সমাজবিজ্ঞান বিভাগে চার হাজার শিক্ষার্থীর জন্য শিক্ষক তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সপ্তাহের ১৪টি ক্লাসের মধ্যে নেওয়া হয় চারটি। যার জন্য সিলেবাসের অধিকাংশ পাঠ্যবইয়ের সঙ্গে পরিচয়ই ঘটছে না। বাজারের নোট মুখস্থ করে পরীক্ষায় বসতে হয়। অনেকটা আলো-আঁধারির মধ্যে শেষ হয়ে যাচ্ছে প্রতিটি বর্ষের লেখাপড়া।’ যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রাশিদুল ইসলাম তাঁর বিভাগের পাঠদান সম্পর্কে এসব কথা বলেন।সমাজবিজ্ঞান বিভাগ সূত্রে জানা গেছে, অনার্স, মাস্টার্স ও ডিগ্রি কোর্সের ছাত্রছাত্রী মিলে এ বিভাগে অন্তত দেড় হাজার শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া বাংলা, ইংরেজি, ভূগোল, দর্শন ও ইতিহাসসহ ছয়টি বিভাগের অন্তত আরও দুই হাজার শিক্ষার্থী সিলেবাসের নন-মেজর বিষয় হিসেবে এ বিভাগে ক্লাস করতে আসেন। এ ছাড়া রয়েছে এইচএসসির দুই শতাধিক শিক্ষার্থীর সমাজবিজ্ঞানের ক্লাস। সব মিলে প্রায় চার হাজার শিক্ষার্থীর প্রতিদিন পাঠদান করতে হচ্ছে এ বিভাগের তিনজন শিক্ষককে। এ বিভাগে আটজন শিক্ষকের পদ থাকলেও তিনজনের বেশি শিক্ষক কখনোই থাকেন না। এ ব্যাপারে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আলাউদ্দীন আল আজাদ প্রথম আলোকে বলেন, ‘তিনজন শিক্ষক দিয়ে অন্তত চার হাজার শিক্ষার্থীর পাঠদান করানো অত্যন্ত কষ্টকর। ক্লাস রুটিন অনুযায়ী প্রতিদিন ৩৬টি ক্লাস নেওয়ার কথা। অথচ ১২টির বেশি ক্লাস নেওয়া সম্ভব হয় না। এ জন্য শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস পাচ্ছে না।’কলেজের বাংলা বিভাগেরও একই অবস্থা। ১২ জন শিক্ষকের স্থলে আছেন সাতজন। এই সাতজন শিক্ষককে ১১টি বর্ষের প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থীকে পাঠদান করতে হচ্ছে। সপ্তাহের ৩৬টি ক্লাসের বিপরীতে ২০ থেকে ২৪টি ক্লাস নেওয়া হচ্ছে। এ ব্যাপারে বাংলা বিভাগের এম এ শেষ পর্বের শিক্ষার্থী তাগদীরুল গনি বলেন, ‘অধিকাংশ দিনে দুটি ক্লাসের বিপরীতে একটি নেওয়া হয়। অনেক সময় তাও হয় না।’শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাসংক্রান্ত বিধিমালায় বলা হয়েছে, অনার্স ও মাস্টার্স কোর্স সংবলিত কলেজের প্রতি বিভাগে ১২ জন করে শিক্ষকের পদ থাকতে হবে। অথচ এ কলেজের ১৭টি বিভাগের মধ্যে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল ও পরিবেশ, ইতিহাস, দর্শন ও প্রাণিবিদ্যাসহ নয়টি বিভাগে এখনো ১২ জন শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। দুই বছর আগে এ কলেজে এইচএসসি কোর্স চালু করা হয়েছে। কিন্তু নতুন শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। যে পদগুলো শূন্য রয়েছে তাও পূরণ করা হচ্ছে না। কলেজ সূত্রে জানা গেছে, কলেজের ১৭টি বিভাগের জন্য বর্তমানে শিক্ষকের ১৬০টি পদ রয়েছে। এর মধ্যে ৩১টি পদ শূন্য রয়েছে।এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নতুন পদ সৃষ্টি ও শিক্ষক সংকটের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরের মহাপরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে।’