সমস্যার শেষ নেই নীলফামারী রেলস্টেশনে
নানা সমস্যায় জর্জরিত নীলফামারী রেলস্টেশনটি। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে স্টেশন ভবনটি যেমন জরাজীর্ণ হয়ে পড়েছে, তেমনি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনগুলো পরিত্যক্ত হয়ে গেছে। এতে করে স্টেশন মাস্টার, পোর্টারসহ রেলের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন করতে হচ্ছে প্রায় ২০-২৫ কিলোমিটার দূর থেকে এসে। ব্রিটিশ শাসনামলের নির্মিত শেডটির লোহা-লক্কর ও টিনের বেড়া খোয়া যাচ্ছে। যাত্রী বিশ্রামাগার থাকলেও সেখানে জনবল না থাকায় যাত্রীদের কোনো কাজে আসছে না। ৬ ডিসেম্বর দুপুরে স্টেশনে গিয়ে দেখা গেল, রাজশাহী থেকে ছেড়ে আসা তিতুমীরে ডোমার চিলাহাটি যাওয়ার জন্য বেশ কিছু যাত্রী প্লাটফর্মে দাঁড়িয়ে ও বসে অপেক্ষা করছে। এ সময় চিলাহাটির যাত্রী মঞ্জু (৫০) বললেন, লাইনগুলো সংস্কারের অভাবে এ লাইনে এখন হাতেগোনা দু-তিনটা ট্রেন চলে। এগুলোও সময়মতো আসে না। এখানে যাত্রী বসার কোনো চেয়ার বা বেঞ্চ নেই। নিরাপত্তা বেষ্টনী না থাকায় চোর-পকেটমাররা অবাধে প্লাটফর্মে ঢুকে যাত্রীদের মোবাইল ফোন, টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। রাজশাহী যাওয়ার জন্য টিকিট নিতে আসা সালেহা বেগম (৫৫) বলেন, রাজশাহী নীলফামারী চলাচলকারী তিতুমীর ও বরেন্দ্র ট্রেনগুলো এখন পুরো কালোবাজারিদের দখলে। তারা হিলি ও বিরামপুর থেকে ভারতীয় চিনি, সারসহ অন্য মালামাল ট্রেনে তুলে যাত্রীদের সিটের নিচে ঢুকিয়ে দেয়। কোনো প্রতিবাদও করা যায় না। জিআরপি পুলিশ ট্রেনে থাকলেও তারা দেখেও না দেখার ভান করে। নীলফামারী চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার বলেন, ‘আমাদের এত দিনের দাবির পরিপ্রেক্ষিতে নীলসাগর ট্রেনটিই পেয়েছি। কিন্তু আসন পাই না। এখানে মাত্র পাঁচটি এসি চেয়ার সিট দিয়েছে, কোনো বাথরুম দেয়নি। সে কারণে আমাদের সৈয়দপুর থেকে টিকিট সংগ্রহ করতে হয়।’ তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে চিলাহাটি থেকে সৈয়দপুর পর্যন্ত রেললাইন সংস্কারের দাবি করে আসছি। লাইন সংস্কার করে চিলাহাটিতে রেলের ইয়ার্ড তৈরি হলে এসব সমস্যা থাকবে না।’পোর্টার সফিয়ার রহমান বলেন, এখানে ২১টি আসন বরাদ্দ রয়েছে। তিনি বলেন, এখানে ৫০টা সিট দিলেও কম হবে। গেটম্যান জগন্নাথ ভট্টাচার্জ বলেন, ‘এখানে দুজন গেটম্যান থাকার কথা থাকলেও আমাকে একাই দায়িত্ব পালন করতে হয়।’ নীলফামারী স্টেশন মাস্টার আবুল কাশেম বলেন, ‘খালি শুনি সংস্কার হইবে হইবে। কিন্তু কুন দিন যে হইবে, কাজ শুরু না হওয়া পর্যন্ত বলা যাবে না।’ তিনি বলেন, ‘শুধু লাইনের কাজ নয়, সব কাজই করা দরকার। স্টেশন ভবনের অবস্থা খুবই খারাপ একটু বৃষ্টি হলে কাগজপত্র ভিজে যায়। আবাসিক কোয়ার্টার আছে সবগুলোই পরিত্যক্ত। রেলের মালামাল রাখার গোডাউন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যাত্রী বিশ্রামাগারের বেয়ারার নেই, তিনজন মাস্টারের স্থলে আছি দুজন। আমাকে এই স্টেশনের পাশাপাশি আরও তিনটি স্টেশনের দায়িত্ব পালন করতে হয়। টিকিট সব জায়গায় কম্পিউটারাইজ হলেও এখানে হয়নি। উন্নত সিগনালিং ব্যবস্থা নেই।’