সমাজচ্যুত করায় দুই সন্তান নিয়ে গৃহবধূর আত্মাহুতি!
গ্রাম্য সালিসবৈঠকে সমাজচ্যুত হওয়ার ক্ষোভে দুই শিশু সন্তানসহ গৃহবধূ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দিয়েছেন। ওই গৃহবধূর নাম ফেরদৌস আক্তার (৩২)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই শিশু। হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী সুরমা মেইল এক্সপ্রেস হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহাপুর রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে ফেরদৌস আক্তার তাঁর চার সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই ফেরদৌস ও তাঁর মেয়ে বন্যার মৃত্যু হয়। এ ছাড়া তাঁর শিশুপুত্র জীবনকে গুরুতর আহত অবস্থায় মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়। এ ঘটনায় আহত অপর দুই সন্তান ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিত্সাধীন।নিহত ফেরদৌস আক্তারের স্বামীর নাম জিল্লুর মিয়া। তিনি সৌদিপ্রবাসী। গৃহবূধুর বড় ভাই আবদুল বাছির প্রথম আলোকে অভিযোগ করে বলেন, ‘দুই দিন আগে সামাজিক একটি ঘটনাকে কেন্দ্র করে মাতব্বররা সালিস বসায়। তারা ফেরদৌস আক্তারকে সমাজচ্যুত করে। এ ক্ষোভেই সে আত্মহত্যা করেছে। আমি এর ন্যায় বিচার চাই।’ফেরদৌস আক্তারের জা শরিফা বেগম প্রথম আলোকে বলেন, পাশের ঘরের আবদুর ছাত্তারের ছেলে আবদুল কাদিরকে ফেরদৌস ধর্মভাই ডাকতেন। স্বামী বিদেশে যাওয়ার সময় কাদিরকে তাঁর বাড়ি দেখাশোনা এবং হাট-বাজার করে দেওয়ার জন্য অনুরোধ করে যান। এর পর থেকে কাদির তাঁদের ঘরে আসা-যাওয়া করতেন।গত শুক্রবার গ্রামের ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুর রহমানের ভাই ফজলুর রহমান ফেরদৌস আক্তারকে বলেন, ‘তোমাকে মাতব্বররা সমাজচ্যুত করেছে।’ এ ব্যাপারে ফজলুর রহমানের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।আবদুল কাদিরের সত্মা আলিমন নেছা প্রথম আলোকে বলেন, কয়েক মাস আগে কাদির ও ফেরদৌস আক্তারকে গ্রামের কয়েকজন লোক মাধবপুর হাসপাতালে দেখে এসেছে। এতে তাদের গ্রামবাসী সন্দেহ করে। এ বিষয়টিকে কেন্দ্র করে রমজান মাস শুরুর আগে গ্রামে একটি সালিস বসে। সালিসে ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান উভয়কে কান ধরে ওঠবস করিয়েছেন। আন্দিউড়া ইউনিয়নের ইউপি সদস্য আতিকুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুই দিন আগে একটি সালিসে ফেরদৌস আক্তারকে সমাজচ্যুত করা হয়েছে। তবে কান ধরে ওঠবস করার ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, পাঁচজন আলেম এনে মহিলাটিকে তওবা করে সংশোধন হওয়ার জন্য বলা হয়েছে।মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিনুল হক প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে সমাজচ্যুত হওয়ার কোনো খবর তিনি জানেন না।