টিনশেডের সারি সারি চারটি কক্ষ। এর মধ্যে দক্ষিণ পাশের দুইটি কক্ষ নিয়ে থাকেন আনসারের চার সদস্য। উত্তর পাশের বাকি দুইটি কক্ষের একটিতে চিকিত্সক বসেন এবং অপরটি থেকে ওষুধ বিতরণ করা হয়। লোকবল বলতে একজন চিকিৎসক ও একজন সহকারী। বিশ্রামের জন্য কোনো কক্ষ নেই। রোগী পরিবহনের জন্য নেই কোনো অ্যাম্বুলেন্স। অভাব রয়েছে চিকিৎসা-সরঞ্জামের। এই হলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্র।চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা যায়, সোমবার ছাড়া সপ্তাহে ছয়দিন এখানে কাজ চলে। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত সাতটা পর্যন্ত রোগী দেখা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা এখান থেকে চিকিৎসাসেবা নিয়ে থাকেন। জরুরি সেবাও চালু রয়েছে এখানে। ১৪ জানুয়ারি সন্ধ্যায় সরেজমিন দেখা যায়, এখানে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীদের লম্বা লাইন। লাইনে দাঁড়িয়ে থাকা ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ছাত্র জিয়াউল হাসান জানান, তিনি আধাঘণ্টা আগে এখানে এসেছেন। কখন যে চিকিৎসকের দেখা পাবেন তার কোনো ঠিক নেই। তিনি ঠান্ডা, সর্দি ও জ্বরের উপসর্গ নিয়ে এসেছেন। কিন্তু খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থেকে তিনি আরও বেশি অসুস্থ বোধ করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মীর মো. ইকবাল হোসেন বলেন, চিকিৎসাকেন্দ্রটির সেবার মানও যথেষ্ট নয়। এ ছাড়া এটি ক্যাম্পাস থেকে দূরে হওয়ায় প্রায়ই ঝামেলায় পড়তে হয়।চিকিৎসাকেন্দ্রের কর্মকর্তা আহমদ মকসুদ হাসান বলেন, চিকিৎসাসেবা থেকে শুরু করে ক্লার্কের কাজও আমাকেই করতে হয়। সপ্তাহে ছয় দিন বিকেল চারটা থেকে রাত সাতটা পর্যন্ত রোগী দেখতে হয়। এমনকি কখনো রাত তিনটায়ও রোগী দেখতে হয়। চিকিৎসাকেন্দ্রের কাজে গতি আনার জন্য দুজন চিকিৎসক, দুজন চিকিৎসকের সহকারী ও দুজন এমএলএসএস জরুরিভিত্তিতে নিয়োগ দেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।উপাচার্য মো. আবদুল আউয়াল চিকিৎসাকেন্দ্রের জনবল ও অবকাঠামো সমস্যার কথা স্বীকার করে বলেন, চিকিৎসকসহ অন্যান্য জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। আশা করি শিগগিরই এ সমস্যার সমাধান হবে।