মানছে না ক্ষুদ্রঋণ তদারকি কর্তৃপক্ষ
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধিত এনজিও ক্ষুদ্রঋণ দিতে পারবে না
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধন নেওয়া কোনো বেসরকারি প্রতিষ্ঠান ক্ষুদ্রঋণ কার্যক্রম চালাতে পারবে না। সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্প্রতি এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। এর ফলে দেশের বেশ কিছু ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানের কার্যক্রম আইনি জটিলতায় পড়েছে। এদের ভবিষ্যত্ও অনিশ্চিত হয়ে পড়েছে। এতে ক্ষুদ্রঋণ তদারকি কর্তৃপক্ষের (মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বা এমআরএ) নিবন্ধন দেওয়া নিয়েও বিরোধ তৈরি হয়েছে। ২০০৬ সালে আইন করে ক্ষুদ্রঋণ কার্যক্রম নিয়ন্ত্রণে একটি একক কর্তৃপক্ষ হিসেবে এমআরএ প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদাধিকারবলে এই কর্তৃপক্ষের প্রধান। আইন অনুসারে এমআরএ দেশে প্রচলিত অন্য পাঁচটি আইনের আওতায় ইতিমধ্যেই নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে, তাদের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের নিবন্ধন দিয়ে আসছিল। এগুলো হলো—১৮৬০ সালের দি সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৮২ সালের দি ট্রাস্ট অ্যাক্ট, ১৯৬১ সালের দি ভলানটারি সোশ্যাল ওয়েলফেয়ার এজেন্সিস অর্ডিন্যান্স, ২০০১ সালের সমবায় সমিতি আইন ও ১৯৯৪ সালের কোম্পানি আইন। কয়েক মাস ধরে এতে বাদ সেধেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, ১৯৬১ সালের দি ভলানটারি সোশ্যাল ওয়েলফেয়ার এজেন্সিস অর্ডিন্যান্সের আওতায় যারা নিবন্ধন নিয়েছে, তাদের লিখিত অঙ্গীকার রয়েছে যে, তারা ক্ষুদ্রঋণ কার্যক্রম চালাবে না। ফলে এই আইনে নিবন্ধন নেওয়া বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) ক্ষুদ্রঋণ কার্যক্রমের নিবন্ধন দেওয়া যাবে না। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুন নেসা খানম নিজেও এমআরএর পরিচালনা পর্ষদের সদস্য। পর্ষদ সভাতে এ নিয়ে দফায় দফায় তাঁর সঙ্গে আলোচনা করেও এর সমাধান হয়নি। কোনোভাবেই সমাজকল্যাণ মন্ত্রণালয় তাদের নিবন্ধন নেওয়া এনজিওকে ক্ষুদ্রঋণ কার্যক্রম চালাতে দিতে রাজি নয়।এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুন নেসা খানম প্রথম আলোকে বলেন, ‘এনজিওগুলো ক্ষুদ্রঋণ কার্যক্রম করবে না বলে লিখিতভাবে আমার কাছে অঙ্গীকার করেছে। তারা তাদের শর্ত ভঙ্গ করতে পারে না।’ তিনি আরও বলেন, ‘আমাদের আইনে যারা সনদ নিয়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম চালাচ্ছে, তাদের কী করব, তার চিন্তাভাবনা হচ্ছে। কিছু একটা করতে হবে।’ জানা যায়, অ্যাসোসিয়েশন ফর রুরাল সোসাইটি নামে একটি প্রতিষ্ঠান তাদের নাম পরিবর্তন করে আর্স-বাংলাদেশ নামে নতুন নিবন্ধন নিয়ে সারা দেশে কার্যক্রম চালাতে অনুমতি চাইলে সমাজসেবা অধিদপ্তর তা আটকে দেয়। অধিদপ্তর বলে দিয়েছে, সমাজসেবা অধিদপ্তর থেকে যেসব কার্যক্রম পরিচালনার জন্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর নিবন্ধন দেওয়া হয়, তাতে ক্ষুদ্রঋণ কার্যক্রমটি অন্তর্ভুক্ত নেই। এমনকি অধিদপ্তর থেকে নিবন্ধনের সময় অনুমোদিত গঠনতন্ত্রে বিষয়টি উল্লেখ করা হয় এবং আবেদিত সংস্থাটির কাছ থেকে ঋণ কার্যক্রম না করার অঙ্গীকার নেওয়া হয়।