সমস্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সমস্যার আবর্তে ঘুরপাক খাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেট কার্যালয়। লোকবলের সংকট আর প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে অনেকটাই যেন ‘ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার’—এ অবস্থায় পরিণত হয়েছে। ফলে মাদক নির্মূলে প্রতিষ্ঠানটির কার্যকর কিছু করা কঠিন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেটের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মোট ১৪ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে কর্মরত রয়েছেন মাত্র সাতজন। সহকারী উপপরিচালক, সুপারসহ দুটি সিপাহি, দুটি উপপরিদর্শক ও একটি সহকারী উপপরিদর্শকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া সিলেট বিভাগের চার জেলার জন্য রয়েছে চার আসনবিশিষ্ট একটি মাত্র পাজেরো গাড়ি। এ কারণে মাদকবিরোধী অভিযান চালানো কার্যালয়টির পক্ষে রীতিমতো দুষ্কর হয়ে পড়েছে।কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, লোকবল আর গাড়ির সংকটের কারণেই আশাতীত সাফল্য অর্জন করতে পারছে না প্রতিষ্ঠানটি। খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের গত মে মাস পর্যন্ত সিলেটের ১৯৪টি স্থানে অভিযান চালিয়ে ৩০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন কর্মকর্তারা। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো জেলায় অভিযান চালিয়ে দুই শতাধিক মাদক ব্যবসায়ীকে ধরেছেন।