সমাধান জানি না: অর্থমন্ত্রী
পুঁজিবাজার নিয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘পুঁজিবাজার নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি কোনো কথা বললেই নাকি বাজার ধ্বংস হয়ে যায়।’ তবে অর্থমন্ত্রী বলেন, ‘প্রাথমিক বাজার ভালো চললেও সেকেন্ডারি বাজারে সমস্যা এখনো রয়ে গেছে। এই সমস্যার সমাধান কীভাবে হবে—তা আমি জানি না।’ এদিকে পুঁজিবাজারের জন্য গতকাল রোববার গঠিত উপদেষ্টা পরিষদে চেয়ারম্যান তিনি থাকবেন না বলেও জানান অর্থমন্ত্রী। উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে অন্য কাউকে নিয়োগ দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে পরিষদকে ভুলভাবে পরিবেশন করা হয়েছে। আমি এর চেয়ারম্যান না।’ আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, গত দুই-তিন মাসে বাজারের ব্যাপারে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তার মধ্যে আইপিওতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। রাইট শেয়ারও ছাড়া হয়েছে অনেক। সুতরাং, প্রাথমিক বাজার ভালোই চলছে। সমস্যাটা হলো সেকেন্ডারি বাজার নিয়ে। তাহলে কি সেকেন্ডারি বাজারে কারসাজি হয়েছে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করবে না। আমাকে সমালোচনা করা হয়, আমি কথা বললেই নাকি বাজার ধ্বংস হয়ে যায়।’ প্রসঙ্গত, অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে গতকাল ছয় সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠনের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। পুঁজিবাজার-সংশ্লিষ্ট আইনকানুন, বিধিবিধানসহ প্রাসঙ্গিক সব বিষয়ে এ পরিষদ উপদেশ দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।উপদেষ্টা পরিষদ প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, ‘পরিষদ একটা করেছি এই জন্যে যে, আগেই অনানুষ্ঠানিকভাবে এর সদস্যদের কাছ থেকে বুদ্ধি নিতাম। এখন এটাকে সাংগঠনিক রূপ দেওয়া হলো—যাতে নিয়মিত ভিত্তিতে পরামর্শ নেওয়া যায়।’পুঁজিবাজারকে রাজনীতিকীকরণ থেকে দূরে রাখার আহ্বান জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে আন্দোলনরতদের পাশে বিরোধী দলের নেতারা এসেছেন। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে উনারা এখানেও রাজনীতি করছেন।’ অর্থমন্ত্রী মনে করেন, পুঁজিবাজার নিয়ে রাজনীতি বিনিয়োগকারীদের জন্য ভালো কোনো ফল বয়ে আনবে না।বাজারে যাঁরা সংকট তৈরি করেছেন, তাঁদেরই দায়িত্ব দেওয়া হয়েছে ওই সংকট থেকে উত্তরণের জন্য—সরকারদলীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তও বলেছেন, ‘শুঁটকির হাটে বিড়ালকে চৌকিদারির দায়িত্ব দেওয়া হয়েছে।’ এ প্রসঙ্গটি তুলে ধরলে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা কাউকে দায়িত্ব দিইনি। তারা নিজেরাই দায়িত্ব নিয়েছে।’