সমাজকল্যাণে ৭ বছরের ব্যয়ের হিসাব জানতে চেয়েছে সংসদীয় কমিটি
সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে গত সাত বছরে সরকারি কত টাকা ব্যয় করা হয়েছে, তার কোনো হিসাব নেই। সমাজকল্যাণ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি এ ব্যাপারে মন্ত্রণালয়ের কাছে তথ্য চেয়ে ব্যর্থ হয়েছে। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সারা দেশের তথ্য একসঙ্গে করে কমিটিকে দেওয়া হবে।আজ রোববার সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় আগামী এক মাসের মধ্যে সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে সরকারের অর্থ খরচের সামগ্রিক হিসাব দিতে বলা হয়েছে।সভায় জানানো হয়, সমাজকল্যাণ অধিদপ্তর সারা দেশে উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন সমাজকল্যাণ সংগঠনকে অর্থ বরাদ্দ দিয়ে থাকে। মন্ত্রী কিংবা সচিবের অনুমোদনে এ অর্থ বরাদ্দে তেমন কোনো জবাবদিহি নেই। সামাজিক কল্যাণ সাধনের উদ্দেশে বিভিন্ন সংগঠনকে এ অর্থ দেওয়া হয়।কমিটি বলেছে, জবাবদিহির সুযোগ কম থাকায় এ খাতে দুর্নীতি হওয়ার আশঙ্কাও বেশি। তাই এই খাতের হিসাবনিকাশ নজরদারির আওতায় আনতে হবে। সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।সভায় দেশের যেকোনো একটি উপজেলার সমাজসেবা বিভাগের লোকবল ও তাদের দায়িত্ব এবং সরকারি হাসপাতালগুলোতে কর্মরত সমাজসেবা অধিদপ্তরের কাজের ধরন ও তাদের মাধ্যমে কত টাকা বণ্টন করা হচ্ছে, এ সংক্রান্ত দুটি প্রতিবেদন তৈরিরও নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া গুরুত্বপূর্ণ বেসরকারি হাসপাতালগুলো সরকারি অনুদান পাওয়ার শর্তাবলি বাস্তবে পূরণ করছে কি না, পর্যবেক্ষণের জন্য একটি কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়।কমিটির সদস্য মো. মনিরুল ইসলাম, সৈয়দা জেবুন্নেছা হক, আ ক ম বাহাউদ্দিন ও বেগম মাহজাবীন মোরশেদ সভায় অংশ নেন।