সমস্যায় দিরাই বালিকা বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার নারী শিক্ষার একমাত্র বিদ্যাপীঠ দিরাই বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষক, আসবাবপত্র ও শ্রেণীকক্ষ স্বল্পতার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টিতে বর্তমানে ছাত্রীর সংখা এক হাজার ১১৯ জন। ওই ছাত্রীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র সাত জন। সাত বছর আগে বিদ্যালয়টিতে কম্পিউটার সরবরাহ করা হলেও আজও তা চালু করা সম্ভব হয়নি। বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটি দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরপুর থাকায় দিনের বেলায় মশার যন্ত্রণায় অতিষ্ঠ হতে হয় ছাত্রীদের। সপ্তম শ্রেণীর ছাত্রী ফৌজিয়া আক্তার ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রী চায়রা আক্তার বললো, আমরা এক বেঞ্চে ১০-১২ জন বসে ক্লাস করি। যেদিন ক্লাসের সবাই উপস্থিত হয়, সেদিন দাঁড়ানোর জায়গা পাওয়াই মুশকিল। অভিভাবক লাল মিয়া বলেন, এক সময় আমাদের এই বিদ্যালয়ে লেখাপড়া হতো। ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ে এখন লেখাপড়া নেই। আছে প্রাইভেট পড়ানোর হিড়িক। প্রাইভেট পড়াতে না পারলে মেয়েদের বৈষম্যমূলক আচরণের স্বীকার হতে হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন ফি’র নামে সব সময়ই মেয়েদের কাছ থেকে টাকা আদায় করে। আমাদের মতো গরিবের মেয়েদের লেখাপড়া করানো সম্ভব হবে না। এখন লেখাপড়া টাকার খেলায় পরিণত হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিমাংশু রঞ্জন সরকার বলেন, পাঁচ-ছয় বছর আগে সেকশন অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছি কিন্তু আজও অনুমোদন পাওয়া যায়নি। ছাত্রীদের লেখাপড়ার সুবিধার্থে আমরা এ-বি সেকশন করে পাঠদান করছি; কিন্তু শিক্ষক ও আসবাবপত্র স্বল্পতার কারণে আশানুরূপ পাঠদান দিতে পারছি না। প্রধান শিক্ষকসহ শূন্যপদে চারজন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ছয়শ’ টাকা করে কোচিং ফি নেওয়া হচ্ছে যা প্রতি বছরই নেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা র্কমর্কতা এ কে এম মামুনুর রশিদ বলেন, নিয়োগ আইনে কঠোরতা থাকায় শিক্ষক নিয়োগ দিতে হিমশিম খেতে হয়। স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমি ইতিমধ্যে দিরাই-শাল্লার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ইংরেজি-অংক শিক্ষকদের নিয়ে মিটিং করেছি।’