সমস্যার শেষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ধরমপাশা ডিগ্রি কলেজটি শিক্ষক, ভবন, নলকূপ, বিদ্যুত্সহ নানা সমস্যায় জর্জরিত। এতে শিক্ষা কার্যক্রম মারত্মকভাবে ব্যাহত হচ্ছে। দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও বাড়েনি সুুযোগ-সুবিধা। ১৯৯৪ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজ ভবনের দুই একর ৮৮ শতাংশ ভূমি সব শ্রেণীর মানুষের অর্থ সহায়তায় ক্রয় করা হয় এবং শুধু জনগণের সাহায্যার্থে গড়ে ওঠে দুটি টিনশেড ভবন, আর ওই ভবনেই চলতে থাকে প্রশাসনিক কাজ। পরবর্তী সময়ে সরকারি অর্থ বরাদ্দের মাধ্যমে দুই তলা নতুন ভবনের নির্মাণকাজ সম্পন্ন হয়। ১৯৯৪ সালে ধরমপাশা ডিগ্রি কলেজটির যাত্রা শুরু হলেও ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে এখানে ডিগ্রি কোর্স চালু করা হয়। সংশ্লিষ্ট কলেজ সূত্রে জানা গেছে, অধ্যক্ষের পদটি ২০০১ সাল থেকে শূন্য রয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে রসায়ন শাস্ত্র, দর্শন ও একজন অফিস সহকারীর পদটিও শূন্য। শিক্ষকসংকটের কারণে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে। এ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীর সংখ্যা ৪৫০। ছাত্রাবাস না থাকায় ওই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অনেক ছাত্রছাত্রী উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের ব্যবহারের জন্য ওই কলেজে দুটি নলকূপ থাকলেও ত্রুটিজনিত কারণে একটি নলকূপ অচল রয়েছে। ছাত্রছাত্রীসহ অন্য সবাইকে বিশুদ্ধ খাওয়ার পানির চাহিদা মেটাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ২০০৪ সালের বন্যায় কলেজ ভবনের পেছনের অংশের ভিটের মাটি সরে যায়। এ ছাড়া বেঞ্চ, চেয়ার ও আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। পরে চাহিদার তুলনায় সরকার কর্তৃক বরাদ্দের স্বল্পতার কারণে এগুলোর অনেক কিছুই সংস্কার করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। এ ছাড়া কলেজে সরকার কর্তৃক একটি কম্পিউটার বরাদ্দ দেওয়া হলেও ২০০৭ সালে এটি চুরি হয়ে যায়। দুই বছর অতিবাহিত হলেও এটির কোনো হদিস মেলেনি। বিদ্যুত্ সংযোগব্যবস্থা না থাকায় প্রচণ্ড গরমে শিক্ষক, শিক্ষার্থীসহ সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হয়। কলেজটিতে সীমানাপ্রাচীর না থাকায় গরু-ছাগল অবাধে প্রবেশ করায় পরিবেশ দূষিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধনচন্দ্র সিংহ রায় বলেন, ‘বিগত দিনে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েও শিক্ষক পাওয়া যায়নি, সম্প্র্রতি পুনরায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। অর্থ সংকটের কারণে কলেজের অনেক উন্নয়ন কার্যক্রম করা সম্ভব হচ্ছে না। এ কলেজটির যাবতীয় সমস্যা সমাধানে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। নানা সমস্যার কথা তুলে ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।’