সমস্যার শিকলে শিক্ষায়তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি একদিন মোহাম্মদপুরের বরাবো মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে প্রবেশপথেই দেখা হলো একজন সহকারী শিক্ষকের সঙ্গে। ওই শিক্ষক যাচ্ছিলেন পাশের মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়ে। উদ্দেশ্য, সেখানকার প্রাথমিক স্তরের প্রথম শ্রেণীতে পড়া নিজের এক সন্তানকে নিয়ে আসা। ওই শিক্ষকের সঙ্গ নিয়ে হাঁটতে হাঁটতে কথা হলো তাঁর বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে। জানা গেল, উপেক্ষা, অবহেলা আর সমস্যায় আকীর্ণ রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর নানা দিক। পরে কথা হয় বরাবো মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষকের সঙ্গে। একজন জানালেন, তাঁর সন্তান পড়ছে মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্কুল পর্যায়ে তৃতীয় শ্রেণীতে।অর্থাৎ দেখা যাচ্ছে, শিক্ষকেরা নিজে পাঠদান করেন এমন বিদ্যালয়েও পড়াচ্ছেন না তাঁদের সন্তানদের। নিজেদের সন্তানেরা যাচ্ছে তুলনামূলকভাবে ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে। বরাবো মোহনপুর বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক বলেন, তাঁর ধারণা, এখানকার প্রায় সব (৯৯ শতাংশ) শিক্ষার্থীই অনগ্রসর, বঞ্চিত ও গরিব পরিবারের।মিরপুর ১ নম্বর সেকশনের গুদারাঘাট এলাকার কাজীফরি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১২০০ শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষক আবুল কাসেম এ তথ্য দিয়ে বললেন, শিক্ষার্থীদের বেশির ভাগই বস্তিসহ গরিব পরিবারের। একই চিত্র মোহাম্মদপুরের বছিলা (পুরোনো) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। কেস স্টাডি হিসেবে এ তিনটি বিদ্যালয়ে গিয়ে এ রকম চিত্র পেলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকা মহানগরীর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র একই ধরনের। দরিদ্র পরিবারের সন্তানেরা পড়াশোনা করে বলে এগুলো ‘গরিবের বিদ্যালয়’ হিসেবে পরিচিত হয়ে উঠেছে। বর্তমানে ঢাকা মহানগরীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২৯৬টি। কেন অবহেলা : শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাসহ এ বিষয়ে কাজ করা ব্যক্তিদের সঙ্গে কথা হলে তাঁরা মত দেন, মানসিকতা ছাড়াও এসব বিদ্যালয়ের নানা সমস্যা ও সীমাবদ্ধতার কারণেই সচ্ছল অভিভাবকেরা সন্তানদের এখানে ভর্তি করাচ্ছেন না। এসব বিদ্যালয়ে পড়াশোনার মান নিয়েও প্রশ্ন রয়েছে।তবে শিক্ষার মান বা প্রক্রিয়ার দুর্বলতা অস্বীকার করলেন ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইন্দুভূষণ দেব। তিনি চিহ্নিত করলেন অভিভাবকদের মানসিকতাকেই। প্রথম আলোকে ইন্দুভূষণ দেব বলেন, ‘বিদ্যালয়গুলোতে পড়াশোনা ঠিকই হয়। কিন্তু সচ্ছল অভিভাবকেরা ভাবেন, তাঁদের সন্তানদের এসব বিদ্যালয়ে দিলে তারা রিকশাওয়ালা কিংবা অন্য গরিব পরিবারের বাচ্চাদের সঙ্গে মিশে নষ্ট হয়ে যাবে।’সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বলছেন, এসব বিদ্যালয়ের শিক্ষকদের বেশির ভাগই প্রশিক্ষণপ্রাপ্ত। তাছাড়া নতুন শিক্ষকেরা শিক্ষাগত যোগ্যতায় আগের তুলনায় বেশ এগিয়ে। বরাবো মোহনপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্রা রানী মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিদ্যালয়ে পড়াশোনা কিন্তু ঠিকই ভালো হয়। এবারও একজন মেধা কোটায় ও একজন সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে।’ সমস্যা আর সীমাবদ্ধতা : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি রাজধানীর সচ্ছল অভিভাবকদের অনীহার কারণ নিয়ে বলতে গিয়ে পাঠক্রম ও শিক্ষাদান প্রক্রিয়ার কয়েকটি বিষয় তুলে ধরলেন মোহাম্মদপুর এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে তিনি বললেন, অভিভাবকদের মানসিক সমস্যার পাশাপাশি ‘মৌলিক কিছু সমস্যাও’ রয়েছে। যেমন কিন্ডারগার্টেনসহ অন্যান্য বেসরকারি বিদ্যালয়ে ইংরেজির ওপর জোর দেওয়া হয়। বেশ কিছু সহপাঠ্য বইও পড়ানো হয় সেখানে। আর সরকারি বিদ্যালয়ে কেবল বোর্ডের বই পড়ানো হয়। এ জন্য সচ্ছল অভিভাবকেরা সন্তানদের এগিয়ে রাখার জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করান। দেখা গেছে, সন্তানদের নতুন করে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করার ঝক্কি এড়াতেও অনেকের কাছে মাধ্যমিক বা কলেজ স্তর পর্যন্ত রয়েছে এমন প্রতিষ্ঠান প্রথম পছন্দ।রাজধানীর কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জানান, তাঁদের বিদ্যালয়গুলোতে শিক্ষক ও শ্রেণীকক্ষের অভাবসহ বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। মিরপুরের কাজীফরি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তাঁদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পর্যাপ্ত জায়গা নেই। অথচ এলাকাবাসীসহ সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাজীফরি বিদ্যালয়ের নামে এক একর ৮৫ শতাংশ জমি থাকলেও এর দখলে আছে মাত্র আট থেকে ১০ কাঠার মতো। বাকি জমি স্থানীয় একটি মহল দখল করে রেখেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জায়গা নিয়ে সমস্যা আছে আরও বেশ কিছু বিদ্যালয়ের। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের হিসাব অনুযায়ী ঢাকা মহানগরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর দুই হাজার ৭৭০টি সহকারী শিক্ষক পদের মধ্যে গত এপ্রিল পর্যন্ত ২৩৭টি পদ শূন্য ছিল। প্রধান শিক্ষকের পদ শূন্য আছে ৩৮টি।সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে অনাগ্রহ বিষয়ে মন্তব্য চাইলে শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর জোট ‘গণসাক্ষরতা অভিযান’-এর নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, শিক্ষায় এখন এতই বৈষম্য যে, ভর্তির ক্ষেত্রেও শিক্ষার্থীরা ভাগ হয়ে যাচ্ছে। একেবারে ধনী পরিবারের সন্তানেরা যাচ্ছে ভালো ইংলিশ মিডিয়ামের দিকে, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা যাচ্ছে কিন্ডারগার্টেন ও কিছু পরিচয় পাওয়া ভালো বিদ্যালয়ের দিকে। গরিব অভিভাবকের পক্ষে এসবের খরচ বহন করা সম্ভব নয়। এ জন্য তাঁরা সন্তানদের পাঠাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আরেকটি শ্রেণী যাচ্ছে মাদ্রাসা ও এনজিও পরিচালিত বিদ্যালয়ে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি এ ‘উপেক্ষা ও বৈষম্য’কে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা শিক্ষিত ও সচ্ছল জনগোষ্ঠীর ‘মনের দেউলিয়াপনা’ বলে আখ্যা দেন।রাশেদা কে চৌধুরী একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু উন্নয়নেরও পরামর্শ দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্য বিনিয়োগ বাড়িয়ে বিদ্যালয়গুলোর শ্রেণীকক্ষের দিকে নজর দিতে হবে। অভিভাবকদের সঙ্গে সভা করে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষকেরা কতখানি শিশুবান্ধব সেটাও দেখা দরকার।