অধিদপ্তর আরও বলেছে, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাগুলো (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১ এর ২(চ) ধারায় তফসিলভুক্ত কার্যক্রমের সঙ্গে ঋণ কার্যক্রম সাংঘর্ষিক। কাজেই সমাজসেবা অধিদপ্তর থেকে স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে নিবন্ধন নেওয়ার পর সম্প্রসারিত কার্যক্রম এলাকায়ও ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করা যাবে না। যদিও ২০০৬ সালের ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইনে ১৯৬১ সালের দি ভলানটারি সোশ্যাল ওয়েলফেয়ার এজেন্সিস অর্ডিন্যান্সের আওতায় সনদপ্রাপ্তদেরও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইনে অন্য সব আইনের ওপর এর প্রাধান্যও দেওয়া হয়েছে। এই আইনটি তৈরির প্রক্রিয়া এবং এত দিন ধরে ক্ষুদ্রঋণ কার্যক্রমের নিবন্ধন দিতে এমআরএর পর্ষদ সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব উপস্থিত থাকতেন। আগে এ নিয়ে আপত্তি ওঠানো হয়নি। কয়েক মাস আগে কামরুন নেসা খানম এ বিতর্ক তোলার আগে এমআরএ ৫০২টি প্রতিষ্ঠানকে ক্ষুদ্রঋণ কার্যক্রম চালাতে নিবন্ধনও দিয়েছেন। যার মধ্যে অন্তত ৭০ শতাংশ প্রতিষ্ঠানই ১৯৬১ সালের দি ভলানটারি সোশ্যাল ওয়েলফেয়ার এজেন্সিস অর্ডিন্যান্সের আওতায় সনদ নিয়ে এনজিও কার্যক্রম চালিয়ে আসছিল।কামরুন নেসা খানম এ নিয়ে বলেন, ‘হতে পারে এত দিন ধরে কেউ আপত্তি করেনি। কিন্তু তাই বলে এখন প্রশ্ন তোলা যাবে না—এটা তো ঠিক নয়।’সমাজকল্যাণসচিব জানান, ফ্রিডম বাংলাদেশ নামে রাজশাহী অঞ্চলে একটি এনজিও ক্ষুদ্রঋণ কার্যক্রম চালাত। জনগণের টাকা-পয়সা নিয়ে তারা দেশের বাইরে চলে গেছে। এখন এর দায়িত্ব কে নেবে। তিনি বলেন, ‘ব্যবসা-বাণিজ্যের জন্য তো আর সমাজকল্যাণ নয়। এনজিও হলো অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। তারা কেন ঋণ কার্যক্রম চালাবে।’এদিকে সমাজকল্যাণ মন্ত্রণালয় তাদের যে আইনের আওতায় নিবন্ধন পাওয়া প্রতিষ্ঠানগুলোর ক্ষুদ্রঋণ কার্যক্রম চালানোর বিষয়ে আপত্তি তুলছে, সেই আইনে এই কার্যক্রম চালানোর ওপর কোনো বিধিনিষেধের কথাও বলা নেই বলে জানা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ১৯৬১ সালে দি ভলানটারি সোশ্যাল ওয়েলফেয়ার এজেন্সিস অর্ডিন্যান্স তৈরির সময় ক্ষুদ্রঋণ কার্যক্রমের ধারণা দেশে ছিল না। ফলে আইনে কোনো বিধিনিষেধ আরোপও করা হয়নি। ২০০৬ সালে ক্ষুদ্রঋণ কার্যক্রমকে নিয়ন্ত্রণের জন্য একক আইন—ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ও এর আওতায় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তৈরি করা হয়। এই কর্তৃপক্ষ অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান।এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক বলেন, ‘আমাদের সংস্থার মধ্যে থেকে আর এর সমাধান করা যাচ্ছে না। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’