সমস্যায় ভরা শাহজীবাজার রাবার বাগান
জনবল-সংকটসহ নানা সমস্যায় জর্জরিত হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজীবাজার রাবার বাগান। অদক্ষ শ্রমিক দিয়ে কষ (রাবার) সংগ্রহ, জ্বালানি কাজে রাবার গাছ ব্যবহার ও কারখানার বর্জ্যের গন্ধে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে এলাকবাসীর অভিযোগ।শাহজীবাজার রাবার বাগান সূত্রে জানা যায়, ১৯৮০ সালে দুই হাজার ৪০ একর ভূমিতে রাবার গাছের চারা রোপণের মধ্যে দিয়ে বাগানের কার্যক্রম শুরু হয়। ১৯৯০ সালে বাগানটিতে রাবার উত্পাদন শুরু হয়। বর্তমানে বাগানের কর্মকর্তা-কর্মচারীর ৩৯টি পদের মধ্যে সহকারী ব্যবস্থাপকের পদসহ গুরুত্বপূর্ণ ২০টি পদই শূন্য। এ ছাড়া চুক্তিভিত্তিক অদক্ষ শ্রমিক দিয়ে কষ সংগ্রহ করায় গাছের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে এখানকার দক্ষ শ্রমিকেরা অভিযোগ করে। ফলে বাগানের রাজস্ব আয় দিন দিন কমে যাচ্ছে।বাগান সূত্রে জানা যায়, দুই লাখ ৭৭ হাজার রাবার গাছের কষ সংগ্রহ করতে কর্মরত শ্রমিক (টেপার) রয়েছে মাত্র ৩৫০ জন। তা ছাড়া দৈনিক মজুরি ভিত্তিতে (ডিএল) কাজ করে আরও ১০০ শ্রমিক (অদক্ষ টেপার)। তাদের প্রতি কেজি রাবার সংগ্রহে তিন টাকা হারে মজুরি দেওয়া হয়। এই মজুরির টাকা বাড়াতে কষের সঙ্গে পানি মিশানো, গাছের ছাল বেশি ওঠানোসহ নানা অনিয়মে জড়িয়ে পড়ে দৈনিক মজুরিতে কাজ করা শ্রমিকেরা। বাগান সূত্রে আরও জানা যায়, ২০০৫-২০০৭ অর্থবছরে রাবার বিক্রি করে রাজস্ব আয় হয় তিন কোটি ৯২ লাখ টাকা। কিন্তু ২০০৮-২০০৯ অর্থবছরে উত্পাদন কমে গিয়ে রাজস্ব আয় হয়েছে মাত্র এক কোটি পাঁচ লাখ টাকা।সরেজমিনে ১২ জানুয়ারি শাহজীবাজার ঘুরে দেখা যায়, রাবারের কষ সংগ্রহ করে তিনটি ধুম ঘরে রাবার সিটে ধোঁয়া দিয়ে শুকানো হচ্ছে। ঘরের চুলায় জ্বালানোর জন্য রাখা হয়েছে রাবার গাছসহ বিভিন্ন গাছ। অন্যদিকে কারখানার সামনে শুকানো হচ্ছে রাবার সিট। শ্রমিকেরা অভিযোগ করেন, কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও অদক্ষ শ্রমিক দিয়ে কষ সংগ্রহ করায় প্রতিবছর বাগানের শত শত গাছ মারা যায়। বাগানের শ্রমিক গোলাম মোস্তফা বলেন, অদক্ষ শ্রমিক দিয়ে কষ সংগ্রহ করায় গাছগুলো মরে যাচ্ছে। কষ সংগ্রহের জন্য যে পরিমাণ গাছের ছাল ছিলার কথা, তা না করে ডিএল শ্রমিকেরা বেশি কষের আশায় অতিরিক্ত ছাল তুলে গাছের জীবন ধ্বংস করে দিচ্ছে। এতে গাছগুলো অল্প বয়সেই মারা যাচ্ছে।তবে গাছ মারা যাওয়া প্রসঙ্গে বাগান ব্যবস্থাপক প্রভাত চন্দ্র দত্ত বলেন, বাগানের ভেতর নয়টি গ্যাসক্ষেত্র থাকায় গাছগুলো মরে যাচ্ছে।শ্রমিক মামুনুর রশিদ বলেন, ‘আমাদের মূল বেতন অনুযায়ী ওভার টাইমের টাকা দেওয়া হয় না। অথচ সুপারভাইজার, ড্রাইভার ও হেলপারদের মূল বেতন অনুযায়ী ওভার টাইমের মজুরি দেওয়া হয়।’ সিলেট জোনের রাবার শ্রমিক ফেডারেশনের সদস্য ও শাহজীবাজার রাবার বাগানের টেনি টেপার মো. শাহজাহান মিয়া বলেন, এ বাগান থেকে কোটি কোটি টাকার রাজস্ব আয় হলেও ৪৪ জন টেনি টেপারের বেতন না বাড়ানোয় তারা মানবেতর জীবন যাপন করছে। এখানে প্রত্যেক টেনি টেপার এক হাজার ৩৫০ টাকা করে বেতন পায়।বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর দরিদ্র কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মহিউদ্দিন আহমেদ বলেন, বাগানের কারখানার বর্জ্য ড্রেন দিয়ে বালু ছড়ায় আসায় গন্ধে জগদীশপুর-শাহজীবাজার সড়কের যাত্রীরা চলাচল করতে পারে না। তিনি আরও বলেন, গন্ধে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।বাগানের শ্রমিক ইউনিয়নের সভাপতি খাদেম বাহার আলী বলেন, আগুনে পোড়ানোর জন্য গাছগুলো বাইরে থেকে টেন্ডারের মাধ্যমে কিনে আনা হয়। কিছু রাবার গাছ যদি থাকে তাহলে এগুলো মরে যাওয়া গাছ।বাগানের সহকারী ব্যবস্থাপক শ্যামল কান্তি দেব বলেন, ধুম ঘরে জ্বালানি কাজে ব্যবহার করা গাছ টেন্ডারের মাধ্যমে কেনা।বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন বলেন, কারখানার বর্জ্যের গন্ধের ব্যাপারে বাগানের জিএম সাহেবকে নিয়ে সভা হয়েছে। এতে সিদ্ধান্ত হয়েছে, বাগানের ভেতরের পুকুর দুটি খনন করে বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।বাগানের ব্যবস্থাপক প্রভাতচন্দ্র দত্ত বলেন, জনবল-সংকট থাকায় কাজের কিছু সমস্যা হয়। পদগুলো পূরণ করতে ঊর্ধ্বতন কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি।