সমাজ-জনগণ বখাটেদের প্রতিরোধ করতে সক্ষম: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সমাজের কিছু বিপথগামী বখাটে সন্ত্রাসীদের আর সহ্য করা হবে না। সমাজ ও জনগণ বখাটেদের প্রতিরোধ করতে সক্ষম।আজ রোববার শিক্ষা দিবস উপলক্ষে ‘ছাত্রীদের নিরাপত্তায় বখাটে-সন্ত্রাসীদের প্রতিরোধ করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে শহীদ মিনারে অনুষ্ঠিত এক সমাবেশে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, যা ধারণা করা হয়েছিল তার চেয়েও বেশি লোক শোভাযাত্রায় অংশ নিয়েছে। লক্ষাধিক জনগণের অংশ নেওয়া থেকেই প্রমাণ হচ্ছে সমাজ ও জনগণ বখাটেদের প্রতিরোধ করতে সক্ষম। তিনি জানান, রাজধানীর মতো একই কর্মসূচি সারা দেশেও পালন করা হয়েছে। আর কর্মসূচির এখানেই শেষ নয়, সক্রিয় প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবার শিক্ষা দিবসটি পালন করা হচ্ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সকাল পৌনে আটটায় নগরের মুক্তাঙ্গন থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শহীদ মিনারে গিয়ে শেষ হওয়া শোভাযাত্রা শেষে উপস্থিত ব্যক্তিদের শপথ বাক্য পাঠ করান শিক্ষামন্ত্রী। তাঁরা ছাত্রী ও নারীর নিরাপত্তার জন্য বখাটেদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শপথ নেন। শপথ নেন নারীর প্রতি মর্যাদাহানিকর কোনো আচরণ না করার।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন, নারীনেত্রী শিরীন আখতার, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর রশীদ, সাংসদ তারানা হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।