সমাজকল্যাণমন্ত্রীর এপিএসের বিরুদ্ধে নানা অভিযোগ
সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের সহকারী একান্ত সচিব মহিউদ্দিন মহারাজের (এপিএস) বিরুদ্ধে জমি জবরদখল, বিভিন্ন ব্যক্তিকে মারধরসহ সন্ত্রাসী তৎপরতা চালানোর অভিযোগ উঠেছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের বাসিন্দা এই মহিউদ্দিন যুবদলের ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার এড়াতে সৌদি আরবে চলে যান তিনি।অভিযোগ উঠেছে, সমাজকল্যাণমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মণীন্দ্র কিশোর মজুমদারের সহায়তায় মহিউদ্দিন এপিএসের পদটি বাগিয়ে নিয়েছেন। আর তাঁকে আওয়ামী লীগে যোগ দিতে সহায়তা করেন পিরোজপুরের সদর আসনের সাংসদ এ কে এম আউয়াল।প্রথম আলোর সঙ্গে আলাপকালে জমি জবরদখলসহ যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মহিউদ্দিন। আর মণীন্দ্র কিশোরও মহিউদ্দিনকে বিভিন্ন অপতৎপরতায় সহায়তার অভিযোগ অস্বীকার করেন। একজন বিতর্কিত ব্যক্তিকে এপিএস নিয়োগ দেওয়ার বিষয়ে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও সমাজকল্যাণমন্ত্রীর প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।তেলিখালী ইউনিয়নের একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, আওয়ামী লীগের এর আগের শাসনামলের (১৯৯৬—২০০১) এক মন্ত্রীর সঙ্গে সখ্য ছিল মহিউদ্দিনের। তবে সে সময় মহিউদ্দিন গোপনে বিএনপির জন্য কাজ করতেন। এরপর চারদলীয় জোট ক্ষমতায় এলে বিএনপির সাংসদ ও মন্ত্রীদের ছত্রচ্ছায়ায় যুবদলের ক্যাডার বনে যান মহিউদ্দিন। দুর্নীতির কারণে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁকে ধরতে এলাকায় একাধিকবার অভিযান চালায় র্যাব ও পুলিশ। গ্রেপ্তার এড়াতে সৌদি আরবে চলে যান মহিউদ্দিন। মহাজোট সরকার ক্ষমতায় এলে মহিউদ্দিন দেশে ফিরে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মিশতে শুরু করেন।জানা যায়, গত বছরের ১০ সেপ্টেম্বর সমাজকল্যাণমন্ত্রীর এপিএস হিসেবে মহিউদ্দিনকে নিয়োগ দেওয়া হয়। এপিএস পদে দায়িত্ব পালন ঝামেলামুক্ত করতে মহিউদ্দিন গত ১৮ মার্চ আওয়ামী লীগে যোগ দেন। অভিযোগ উঠেছে, পিরোজপুরের সাংসদ এ কে এম আউয়াল ও ভান্ডারিয়া থানা আওয়ামী লীগের এক নেতা মহিউদ্দিনকে আওয়ামী লীগে যোগ দেওয়ার সুযোগ করে দেন। সাংসদ আওয়ালকে এক লাখ টাকার একটি স্বর্ণের নৌকাও উপহার দেন মহিউদ্দিন।সাংসদ আওয়াল এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘স্বর্ণের নৌকা দিয়েছে ঠিকই; কিন্তু সেটা আমাকে দেয়নি, দিয়েছে দলকে। ওটা দলীয় কার্যালয়ে রয়েছে।’পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধভাবে জমি দখল ও মারধরের অভিযোগে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব নূর মোহাম্মদ তালুকদার বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর ভান্ডারিয়া থানায় মামলা করেন। মামলায় মহিউদ্দিনকে দুই নম্বর ও তাঁর বাবাকে এক নম্বর আসামি করা হয়। এর আগে গত বছরই জমি জবরদখল এবং কয়েকজনকে মারধরের অভিযোগে মহিউদ্দিনের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় মামলা করেন তেলিখালী ইউনিয়নের বাসিন্দা মোনাব্বর তালুকদার।ভান্ডারিয়ার বাসিন্দা সাবেক যুগ্ম সচিব নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘মহিউদ্দিন ভুয়া কাগজপত্র তৈরি করে এবং তাঁর অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর সহায়তায় ইতিমধ্যে তহশিল অফিসের জমি ও গ্রামের কয়েক ব্যক্তির জমি জবরদখল করেছেন। এ ধরনের অনেক কাগজপত্র আমার কাছে আছে।’ তিনি আরও বলেন, সরকারের উচিত মহিউদ্দিনের নিয়োগ বাতিল করে সন্ত্রাসী কর্মকাণ্ডের মদদদাতা হিসেবে তাঁকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো।উপজেলার ইকড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির আহম্মেদ অভিযোগ করেন, পিএস মণীন্দ্র কিশোরের সহায়তায় মন্ত্রীকে ভুল বুঝিয়ে মহিউদ্দিন এপিএসের মতো একটি গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিয়েছেন।এ ব্যাপারে মণীন্দ্র কিশোর প্রথম আলোকে বলেন, ‘আমি ভান্ডারিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালনকালে কাউকে সন্ত্রাসী বা অন্য কোনো কাজে মদদ দিইনি। আর এপিএস হিসেবে মহিউদ্দিনের নিয়োগের ব্যাপারে আমার কোনো ভূমিকা নেই।’সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় র্যাব-পুলিশের তালিকায় নাম থাকার ব্যাপারে মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি শুনেছি, ওই সময় সরকারের একজন উপদেষ্টা আমাকে ধরতে র্যাব নামিয়েছিলেন।’ এপিএস হিসেবে নিয়োগ পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কয়েকবার মন্ত্রীর কাছে গিয়েছি। আমার যোগ্যতা আছে জেনে মন্ত্রী আমাকে এপিএস হিসেবে নিয়োগ করেছেন।’ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘আমি এখানে সম্প্রতি যোগ দিয়েছি। মহিউদ্দিনের বিরুদ্ধে কয়টি মামলা আছে, তা আমার জানা নেই।’ খাতাপত্র দেখে মামলাগুলোর ব্যাপারে জানানোর অনুরোধ করা হলে ওসি তা জানাতে অনাগ্রহ প্রকাশ করেন।