত্যক্ত কক্ষগুলো নেশাখোরদের নিরাপদ স্থলে পরিণত হয়। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতি ক্লাসে দুটি করে সেকশন আছে। সে হিসেবে ১০টি শ্রেণীকক্ষ প্রয়োজন। বিদ্যালয়ে কোনো নলকূপ নেই। বর্তমানে বিদ্যালয়ে ৫৫০ শিক্ষার্থী আর ১১ জন শিক্ষক আছেন। তাঁদের জন্য পরিত্যক্ত ভবনে একটি টয়লেট আছে, যা ব্যবহারের অনুপযোগী। বিদ্যালয়ে মাত্র ৬৭ জোড়া বেঞ্চ রয়েছে। প্রয়োজন ১১০ জোড়া। যে বেঞ্চে পাঁচজন বসা কষ্টকর, সেখানে বসতে হয় সাত-আটজনকে।তৃতীয় শ্রেণীর সামিমুল আলম জানায়, ধর্ম ক্লাস হলেই মাটিতে বসতে হয়। আর পরীক্ষা হলে তো কথাই নেই, মাটিতে বসা বাধ্যতামূলক। একই শ্রেণীর আসিফ ইমতিয়াজ জানায়, ক্লাসে বসতে হয় ভয়ে ভয়ে। কখন না জানি মাথায় পলেস্তারা খসে পড়ে। চতুর্থ শ্রেণীর আফসানা মিম বলে, ‘বাড়ি থেকে টয়লেটের প্রয়োজন মিটিয়ে আসি, আবার বাড়ি গিয়ে সারি। টয়লেটে যাওয়ার ভয়ে পানি খাই না।’ পঞ্চম শ্রেণীর নিশান জানায়, তারা টয়লেটের প্রয়োজন মেটায় স্কুলের পেছনে উন্মুক্ত জায়গায়। নিশীথ জানায়, গন্ধে তারা ক্লাসে বসতে পারে না। প্রায় একই ধরনের কথা বলে বিদ্যালয়ের শিক্ষার্থী সুশোভন ধর, তৃতীয় শ্রেণীর তাকিম মাহাবুর, চতুর্থ শ্রেণীর মমিতা বিনতে মজিদসহ কয়েকজন। তারা জানায়, পিপাসা লাগলে দূরে উপজেলা পরিষদের নলকূপে তাদের যেতে হয়।এ প্রয়োজন মেটাতে সবচেয়ে সমস্যায় পড়েন আটজন শিক্ষিকা। তাঁরা জানান, জরুরি প্রয়োজনে পাশের পৌরসভা অথবা ইউএনও অফিসে যাওয়া ছাড়া তাঁদের কোনো উপায় নেই।শিক্ষক গোলাম মোস্তফা জানান, বিদ্যালয়ের পাশের একটি টয়লেট থেকে দুর্গন্ধ আসায় সারাক্ষণ জানালা বন্ধ করে রাখতে হয়। আলোর স্বল্পতার মধ্যেই শিক্ষার্থীদের পড়ালেখা করতে হয়।শিক্ষিকা প্রতিমা দেবনাথ বলেন, ‘শিক্ষকস্বল্পতার কারণে ৫৫০ শিক্ষার্থীর ক্লাস নিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’প্রধান শিক্ষক নওশাদ আলী মোড়ল বলেন, ‘নিয়ম অনুযায়ী এ স্কুলে ১৭ জন শিক্ষক থাকার কথা, সেখানে আছেন মাত্র ১১ জন। তার পরও আমরা সাধ্য অনুযায়ী পাঠদান করে যাচ্ছি।’উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, ‘বিদ্যালয়টির শিক্ষার সুষ্ঠু পরিবেশের স্বার্থে সমস্যা আশু সমাধান করতে হবে। সে ব্যাপারে আমরা সজাগ আছি।’উপজেলা শিক্ষা কর্মকর্তা সুজায়েত হোসেন খান বলেন, ‘উপজেলা পরিষদের পাশের এ প্রতিষ্ঠানের সমস্যা সম্পর্কে আমার জানা আছে। অগ্রাধিকার ভিত্তিতেই এর সমস্যাগুলো সমাধান করা হবে। ইতিমধ্যে তিন লাখ টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের জন্য প্রকল্প করে উপজেলা শিক্ষা কমিটির মাধ্যমে পাস করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি, খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।’