সমাজে শান্তি বিরাজ করুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দিন ও নববর্ষ উপলক্ষে দেশের সব ভাইবোন ও মানুষকে জানাই আমার খ্রিষ্টীয় শুভেচ্ছা।ঢাকা মহা ধর্মপ্রদেশের ধর্মপালরূপে দায়িত্ব গ্রহণের পর এটাই হচ্ছে আমার প্রথম বড়দিন। বড়দিনের বার্তা হচ্ছে মানুষের মাঝে ঈশ্বরের আগমনবার্তা। এই বার্তা একদিকে অনেক দিনের পুরোনো আবার খুবই চিরনবীন। বড়দিনে নবীনতার অনুভূতি নিয়ে সবার কাছে জানাই অনেক শ্রদ্ধা ও প্রীতিপূর্ণ শুভেচ্ছা। যিশুর জন্মে স্বর্গীয় দূতবাহিনী আনন্দে গেয়ে উঠেছিলেন: ‘জয়, ঊর্ধ্বলোকে পরমেশ্বরের জয়! ইহলোকে নামুক শান্তি, তাঁর অনুগৃহীত সকল মানবের অন্তরে।’ বড়দিনে কামনা করি: শান্তিরাজ প্রভু যিশুর আগমন সব মানবের অন্তরে নিয়ে আসুক শান্তি। প্রতিটি মানব-অন্তর হয়ে উঠুক শান্তির প্রাণ। খ্রিষ্টান সম্প্রদায় হিসেবে আমরা মনে করি, দেশের সবার মঙ্গল কামনা ও প্রার্থনা করা আমাদের দায়িত্ব। তাই আজ বড়দিনে প্রার্থনা করি: প্রভু যিশু সবার জন্য নিয়ে আসুন সত্য পালনে ন্যায়নিষ্ঠা, নিপীড়িতদের জন্য সুবিচার, ক্ষুধার্তদের জন্য অন্ন এবং বন্দীদের জন্য মুক্তি; প্রভু যিশুর আগমনে নুয়ে পড়া মানুষ যেন আবার সোজা হয়ে দাঁড়াতে পারে। বাইবেলের কথা দিয়ে আজ আমি বড়দিনে কামনা করি: ‘মরুভূমি ও মরামাটি এবার পুলকিত হোক! মরুপ্রান্তর উল্লসিত হোক, পুষ্পিত হোক! গোলাপ গাছেরই মতো ভরে উঠুক পুষ্পসম্ভারে! বিপুল উল্লাসে উল্লসিত হোক! উচ্ছ্বসিত হোক আনন্দধ্বনিতে!’ বড়দিনে আপনাদের সবার মধ্যে আসুক জীবনের সরসতা, সজীবতা, শোভা, সৌন্দর্য এবং আনন্দ ও উল্লাস। বড়দিনের সময় গোটা বাংলাদেশমণ্ডলীর ভক্তবিশ্বাসী জনগণের কাছে এই আহ্বান জানাই, যেন তারা নাজারেথের পরিবার ও বেথলেহেমের ক্ষুদ্র সমাজটি নিয়ে আরও গভীরভাবে ধ্যান করেন। প্রার্থনা করি, যেন খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিটি ক্ষুদ্র সমাজ ও পরিবার বেথলেহেম এবং মারিয়া-যোসেফের পরিবারের আদর্শে যিশুকে বরণ করে নিতে পারে।বড়দিন বাস্তব! বড়দিন সত্য! জীবনের সব প্রেম, দয়া, ক্ষমা, মিলন, ন্যায়, সত্য, মঙ্গল ও শুভ—সবকিছুই বড়দিনের বাস্তবতা ও সত্যতা প্রকাশ করে। তাই বড়দিন হচ্ছে জীবনের যা কিছু ‘বড়’ তারই অভিব্যক্তি। আবার সেই সঙ্গে যা কিছু আমাদের শুভ ইচ্ছা ও কামনা তা-ও বড়দিন। তাই বাস্তবতা ও শুভেচ্ছায় বড়দিন হয়ে উঠুক সবার জন্য অর্থপূর্ণ। পরিশেষে বড়দিন নিয়ে আসুক প্রতিটি ঘরে ঈশ্বরের সান্নিধ্য, প্রতিটি ক্ষুদ্র সমাজে সুখ ও আনন্দ, প্রতিটি দেশে ন্যায় ও শান্তি, নববর্ষের প্রতিটি দিনে তা বিরাজ করুক প্রত্যেকের অন্তরে।আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও, সিএসসিধর্মপাল, ঢাকা ধর্মপ্রদেশ