সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১২তম বৈঠক অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সমাজসেবা অধিদপ্তরের জেলা পর্যায়ে নিজ নিজ জেলা থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে বিদ্যমান নানা অনিয়ম ও দুর্নীতি তদন্তের জন্য এর আগে আ ক ম বাহাউদ্দিনকে আহ্বায়ক এবং মো. মনিরুল ইসলাম ও মাহজাবীন মোরশেদকে সদস্য করে গঠিত তিন সদস্য বিশিষ্ট সাব-কমিটির সদস্যরা সরাসরি হাসপাতালে গিয়ে অনিয়ম ও দুর্নীতি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন বলে সিদ্ধান্ত হয়।বৈঠকে জানানো হয়, উপকূলীয় অঞ্চলের (সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত) দুর্যোগ ও ঝুঁকিপূর্ণ এলাকায় সরকারের বিভিন্ন ধরনের ভাতা ও অর্থ সহায়তা দেড়গুণ করার লক্ষ্যে বর্তমান ২০১০-১১ অর্থবছরের সংশোধিত বাজেটে অতিরিক্ত এক কোটি ৩২ লাখ ৫৪ হাজার টাকা বরাদ্দ রাখার প্রস্তাব সমাজসেবা অধিদপ্তর থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।পরবর্তী সময়ে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর এটি সংসদে উত্থাপনের জন্য চূড়ান্ত করা হবে বলেও বৈঠকে জানানো হয়।বিগত বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা হয়।কমিটির সদস্য মো. মনিরুল ইসলাম, আবদুল মোমিন তালুকদার, আ ক ম বাহাউদ্দিন, চেমন আরা বেগম, মাহজাবীন মোরশেদ, মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বাসস।