সমস্যায় জর্জরিত পাঁচবিবির হাজি মুহসীন কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক-স্বল্পতা, কক্ষ-সংকট, ছাত্রছাত্রীদের আবাসন-সংকট, একাডেমিক ভবনের অভাব ও পরিবহন সমস্যা নিয়েই চলছে পাঁচবিবির সরকারি হাজি মুহসীন কলেজ। বিভিন্ন সমস্যার কারণে কলেজের ছাত্রছাত্রীদের সুষ্ঠু পাঠদান ব্যাহত হচ্ছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।মজলুম জননেতা প্রয়াত আবদুল হামিদ খান ভাসানীর উদ্যোগে স্থানীয় বিদ্যানুরাগীদের প্রচেষ্টায় ১৯৬৯ সালের ১ জুলাই কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৮২ সালের ১ মে কলেজটি সরকারীকরণ হয়। ২০০৬-০৭ সালে বাংলা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক কোর্স চালু হয়। এ ছাড়া কলেজে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য, কৃষিসহ ১৪টি বিভাগে পাঠদান চালু আছে।সরকারীকরণের পর ২৭ বছর ধরেই কলেজে প্রাণিবিদ্যা বিভাগের সহকারী প্রদর্শকের (ডেমোনেস্ট্রেটর) পদ দুটি শূন্য রয়েছে। আট বছর আগে ক্রীড়াশিক্ষক আকতার উদ্দীনের মৃত্যুজনিত কারণে পদটি শূন্য পড়ে আছে। চার বছর ধরে শূন্য উদ্ভিদবিদ্যা প্রদর্শকের পদ। তিন বছর ধরে খালি আছে পদার্থবিদ্যা বিভাগের প্রদর্শক ও সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগারের পদ।ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী মোসলেমা আক্তার, ফাতেমাতুজ জোহরা, ছাত্র মেহেদী হাসান, গোলাম মোস্তফা ও মো. জহুরুল ইসলাম জানান, তাঁদের বিভাগের দুজন প্রভাষক নেই। এতে পড়াশোনা ব্যাহত হয়। একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. নাজমুল হুদা ও ছাত্রী রোকসানা সুমি জানান, রসায়ন, পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা ও গণিত বিভাগে পাঁচজন সহযোগী অধ্যাপকের পদে শুধু প্রাণিবিদ্যার একজন সহযোগী অধ্যাপক আছেন। এতে সব ক্লাস সব সময় ঠিকমতো হয় না। ফলে চরম সমস্যার সম্মুখীন হতে হয়। কলেজ অফিস সূত্রে জানা যায়, এ কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ শিক্ষকের ৫২টি পদ আছে। এর মধ্যে ২৪টি পদ খালি। সহযোগী অধ্যাপকের আটটি পদের স্থলে আছেন পাঁচজন, তিনজন নেই। বিজ্ঞান বিভাগে কোনো সহযোগী অধ্যাপকের পদ নেই। সহকারী অধ্যাপকের ছয়জনের স্থলে আছেন মাত্র দুজন, চারটি পদ খালি এবং প্রভাষকের ছয়টি পদের মধ্যে একটি খালি। এ কলেজে চারটি প্রদর্শকের পদে কোনো লোক নেই। অধ্যক্ষ লোকমান আলী কলেজের শিক্ষক-স্বল্পতা, কক্ষ-সমস্যা, ছাত্রছাত্রীদের হোস্টেল, পরিবহন ও একাডেমিক ভবনের অভাবে প্রশাসনিক কাজকর্মে জটিলতার কথা স্বীকার করেন। তিনি জানান, কলেজের দ্বিতল একাডেমিক ভবন ব্যবহারের অনুপযোগী। তিনি আরও জানান, শিক্ষক-স্বল্পতা নিরসনের ব্যাপারে ঊর্ধ্বতন মহলে প্রতিমাসে প্রতিবেদন পাঠানো হয়, কিন্তু কোনো সুফল পাওয়া যায় না।